বন্য প্রাণীর বন্ধু
>

যুক্তরাষ্ট্রে বিশাল তিমি দেখতে গিয়ে শাহরিয়ার সিজার রহমান হন অভিভূত। ২০১১ সালে বান্দরবানে এক বড় মদনটাক পাখি দেখে বাংলাদেশের দুর্লভ বন্য প্রাণীর খোঁজ করায় আগ্রহী হয়ে ওঠেন। তিনি দেশের বন্য প্রাণীদের রক্ষা যেমন করতে চান, তেমনি এদের কথা জানাতে চান বিশ্বকে। বন্য প্রাণীর খোঁজ করা ও সংরক্ষণের উদ্যোগ নিতে সিজার ও তাঁর কয়েকজন বন্ধু-শিক্ষক মিলে গড়ে তুলেছেন ‘ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স’ নামের একটি সংগঠন। পার্বত্য এলাকায় তাঁরা চারটি প্রাথমিক বিদ্যালয়ও গড়ে তুলেছেন, যেখানে সাধারণ পাঠ্যক্রমের সঙ্গে প্রাণী সংরক্ষণের বিষয়ও পড়ানো হয়। সিজার ও তাঁর দল স্বপ্ন দেখে বন্য প্রাণী ও মানুষের যৌথ বসতির। প্রাণীদের জন্য শাহরিয়ার সিজার রহমানের উদ্যোগ নিয়ে এবারের প্রচ্ছদ প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার সময় ২০০৭ সালে একদল বন্য প্রাণী অভিযাত্রীর সঙ্গে তিমি দেখতে গিয়েছিলেন শাহরিয়ার সিজার রহমান। এত্ত বড় প্রাণী দেখে বিস্ময়-ভয়-আনন্দ—তিন অনুভূতি একসঙ্গে পেয়ে বসেছিল তাঁকে। এরপর বন্য প্রাণী দেখা ও বোঝা তাঁর নেশা হয়ে উঠল। বন্য প্রাণী স্বেচ্ছাসেবক হিসেবে গিয়েছেন বিশ্বের অনেক দেশের বনে, সাগরে। বন্য প্রাণী দেখতে দেখতে সিজারের একসময় মনে হলো, তাঁর মাতৃভূমি বাংলাদেশের বন্য প্রাণীদের নিয়ে কাজ করা উচিত। ধনী ও উন্নত দেশগুলো তাদের বন্য প্রাণী রক্ষায় অনেক অর্থ খরচ করছে, প্রতিষ্ঠান নিয়োগ দিচ্ছে। কিন্তু বাংলাদেশে কী হচ্ছে? সেখানে কি কিছু করা যায়?
মদনটাক দিয়ে শুরু
প্রথমে বান্দরবানে যান সিজার। ২০১১ সালে সেখানে বড়সড় এক মদনটাকের মুখোমুখি হলেন তিনি। এত বড় পাখি চোখের সামনে দেখে তাঁর মনে হলো, সিনেমার কোনো প্রাচীন যুগের অতিলৌকিক জগতের মধ্যে চলে এসেছেন। বাংলাদেশে এত বড় পাখি আছে ভাবতেই সিজারের গর্বে বুকটা ভরে গেল। মনে হলো আমাদের পার্বত্য অঞ্চলের বন্য প্রাণীদের জগৎটা এখনো উন্মোচিত হয়নি। এই সম্পদের খোঁজ নিতেই শুরু করেন বান্দরবানের পাহাড়ে-জঙ্গলে, ছড়ায় ঘুরে বেড়ানো।

বন-জঙ্গলের অদ্ভুত সব প্রাণীকে দেখে বেড়ানোর শখ সিজারের সেই ছোটবেলা থেকেই। মানুষ-সভ্যতা-নগরের চেয়ে তাঁর বন-বাদাড়ের অধিবাসীদের বেশি ভালো লাগে, জানালেন সিজার। তাঁকে পাল্টা প্রশ্ন করি, ‘টারজান হতে চেয়েছিলেন?’ ২৯ বছর বয়সী সিজার হেসে এই কথার প্রতি সম্মতিই দিলেন। বাবা সরকারের যুগ্ম সচিব হিসেবে অবসরে গিয়েছেন। তাঁদের স্বপ্ন ছিল, ছেলে বড় হয়ে বিজ্ঞানী বা শিক্ষক হবে। সিজার সেই পথে হাঁটলেন না। তবে বিজ্ঞানী ও শিক্ষকেরা যাতে তাঁর কাজ থেকে রসদ পান, সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন এখন।
দেশের দুর্লভ ও অতিবিপন্ন প্রাণীদের খুঁজে বের করে দেশের মানুষ ও বিশ্ববাসীকে জানানো, এদের রক্ষায় কী করা যায়, তা নিয়েও ভাবেন সিজার। উদ্যোগও নেন। তাঁর বন্য প্রাণী খোঁজার ক্ষেত্রে আরেকটি বিষয় কাজ করেছে, ‘দেশের ভেতরে সৃষ্টি হওয়া সাঙ্গু ও মাতামুহুরীর দুই পাশের মাটি-পানি ও আবহাওয়ায় বেড়ে ওঠা বন্য প্রাণীদের সম্পর্কে জানতে শুরু করলাম। ওই দুই নদীর পাড় ধরে মাসের পর মাস ঘুরে বেড়িয়েছি।’
