বন্ধুসভার জন্মদিনে নাচ-গান ও কথামালা

১১ নভেম্বর সতেরো পেরিয়ে আঠারোতে পা দিল প্রথম আলো বন্ধুসভা। জন্মদিন উপলক্ষেÿ নগরের বেশ কয়েকটি স্থানে আনন্দ আয়োজনে মেতে ওঠেন বন্ধুরা। ছিল নাচ-গান, আবৃত্তি ও কথামালা।
১১ নভেম্বর বিকেল পাঁচটায় শুরু হয় চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে জন্মদিনের অনুষ্ঠান। সংগঠনের সভাপতি জয়শ্রী দাশের সঞ্চালনায় এ আয়োজনে কখনো বন্ধুরা গান পরিবেশন করে সুরের ভেলায় ভাসান। আবার কখনো আবৃত্তির মাধ্যমে ছড়িয়ে দেন প্রেম আর দ্রোহ। ছিল নাটিকা, নাচ ও কৌতুক পরিবেশনাও। এসবের ফাঁকে চলে স্মৃতিচারণা। শুরুতে সংগীত পরিবেশন করেন বন্ধু ঋতু বড়ুয়া। গেয়ে শোনান ‘এ কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে’। এরপর একে একে বন্ধুসভা নিয়ে স্মৃতিচারণা করেন জিন্নাহ চৌধুরী. সঞ্জয় বিশ্বাস, শিহাব জিশান, কৌশিক দত্ত, জয়নাল আবেদীন, ইকবাল মাহমুদ প্রমুখ।
এবার আবার গান। তাহমিনা সানজিদা কণ্ঠে ‘ময়ূরকণ্ঠী রাতেরও নীলে’। এ ছাড়া আবৃত্তি করেন ফাহিম উদ্দিন, বেনজির বিনতে শওকত ও রিফাত চৌধুরী। শারমিন আহমেদ পরিবেশিত নাটিকাও আনন্দ দিয়েছে বন্ধুদের। বাবলু চক্রবর্তীর ‘আলগা করো গো খেঁাপার বাঁধন’ ও মুহিবুল আরিফের পরিবেশিত ‘ভুলে গেছি’ গান দুটিও মুগ্ধ করে বন্ধুদের। সবশেষে চট্টগ্রাম বন্ধুসভাকে শুভেচ্ছা জানাতে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার ও সহকারী ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ। সবাই মিলে কেক কেটে আনন্দযজ্ঞের সমাপ্তি টানেন অতিথিরা।
একই দিনদুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জামালখান ক্যাম্পাসে বসে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বন্ধুসভার জন্মদিন উদ্যাপনের আসর। কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রশিদ আহমেদ চৌধুরী। এরপর সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি রোবাকা শমসের, সহসভাপতি সঞ্জয় দাশ, জাহিদ হাসান, সাধারণ সম্পাদক সাজ্জাদ অনিক ও সাহিত্য সম্পাদক তাসনুভা আকবর। বক্তারা বলেন, ‘প্রথম আলো শুধু একটি পত্রিকাতে সীমাবদ্ধ নয়। এ কথাটি জানে সারা পৃথিবীর বাঙালিরা। তাঁরা ঠিক তেমনি জানে বন্ধুসভার নামটিও। সারা দেশে বন্ধুসভার বন্ধুরা প্রতিনিয়ত সামাজিক কাজ করে মনে করিয়ে দিচ্ছেন ‘মানুষ মানুষের জন্য’।
১২ নভেম্বর জন্মদিন উদ্যাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা। বিকেল সাড়ে চারটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় আয়োজন। এরপর একে একে কথামালা নিয়ে মঞ্চে আসেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি ওমর ফারুক মিয়াজী, সহসভাপতি তাসনীম ইমাম, মো. ফাহাদ বিন কাদের ও সাধারণ সম্পাদক পায়েল দত্ত। এরপর কেক কাটা হয়।