বন্যা ও তামান্নার ‘শ্রাবণসন্ধ্যা’
মিলনায়তন ভর্তি দর্শক। অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রিয় শিল্পীদের জন্য। ঠিক সন্ধ্যা সাতটায় মঞ্চে আসেন দুই নৃত্যশিল্পী। ‘হূদয় আমার নাচেরে আজিকে’ গানের সঙ্গে নাচ দিয়েই শুরু হয় মূল অনুষ্ঠান। এর আগে বক্তব্য দেন সমাজ সমীক্ষা সংঘের কর্ণধারেরা। গত ৩০ জুলাই নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে দর্শনীর বিনিময়ে ‘শ্রাবণসন্ধ্যা’ অনুষ্ঠানের আয়োজন করে সমাজ সমীক্ষা সংঘ। এতে অংশ নেন রবীন্দ্রসংগীতের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নৃত্যশিল্পী তামান্না রহমান ও তাঁর দল। তামান্না রহমান ও তাঁর দলের পরিবেশনার আবেশ শেষ হতে না হতেই মঞ্চে আসেন রেজওয়ানা চৌধুরী বন্যা। তিনি সবার সঙ্গে কুশল বিনিময়ের পর খুলে দেন গানের ঝাঁপি। ‘আবার এসেছে আশা’, ‘মাধবীলতা দোলে’, ‘মনে কী দ্বিধা রেখে গেলে’, ‘আজি তোমায় আবার চাই শোনাতে’, ‘বহু যুগের ওপার হতে আষাঢ় এলো’সহ আরও বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়েছেন। এর মধ্যে বন্যার গানের সঙ্গে তামান্না রহমানের নাচও হয়েছে। ‘শাওন গগনে ঘোর ঘনঘটা’—রবি ঠাকুরের এ গানের সঙ্গে তামান্নার মণিপুরি নাচ ছিল অসাধারণ। একদিকে সুরের আবেশ, অপরদিকে নূপুরের নিক্বণ—সব মিলিয়ে এক অভূতপূর্ব দৃশ্যপট। অসাধারণ ভালো লাগা ছড়িয়ে পড়ে সবার মনে। তামান্না রহমান ও তাঁর দলের পরিবেশনায় ‘ওরে রাখাল বলে দেবে কোথায় বৃন্দাবন’ গানের সঙ্গে মণিপুরি নাচটি ছিল চমৎকার। ‘ওগো ঘুম জাগানিয়া’, ‘ছিন্ন পাতায় সাজায় তরণী’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘দিবস রজনী আমি যেন কার’, ‘এসো, নীপবনে ছায়াবীথি তলে’ রবীন্দ্রসংগীতগুলোতে বন্যার সঙ্গে সঙ্গে যেন গেয়ে উঠেছিলেন দর্শকেরাও। এর মধ্যে দর্শকের কিছু অনুরোধের গানও করেন তিনি। তারপর ‘ওগো নিঠুর দরদী’ গানটি দিয়ে শেষ করেন তাঁর পরিবেশনা। কিন্তু এত তাড়াতাড়ি কি প্রিয় শিল্পীর গান শুনে মন ভরে? দর্শকেরা চায় আরও শুনতে। কিন্তু সময় তো চলে তার নিজস্ব গতিতে। তাই সে দিনের মতো ‘শ্রাবণসন্ধ্যা’ শেষ হলেও তার রেশ রয়ে যায় দর্শকের মধ্যে। অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ হলেও শুরুতে বিদ্যুৎবিভ্রাটের কারণে বেশ দুর্ভোগে পড়তে হয় শিল্পীসহ সবাইকে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পল্লব গুপ্ত ও সুপর্ণা অ্যানি।