বন্য হাতির আক্রমণে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ও ফুলছড়ি গ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ছয়জনের পরিবারকে ছয় লাখ টাকার (জনপ্রতি এক লাখ টাকা) চেক দেওয়া হয়েছে। গত ২৭ মে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিহত ব্যক্তিদের স্বজনদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন ইউএনও আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার বন বিভাগ সদর সার্কেলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. নিয়ামুর রহমান, ঈদগাঁও বন রেঞ্জ কর্মকর্তা বাদল কান্তি দাশ, ফুলছড়ি বন রেঞ্জ কর্মকর্তা ভুপেন মুখার্জি, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের প্রমুখ। ঈদগাঁও ও ফুলছড়ি বন রেঞ্জ কর্মকর্তা বাদল কান্তি দাশ ও ভুপেন মুখার্জি জানান, ২০১০ ও ২০১১ সালে বন্য হাতির আক্রমণে ঈদগাঁও ও ফুলছড়ি গ্রামের মোজাফ্ফর আহমদ (৬০), লেবাস খাতুন (৫০), নুরুল ইসলাম (৫০), রাজা মিয়া (৪২), খুরশিদা বেগম (৪০) ও হাছন আলী (৫০) নিহত হন। ক্ষতিপূরণ হিসেবে নিহত ব্যক্তিদের স্বজনদের এক লাখ টাকা করে চেক দিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। এর আগে বন্য প্রাণীর আক্রমণে নিহত কাউকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিম জানান, বন্য প্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জানমালের ক্ষতিপূরণ নীতিমালা ২০১০ অনুযায়ী ওই ছয়জনকে এক লাখ টাকা করে সরকারি চেক হস্তান্তর করা হয়েছে।