বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্য হাতির তাণ্ডব চলছেই। গত তিন বছরে হাতির আক্রমণে মারা গেছে ২১ জন। ফসল ও সম্পদহানিও বাড়ছে। এ নিয়ে আতঙ্কে আছে পাহাড়ের আশপাশের এলাকার মানুষ।
জানা গেছে, উপজেলার দুর্গম বরইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, খুটাখালী ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের অবস্থান বান্দরবানের লামা উপজেলার পাশে। এসব স্থানে পাহাড় ও বন থেকে লোকালয়ে ঢুকে প্রতিনিয়ত হানা দিচ্ছে বন্য হাতি। এখানকার মানুষের রাত কাটছে নির্ঘুম। কিছু গ্রামে রাত জেগে পাহারা বসানো হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, নির্বিচারে পাহাড় থেকে গাছ কেটে নেওয়া, হাতির আবাসস্থলে বসতি গড়ে ওঠা, বন্য হাতির বসবাসের অনুকূল পরিবেশ ধ্বংস ও খাবারের ক্ষেত্র নষ্ট হওয়ায় শুষ্ক মৌসুমে হাতির পাল লোকালয়ে নেমে আসছে। রাতের আঁধারে লোকালয়ে এসে হামলা করছে বসতবাড়িতে। নষ্ট করছে কৃষকের ধান ও সবজিখেত।
বন বিভাগ, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন বছরে অন্তত ২১ জন হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে। সর্বশেষ গত ২৮ মার্চ হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালা চান্দের বাপেরপাড়া এলাকায় একটি দলছুট বন্য হাতির আঘাতে দেলোয়ার হোসেন (৪) ও আয়েশা বেগম (৫) নামের দুই শিশু নিহত হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি পানের বরজে কাজ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান মোহছেনা বেগম (৫০) নামের এক গৃহবধূ। তিনি হারবাং ইউনিয়নের উত্তর হারবাং গ্রামের বাসিন্দা।
এ ছাড়া ২০১৪ সালে হাতির আক্রমণে মারা যান সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ফাইতং এলাকার মো. শহিদ উল্লাহ (১৮), ফাঁসিয়াখালী ইউনিয়নের কৃষক দলিলুর রহমান (৪২), খুটাখালী ইউনিয়নের গোলঢেবা এলাকার মোস্তফা কামাল (৩০), ফান্ডাছড়ির কিষানি নাসিমা আকতার (৩৮) ও তানজুক কাটার সব্বির আহমদ (৪৫)। ২০১৩ সালে মারা যায় বরইতলী ইউনিয়নের ভিলেজার পাড়ার কৃষক শফি আলম (৩৬), বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গ্রামে শিশু মো. সিনহা (৮), একই ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার কৃষক মিলন কান্তি দাশ (৫৫), খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার কৃষক ছাবের আহমদ (৪৩), লম্বাতলী এলাকার আবদুল কাদের (৫২), ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং এলাকার ব্যবসায়ী লাল্টু মিয়া (৩৭) ও একই এলাকার শিশু নাশিদ রায়হান (১০)। একইভাবে ২০১২ সালেও নিহত হন ছয় ব্যক্তি।
হারবাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বলেন, ২৭ মার্চ রাত থেকে হারবাংয়ের মুকিয়াঘোনার পাহাড়ে কয়েকটি বন্য হাতি অবস্থান নেয়। সেখান থেকে একটি হাতি দলছুট হয়ে ২৮ মার্চ সকালে লোকালয়ে হানা দেয়। এ সময় হাতিটি কৃষক জসিম উদ্দিনের দেড় একর জমির ধানখেত, একটি পাওয়ার টিলার ও একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে দুপুর ১২টায় দুই শিশুকে আছড়ে হত্যা করে। এখন ওই এলাকার লোকজন রাত জেগে পাহারা বসিয়েছে।
কৃষকেরা জানান, প্রতিবছর এ সময়ে হাতির পাল খাবারের খোঁজে গ্রামে আসে। প্রতিবছর হাতির পাল এসে ফসল নষ্ট করলেও হাতির আক্রমণ থেকে রক্ষায় সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
পূর্ব হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিয়দা বড়ুয়া বলেন, গ্রামের কিছু মানুষ হাতির ভয়ে অন্যত্র বসবাস করছেন। আবার কেউ কেউ মশাল জ্বালিয়ে, থালাবাসন পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন। এর পরেও বন্য হাতির আক্রমণ অব্যাহত আছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউপির চেয়ারম্যান আজিমুল হক, বরইতলী ইউপির চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী ও খুটাখালী ইউপির চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, তাঁদের ইউনিয়নগুলোর পাহাড়ে অবৈধ বসতি গড়ে ওঠায় হাতির নিরাপদ আবাসস্থল ধ্বংস হচ্ছে। এতে খাদ্যের অভাবে প্রতিনিয়ত বন্য হাতি লোকালয়ে হানা দিচ্ছে।
এ প্রসঙ্গে চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাস বলেন, ‘আক্রমণের খবর পেলেই বন বিভাগের লোকজন রাইফেল নিয়ে বন্য হাতি তাড়ানোর চেষ্টা করে। তবে বাস্তবতা হচ্ছে, আমরা (লোকজন) হাতির আবাসস্থলে ঢুকে পড়ায় বন্য হাতির পাল বেপরোয়া হয়ে উঠেছে।’ বিপুল কৃষ্ণ দাশ জানান, হাতির আক্রমণে হতাহতদের তালিকা তৈরি করে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।