বন্যায় নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা
টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় আমনের বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে উপজেলায় আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সরেজমিনে দেখা গেছে, ছদাহা, কেওচিয়া ও কালিয়াইশ ইউনিয়নে বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে। এতে রয়েছে আমনের অসংখ্য বীজতলা। একই অবস্থা অন্য ইউনিয়নগুলোতেও।
ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকার কৃষক জামাল হোসেন (৫০) বলেন, ‘দুই একর জমিতে আমনের বীজতলা করেছি। এক সপ্তাহ পর বীজতলা থেকে চারাগুলো তুলে নিয়ে জমিতে রোপণ করার কথা ছিল। কিন্তু পানি জমে বীজতলা ডুবে সব চারা পচে গেছে।’ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বন্যার পানিতে ডুবে থাকায় অনেক আমন বীজতলা নষ্ট হয়ে যাবে। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার সাতকানিয়ায় ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আবাদের জন্য ৭০৮ হেক্টরে বীজতলা করা হয়। কিন্তু টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিভিন্ন এলাকার ৫২০ হেক্টর আমন বীজতলা ডুবে গেছে। এতে অনেক বীজতলার চারা পচে নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর রহমান বলেন, টানা ভারী বর্ষণ ও বন্যায় উপজেলার ৫২০ হেক্টর আমন বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। তবে নতুন করে বীজতলা তৈরির জন্য এখনো যথেষ্ট সময় আছে। তাই উপজেলা কৃষি কার্যালয় নতুন করে বীজ সংগ্রহ করার ব্যবস্থা করেছে।