বন্য প্রাণী ব্যবস্থাপনার এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনতলা ভবনের দেয়ালে ফাটল ধরেছে। কোথাও কোথাও খসে পড়েছে ইট-সুরকির আস্তর। নিচতলায় পড়ে আছে একটি কাঠের খাঁচা। নগরের ষোলশহরে অবস্থিত বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের চিত্র এটি। প্রয়োজনীয় লোকবল ও অবকাঠামোগত সংকটের কারণে এ কার্যালয়ের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা বন্য প্রাণীকে খাওয়ানো ও পরিচর্যার কোনো ব্যবস্থা নেই এখানে। এমনকি বন্য প্রাণী উদ্ধারে অভিযান পরিচালনার জন্য নেই কোনো জনবল। এ জন্য একটি গাড়ি থাকলেও নেই জ্বালানি তেলের বরাদ্দ। সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ একটি ভবনে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের কাজ চলছে। সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার এসব সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘এসব সীমাবদ্ধতার মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং বিভিন্ন সময় অভিযানও পরিচালনা করেছি। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আরও ভালোভাবে কাজ করা যাবে।’জানা গেছে, ২০০১ সাল থেকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এর আওতায় রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক, বাঁশখালী ইকো পার্ক, চুনতি ও জলদি অভয়ারণ্য।বর্তমানে যে ভবনটিতে বন্য প্রাণী ব্যবস্থাপনা কার্যালয়ের কাজ চলছে, এটি স্থাপিত হয় ১৯৬৪ সালে। তখন এটি ফরেস্ট কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যবহূত হতো। এরপর ছাত্রাবাস স্থানান্তরিত হলে ওই ভবনেই বন্য প্রাণী ব্যবস্থাপনা কার্যালয়ের কাজ শুরু হয়। এত দিনেও ভবনে সংস্কারের ছোঁয়া লাগেনি বলে জানা যায়। সূত্রমতে, এখন এই কার্যালয়ে কর্মরত আছেন একজন ডিএফও, একজন সহকারী বন সংরক্ষক, একজন রেঞ্জ কর্মকর্তা, দুজন ডেপুটি রেঞ্জার, একজন অফিস সহকারী, একজন কম্পিউটার অপারেটর, তিনজন এমএলএসএস, একজন গেটম্যান, একজন নৈশপ্রহরী ও একজন ঝাড়ুদার। লোকবলের ঘাটতি থাকায় এমএলএসএসকে (পিয়ন) চিঠিপত্র টাইপের কাজ করতে হয়। হিসাবরক্ষক নেই বলে বাড়তি দায়িত্ব হিসেবে এ কাজ করছেন কম্পিউটার অপারেটর। জানা যায়, বন বিভাগের অভিযানে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বন্য প্রাণীগুলোকে এখান থেকে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়। কিন্তু এগুলোকে সেখানে পাঠানোর আগ পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রাখা, সংরক্ষণ, খাওয়া-দাওয়া করানোর কোনো ব্যবস্থা নেই এখানে। উপ-বন সংরক্ষক (ডিএফও) জগলুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘২০০১ সালে এ বিভাগটি গড়ে ওঠার পর আমরা সাময়িকভাবে এ ভবনে কাজ চালচ্ছি। শিগগিরই নতুন কার্যালয়ে কাজ শুরু হবে। এ ছাড়া লোকবলসহ অন্যান্য সমস্যা সমাধানের বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’