বন্ধুসভার বর্ষা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিভেজা দিনে এনায়েত বাজার মহিলা কলেজ প্রাঙ্গণে রঙের ছড়াছড়ি। বাহারি পোশাকে ঠিক সময়ই হাজির বন্ধুসভার সব বন্ধু। ১৩ জুলাই প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম শাখা আয়োজন করে বর্ষা উৎসব ও বন্ধুমেলা। নাচ-গান, আবৃত্তি, ক্যাটওয়াক, নাটক আর আড্ডার আনন্দে মেতে ছিলেন সবাই। সারাবেলা সব বন্ধু মুখর ছিলেন বন্ধুতার জয়গানে। অনুষ্ঠান শুরু হয় গ্রামীণ সাপ খেলা পরিবেশনের মধ্য দিয়ে। এর আগে খুলশী বন্ধুসভার পক্ষ থেকে সব বন্ধুকে হাতে ফিতা পরিয়ে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করা হয়। সাপ খেলা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় প্রথমেই খুদে বন্ধু দীপান্বিতা তিতলী আবৃত্তি করে শোনায় ‘হাট্টিমাটিম টিম’, ‘আতা গাছে তোতা পাখি’ ও ‘ঘুম পাড়ানি মাসি-পিসি’র ছড়া। মহিলা কলেজ বন্ধুসভার বন্ধুরা ‘টুং টাং টুং টাং চুড়ির তালে’ ও ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ গান দুটি পরিবেশন করেন। ‘যাও বলো তারে’ গানের সঙ্গে নেচে বন্ধুদের মাতিয়ে যান পূরবী মজুমদার। এরপর চলে ক্যাটওয়াক। এভাবে কেটে যায় মধ্যাহ্ন বিরতি পর্যন্ত। বিরতির পর বন্ধুরা মেতে ওঠেন ফুটবল খেলায়। দুটি দলে ভাগ হয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এরপর ছিল মেয়ে বন্ধুদের অংশগ্রহণে মিউজিক্যাল চেয়ার খেলা। খেলা শেষে বন্ধুরা আবার যখন ফিরে যায় মঞ্চের পাশে তখন সেখানে বড় পর্দায় ভেসে উঠছিল গত বছরের বর্ষা উৎসবের স্থিরচিত্র ও খুলশী বন্ধুসভার গত বছরের কার্যক্রমের চিত্র। স্থিরচিত্র প্রদর্শনী শেষে শুরু হয় নাটিকা। প্রথমেই খুলশী বন্ধুসভার বন্ধুরা তাদের রোবট নাটিকাটির মাধ্যমে মাতিয়ে তোলে দর্শকদের। এরপর ছিল মালকা বানু-মনু মিয়া নাটিকার প্রদর্শনী। চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের অংশগ্রহণে নুসরাত রিনি নির্দেশিত এ নাটিকায় মনু মিয়া চরিত্রে অভিনয় করেন আলাউদ্দিন খোকন ও মালকা বানু চরিত্রে অভিনয় করেন রিমঝিম আহমেদ। এ ছাড়া বিভিন্ন চরিত্রে ছিলেন মোহাম্মদ রুবেল, তুষার শুভ্র, রিয়াজ সানজীদ, রিমন, শিমু, রুনা প্রমুখ। এ নাটিকার মধ্য দিয়ে শেষ হয় বন্ধুদের জমজমাট মিলনমেলা।