‘দিককূল সড়কটি এ এলাকার রক্ষাবাঁধ। সড়কটি গত বছর বন্যায় বিলীন হয়ে যাওয়ায় ইউনিয়নের পাঁচ গ্রামের তিন হাজার পরিবারের ২০ হাজার মানুষ পানিতে ভাসছিল। আগামী বর্ষা মৌসুমেও ভয়াবহ দুর্ভোগের আশঙ্কায় ছিলাম আমরা। বর্তমানে সড়কটি সংস্কার হওয়ায় সে আশঙ্কা কেটে গেছে। এতে আমরা খুশি।’ কথাগুলো বলছিলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের দিককূল এলাকার বাসিন্দা আহমেদ কবির।মাতামুহুরী নদী থেকে পৃথক হওয়া একটি শাখা খালের পূর্ব পাশে কৈয়ারবিল ইউনিয়নের ইদ্রিছ আহমদ চৌধুরী-দিককূল সড়ক। সড়কটির পূর্ব দিকে রয়েছে মধ্যম কৈয়ারবিল, ছোয়ালিয়াপাড়া, খোঁচাখালী, হাঁছিমারকাটা, দিককূল গ্রাম ও বড়ইতলী ইউনিয়নের একাংশ।জানা যায়, গত বছর বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এলাকার বিভিন্ন রাস্তাঘাট ও ঘরবাড়ির। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয় ইউনিয়নের রক্ষাবাঁধ হিসেবে চিহ্নিত ইদ্রিছ আহমদ চৌধুরী-দিককূল সড়কের। আগামী বর্ষা মৌসুমেও সড়কের পূর্ব পাশের পাঁচ গ্রাম বন্যার তাণ্ডবে ছারখার হয়ে যাবে—এমন আশঙ্কায় ছিলেন এলাকার মানুষ। তাদের সে আশঙ্কা দূর করেছে কারিতাস, কেয়ার বাংলাদেশ ও এসকাস নামের তিনটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রায় দুই কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কার করছে তারা। কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী বলেন, ‘গত বছর বন্যায় দিককূল সড়কের ক্ষতিগ্রস্ত দেড় কিলোমিটার সংস্কারের ব্যাপারে আমরা উপজেলা পরিষদের সঙ্গে যোগাযোগ করি। উপজেলা পরিষদের চেষ্টায় ওই তিন সংস্থা সড়কটি সংস্কারে সাহায্য দিতে রাজি হয়।’ চেয়ারম্যান জানান, সড়কে মাটি ভরাট কাজের জন্য কারিতাস ১২ লাখ ২৬ হাজার টাকা, কেয়ার বাংলাদেশ ৯৬ লাখ টাকা ও এসকাস এক কোটি টাকা সাহায্য দিয়েছে। সড়কের ভেঙে পড়া অংশের উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ থেকে এক লাখ ৭৪ হাজার টাকা মূল্যের আট মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মূল সড়কের কাজ শেষ হয়েছে।