বন্য প্রাণীর চমকপ্রদ পরিচ্ছন্নতাবোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাছের ওপর থেকে আচমকা বিষ্ঠা বর্ষণ করে পথচারীর জামা নষ্ট করার জন্য যথেষ্ট দুর্নাম আছে পাখিদের। অথচ তারাই আবার নিজেদের বাসার চারপাশ রীতিমতো সাফসুতরো করে রাখে। পাখি ছাড়াও এ রকম সুশৃঙ্খল প্রাণী আরও আছে। পিঁপড়া ও ইঁদুরের বিভিন্ন প্রজাতি থেকে শুরু করে সরীসৃপরা পর্যন্ত নিজস্ব পরিচ্ছন্নতাকে গুরুত্ব দেয়।
উত্তর আমেরিকার এক প্রজাতির নীল পাখি তাদের ছানার মল পাতায় মুড়িয়ে দূরে নিয়ে ফেলে দিয়ে আসে। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ মেলানি গিগুয়েনো বলেন, এই পাখিরা নিজেদের ঘরে দুর্গন্ধ
ছড়ানোর আগেই ‘মলের প্যাকেট’ সরিয়ে ফেলে। এ বিষয়ে তারা খুবই কঠোর শৃঙ্খলা মেনে চলে। খাবারের উচ্ছিষ্ট, বাসা বানানোর পর অপ্রয়োজনীয় খড়কুটো, ডিমের খোসা ইত্যাদিও তারা একইভাবে বাইরে ফেলে। আর সেগুলো এমন দূরে নিয়ে ফেলে, যাতে শিকারি প্রাণীরা দেখে পাখির বাসার হদিস সহজে না পায়।
আবার পিঁপড়ারা সঙ্গীর মরদেহ নিজেদের চলার পথ থেকে সরিয়ে অনেক দূরে ফেলে দেয়। নতুন এক গবেষণায় দেখা যায়, মরা পিঁপড়া না সরালে তা থেকে অন্য পিঁপড়াদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা বেড়ে যায়। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী বের্ট হোল্ডোব্লার এ তথ্য দিয়েছেন।

নেকেড মোল র‍্যাট নামে পরিচিত একধরনের ইঁদুর নিজেদের ঘরের এক কোণে গর্ত করে মলত্যাগের বিশেষ ব্যবস্থা রাখে। গর্ত ভরাট হয়ে গেলে তা মাটি দিয়ে ঢেকে প্রাণীটি নতুন গর্ত খুঁড়ে কাজ চালায়।

উত্তর প্রশান্ত মহাসাগরীয় এলাকার বিষধর সাপ র‍্যাটল স্নেক নিজেদের ত্রিকোণ মাথা ও ঘাড় ব্যবহার করে শিকার এলাকার আশপাশ পরিষ্কার রাখে। প্রাণীটির এ রকম অভ্যাস নিয়ে দ্য সাউথওয়েস্টার্ন ন্যাচারালিস্ট সাময়িকীতে সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।