বন্ধুসভার জাতীয় সম্মেলন ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর শনিবার, বন্ধুসভার জাতীয় সম্মেলন। সম্মেলনে সারা দেশের সব কটি বন্ধুসভার দুজন করে বন্ধু উপস্থিত থাকবেন। সম্মেলন হবে ঢাকার কারওয়ান বাজার প্রথম আলোর কার্যালয়ের দশম তলায় (সিএ ভবন)।
ইতিমধ্যে বন্ধুদের ই-মেইলে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ব্যাপারে আমাদের নিজস্ব প্রতিবেদক/ প্রতিনিধি সহকর্মী বন্ধুদেরও অবগত করা হয়েছে।
সম্মেলন শুরু হবে সকাল ১০টায়। শেষ হবে বিকেল চারটায়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা বন্ধুসভার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেবেন কারা ঢাকায় সম্মেলনে যোগ দেবেন। আমরা চাই একজন নারী সদস্য ও একজন পুরুষ সদস্য অংশ নেবেন। যারা হবেন বন্ধুসভা কার্যকরী কমিটির সদস্য।
কার্যকরী কমিটি
যাদের কমিটির মেয়াদ শেষ, যাদের কমিটির এক বা একাধিক সদস্য নিষ্ক্রিয়, যাদের আহ্বায়ক কমিটি আছে, তাদের জন্য বলি, দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। নিষ্ক্রিয় সদস্যদের স্থলে সক্রিয়দের অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে চলমান কমিটি পুনর্গঠন করতে হবে।
১০ অক্টোবর থেকে সারা দেশের সব কমিটির মেয়াদ শুরু হবে। সব কমিটির মেয়াদ হবে এক বছর। ১০ অক্টোবরের পর আর কোনো কমিটি করা যাবে না। বিশেষ কোনো কারণে কোনো বন্ধুসভার কমিটি যদি এক, দুই বা তিন মাস পরে হয়, তাহলে সেই কমিটির মেয়াদ এক মাস বা দুই মাস বা তিন মাসের কম হবে। গত বছরগুলোয় সারা বছর ধরেই নতুন কমিটি হতো। সম্মেলনের পর থেকে সেটি আর হচ্ছে না।
সম্মেলনে আসার সময় পূর্ণাঙ্গ কমিটি (লিখিত) নিয়ে আসতে হবে। অনুষ্ঠানের শুরুতে কমিটি জমা দিতে হবে। কার্যকরী কমিটির সদস্যদের যে তথ্যগুলো লাগবে, কমিটির সদস্যের পূর্ণাঙ্গ নাম, টেলিফোন নম্বর, ই-মেইল আইডি (আইডি না থাকলে করে নিতে হবে), পূর্ণাঙ্গ ঠিকানা (যাতে চিঠিপত্র পাঠানো যায়)। পেশা, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ ইত্যাদি।
দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা
আমরা সারা বছর ধরে বিচ্ছিন্নভাবে হুটহাট সিদ্ধান্তে অনুষ্ঠানে অভ্যস্ত। সেটা বদলাতে হবে। তাই বার্ষিক একটি কর্মপরিকল্পনা করে আনতে হবে। সেটাকে সামনে রেখে আমরা কর্মকাণ্ডে এগোতে চাই। আগামী দুই বছরে জোর দেব বইপড়া কর্মসূচি ও বিতর্ক চর্চায়। এক বছরের কর্মসূচি (লিখিত) ঢাকায় সম্মেলনে জমা দিতে হবে। একই সঙ্গে বার্ষিক কর্মসূচিটি বন্ধুসভার প্রচার সম্পাদক অথবা তথ্যপ্রযুক্তি সম্পাদক বন্ধুসভার ই-মেইল আইডিতে ৯ অক্টোবরের মধ্যে পাঠাবেন। সম্মেলনে প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের দুই বছরমেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হবে। একই সঙ্গে ঢাকা মহানগরের (আগের নাম ঢাকা কমিটি) এক বছরমেয়াদি কমিটিও ঘোষণা করার কথা রয়েছে।
সারা দেশের বন্ধুদের ঢাকায় উপস্থিতি, অংশগ্রহণ ও সহযোগিতায় বন্ধুসভা জাতীয় সম্মেলন সফল ও সার্থক হোক। এগিয়ে যাক সারা দেশের সব বন্ধুসভা নতুন উদ্যমে।
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।