সিজার ও তাঁর বন্ধুরা
পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার বন্য প্রাণীদের খুঁজে বেড়াতে এবং সংরক্ষণের উদ্যোগ নিতে সিজার এবং তাঁর কয়েকজন বন্ধু ও শিক্ষক-স্থানীয় মানুষেরা মিলে গড়ে তুলেছেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিই) নামের একটি সংগঠন। বন্য প্রাণীপ্রেমী তরুণেরাই মূলত এর সদস্য। দেশের জ্যেষ্ঠ বন্য প্রাণী বিশেষজ্ঞরা এতে রয়েছেন পরামর্শক হিসেবে। এই সংগঠনের একদল সদস্য মিলে বাংলাদেশে আর দেখা যাচ্ছিল না—এমন দুটি প্রজাতির কচ্ছপ খুঁজে পেয়েছেন। পার্বত্য চট্টগ্রাম থেকে বেঙ্গল টাইগার হারিয়ে গেছে বলেই এত দিন ধারণা ছিল। সিজার ও তাঁর বন্ধুরা বান্দরবানের থানচি ও আলী কদমে বেঙ্গল টাইগারের পায়ের ছাপ খুঁজে পেয়ে প্রমাণ করে দিয়েছেন, সেখানে এখনো বাঘের বিচরণ আছে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান সেই সংবাদ প্রকাশও করেছে।
সিজার ও তাঁর বন্ধুরা আরও যেসব প্রাণী দেশে নতুন করে খুঁজে পেয়েছেন, তা নিয়ে বিশ্বের খ্যাতিমান একাধিক জার্নালে ১১টি প্রকাশনাও হয়েছে। হলুদ মাথা ঢোঁড়া সাপ, বন্য গয়াল, মার্বেল চোখের বিড়াল, রামকুকুর, সূর্য ভালুকের মতো প্রাণীদের দেশে কয়েক যুগ ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পার্বত্য চট্টগ্রাম এলাকার দুর্গম পাহাড়ে মাসের পর মাস খুঁজে-ফিরে এসব প্রাণীর ছবি তুলেছেন তাঁরা।
বন্য প্রাণী রক্ষায় সচেতনতা
দুর্লভ বন্য প্রাণীদের খুঁজে পেলে দেশের কী লাভ, তারা না থাকলেই বা দেশের কী ক্ষতি—এই প্রশ্ন তো অনেকেই করেন। তো সিজার এ বিষয়ে কী ভাবেন। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক এই বন্য প্রাণীপ্রেমী বলেন, ‘বাংলাদেশের মানুষ যেমন এখানকার প্রতিবেশব্যবস্থার সৃষ্টি, তেমনি বন্য প্রাণীরাও। এ দেশের সংবিধানে এসব বন্য প্রাণীর অধিকারও নিশ্চিত করা হয়েছে। ফলে প্রতিটি বন্য প্রাণী সম্পর্কে জানা এবং তাদের সংরক্ষণ আমাদের সাংবিধানিক ও রাষ্ট্রীয় দায়িত্ব।’
বন্য প্রাণীদের প্রতি এসব দায়িত্ব পালনের কথা সিজার অবশ্য শুধু বক্তৃতা বা লেখালেখির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। বান্দরবানে প্রকৃতি সংরক্ষণের লক্ষ্য নিয়ে চারটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে তাঁর সংগঠন। সেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি বন্য প্রাণী রক্ষা বিষয়ে সচেতনতা তৈরি করছেন তাঁরা। তাঁর কথা, এমন শিক্ষা দেশের সব কটি শিক্ষাপ্রতিষ্ঠানে থাকলে দেশের বন্য প্রাণীরা অনেক ভালো থাকত।

কিন্তু বন্য প্রাণীরা তো মানুষের ক্ষতি করে, আক্রমণ করে। এমনটাই তো অনেকে মনে করেন। সিজার হেসে উল্টো প্রশ্ন করলেন, ‘বন্য প্রাণীরা মানুষের বসতিতে আসে না। মানুষ গিয়ে কেন বন্য প্রাণীর বসতি দখল করছে, সেই প্রশ্ন তোলা উচিত। পার্বত্য চট্টগ্রামের দু-একটি ঘটনা ছাড়া এ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না, অজগর মানুষ খেয়েছে। আর তার বিষ নেই, ফলে সে ছোবলও দেয় না। মাঝে মাঝে অজগর বসতি এলাকায় এসে হাঁস খেয়ে ফেলে। গৃহপালিত প্রাণী চুরি করে খেয়ে ফেলার অভ্যাস কি শুধুই বন্য প্রাণীদের। মানুষের এই অভ্যাস নেই?’
