বন্ধুসভার স্বরচিত লেখা পাঠের আসর
কেউ পড়ছেন স্বরচিত কবিতা, কেউ গল্প-প্রবন্ধ কিংবা স্মৃতিকথা। লেখা পাঠে প্রাণবন্ত এক বিকেল। চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের স্বরচিত লেখা পাঠের আসর বসে গত শুক্রবার প্রথম আলো কার্যালয়ে। এবারের আসরে অতিথি ছিলেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার।তিনি বলেন, ‘প্রথম আলোর তরুণ লিখিয়েদের মধ্য থেকেই আগামী দিনের কবি সাহিত্যিকেরা উঠে আসবে। এই সম্ভাবনা আমাদের এক সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তাদেরই। ’প্রথমে শুরু করেন বন্ধু শিক্তা দেউড়ী। তারপর একে একে রাহাত আলী, রানা দাশ, নজরুল ইসলাম, মোহাম্মদ রুবেল, ফাহিম উদ্দীন, মো. শাহজাহান, রাসেল চৌধুরী, রিমঝিম আহমেদ, নুরুন্নাহার বেগম, পুলক দেবদাস ও আলাউদ্দিন খোকন নিজেদের লেখা পাঠ করেন। লেখা নিয়ে চলে আলোচনা। নতুন লেখকদের কিছু ভুল শুধরে দেন জ্যেষ্ঠ বন্ধুরা।এরপর শুরু হয় ইন্টারনেট উৎসবের প্রস্তুতি সভা। এতে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন বন্ধুরা। সব শেষে আগামী ৫ অক্টোবর ম্যাক্সিম গোর্কির মা উপন্যাস নিয়ে পাঠচক্রে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।