বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের কাকারা ধন্যার ঘোনা এলাকায় ২০ জানুয়ারি রাত ১১টায় বোরো ধানের বীজতলা পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে মো. কাজল (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কাজল পার্শ্ববর্তী উত্তর লক্ষ্যারচরের জিদ্দাবাজার এলাকার মৃত নজির আহমদের ছেলে।পুলিশ ও স্থানীয় বন-কর্মীরা জানান, কাকারা ইউনিয়নের ধন্যার ঘোনা এলাকায় রিজার্ভ বনাঞ্চলের সামান্য দূরে সমতল জমিতে স্থানীয় কৃষকেরা বোরো ধানের বীজতলা তৈরি করেন। ওই বীজতলার চারা এখন রোপণ করার সময় হয়েছে। এতে এলাকার কৃষকেরা বন্য হাতির কবল থেকে বীজতলা রক্ষার জন্য দল বেঁধে পাহারা দিচ্ছিলেন। প্রতিদিনের মতো মো. কাজল ও তার অপর চার সঙ্গী বীজতলা পাহারা দিতে গিয়ে বন্য হাতির কবলে পড়েন। অন্যরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরদিন ২১ জানুয়ারি সকালে বন-কর্মীরা কাজলের মৃতদেহ উদ্ধার করেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কৃষকের লাশ দাফনের জন্য পাঁচ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। তাঁর বিধবা স্ত্রীকে ভাতাও দেওয়া হবে।