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিজার তাঁর অজগর সাপ নিয়ে চার বছর ধরে করা গবেষণার প্রসঙ্গ তুলে ধরেন। শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলের পেছনে প্রায়ই অজগর সাপ আসে। লাউয়াছড়াসহ অন্যান্য বনের আশপাশের আবাসিক এলাকায় অজগর সাপ চলে আসার পর বন বিভাগের লোকেরা সেগুলো ধরে নিয়ে আবার বনে ছেড়ে দেন। কিছুদিন পর সাপগুলো আবারও বসতি এলাকায় চলে আসে। এর কারণ হিসেবে সিজার বললেন, এমনও হতে পারে, মানুষ যে জায়গাগুলোতে বসতি গড়েছে, সেখানটাই ছিল ওই সাপগুলোর আদি বাসভূমি। যে কারণে তারা আদি বাড়িতে চলে আসে।
যৌথ বসতি
তাহলে তো মানুষের চেয়ে আপনি বন্য প্রাণীদের জীবনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন—এমনটাও তো অনেকে মনে করতে পারেন। সিজার যে জবাবটা দিলেন, তা ফরাসি দার্শনিক জ্যাঁ পল সার্ত্রের সেই বিখ্যাত উক্তির সঙ্গে মিলে গেল। ‘খাঁচায় আটকে থাকা পাখিটা যদি মুক্ত না হয়, তাহলে আমার নিজের মুক্তিও হবে না।’ সার্ত্রের এই কথার সঙ্গে মিলে গেল সিজারের কথা, ‘এই দেশে বন্য প্রাণীদের রক্ষা করতে না পারলে বন থাকবে না। বন না থাকলে এই দেশের পরিবেশ এমনভাবে ধ্বংস হবে, যাতে সেখানে মানুষের পক্ষেও ভালোমতো বেঁচে থাকা কঠিন হবে।’

তাহলে বন্য প্রাণী ও মানুষের পক্ষে কি মিলেমিশে বাংলাদেশে থাকা সম্ভব? উত্তরে সিজার বলেন, ‘এমন একটি সমাজ আমরা গড়তে চাই। যেখানে মানুষ ভয় পেয়ে পিটিয়ে বাঘ মেরে ফেলবে না। তাদের কাছে কোনো প্রাণীকে অদ্ভুত মনে হলে তাকে হত্যা করবে না। সেটা সম্ভব, যদি মানুষ সচেতন হয়। অনেক ক্ষুদ্র জাতিসত্তা আছে, যারা বন্য প্রাণীদের সঙ্গে একই এলাকায় বসবাস করে। এই শিক্ষাটা দেশের সব মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছে তার সংগঠন। ‘বিশ্বের কাছে মানুষ ও বন্য প্রাণীদের এই যৌথ বসতির মডেল আমরা তুলে ধরতে চাই।’
উন্নয়নের নামে একের পর এক বন ধ্বংসের এই দেশে, নদী-খাল-বিল জলাশয় দূষিত করা ও ভরাট করে দখল করার এই সমাজে সিজারের স্বপ্ন কতটা সফল হবে, তা বলা মুশকিল। দেশের অবশিষ্ট বন্য প্রাণীদের যদি এখনই রক্ষায় এ ধরনের শত শত উদ্যোগ শুরু হয়। তাহলে বন্য প্রাণীরা তাদের জন্য নিয়মিতভাবে প্রতিকূল হয়ে ওঠা এই দেশে কিছুটা হলেও টিকে থাকার আলোকচ্ছটা দেখা দিতেই পারে।