
চারপাশে সবজির সমারোহ। মাঠে মাঠে কৃষকের ব্যস্ততা। যেন সবজি তোলার ধুম পড়েছে। রোদ কড়া হওয়ার আগেই বাজারে যাওয়ার তোড়জোড়।
কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন স্থানে ঘরে চোখে পড়ে এই ব্যস্ততা।
চাষিরা জানান, এবার রবিশস্য লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। দামও পাওয়া যাচ্ছে ভালো। চকরিয়ার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে শীতকালীন সবজি ও রবিশস্য সরবরাহ করছেন তাঁরা। গত বছরের জুন-জুলাই মাসের বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে ফসলের ভালো ফলনে সেই কষ্ট এখন দূর হয়েছে।
৭ ফেব্রুয়ারি সাহারবিল ইউনিয়নের রামপুর এলাকায় সরেজমিনে দেখা গেছে, কৃষকেরা খেত থেকে মরিচ তুলছেন। ছোট গাছগুলো মরিচে ভর্তি। মরিচ ছাড়াও ওই গ্রামে পেঁয়াজ, রসুন, ধনিয়া, ফেলন, আলু, মিষ্টি আলু, সরিষা, চিনাবাদাম ও ভুট্টার চাষ হয়েছে।
রামপুরার মরিচচাষি নজরুল ইসলাম (৩০) বলেন, ‘৪০ শতক জমিতে শুধু মরিচ লাগিয়েছি। খরচ হয়েছে ৯০ হাজার টাকা। ফলন অনেক ভালো হয়েছে। জানুয়ারির শুরুতে ৬০ থেকে ৭০ টাকায় প্রতি কেজি মরিচ বিক্রি করেছি। এখন ২০-২৪ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। ইতিমধ্যে বিক্রির টাকা লাখ পেরিয়েছে।’
একই এলাকার কিষানি ছলিমা খাতুন বলেন, ‘বন্যায় যেভাবে ফসল ভাসিয়ে নিয়েছিল, ঠিক তার দ্বিগুণ ফসল উৎপন্ন হচ্ছে মাঠে।’
পৌরসভার মাতামুহুরীর চর, আমানের চর, আনিসপাড়া, কোনাখালীর পূর্বপাড়া, কৈয়ারবিলের খোজাখালী ও ছোয়ালিয়াপাড়ায়ও ব্যস্ত সময় পার করছেন চাষিরা।
পৌরসভার নুরের বাপেরপাড়া গ্রামের কৃষক মঞ্জুর আলম (৬০) জানান, মাতামুহুরী নদীতে জেগে ওঠা চরে ৮০ শতক জমিতে মরিচ ও টমেটোর চাষ করেছেন। জমি লগিয়ত, বীজতলা তৈরি, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, কীটনাশক ও সার প্রয়োগসহ আনুষঙ্গিক ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। মরিচ ও টমেটো বিক্রি করে ইতিমধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা আয় করেছেন। আরও ৭০ থেকে ৮০ হাজার টাকার ফসল বিক্রির করা যাবে।
চকরিয়া বিমানবন্দর রোড ব্যবসায়ী (আড়তদার) সমিতির সাধারণ সম্পাদক নুরুস শফি বলেন, চকরিয়া থেকে দেশের অন্তত আটটি জেলায় প্রতিদিন সবজি সরবরাহ করা হয়। প্রতিদিন রাত ১২টায় এ এলাকা থেকে সবজি ভর্তি ১০ থেকে ১৫টি ট্রাক চকরিয়া ছেড়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলায় নয় হাজার হেক্টর জমিতে শীতকালীন ও রবিশস্য চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে বন্যার কারণে অনেক জমিতে ধানের চাষ করতে না পারায় আগেভাগে শীতকালীন সবজির চাষ হয়। এ কারণে লক্ষ্যমাত্রার চেয়ে ৫০০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ বলেন, বন্যা–পরবর্তী সময়ে কৃষকেরা হতাশায় ভোগেন, মনোবল হারিয়ে ফেলেন। সব ভুলিয়ে বীজ-সার দিয়ে তাঁদের আবারও মাঠে নামতে উৎসাহিত করা হয়। চকরিয়া উপজেলার অন্তত ৪৫-৫০ গ্রামে চলতি মৌসুমে রবিশস্যের ভালো ফলন হয়েছে। তিনি আরও বলেন, এসব গ্রামে শীতকালীন সবজি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, বরবটি, শিম, মুলা, লালশাক, মিষ্টিকুমড়া, লাউ, ঢ্যঁাড়স, পালংশাক, করলা ও গাজরের বাম্পার ফলনের পর কৃষকেরা রবিশস্য ফলাতে মাঠে নামেন। এর মাধ্যমে কৃষকেরা বন্যার ক্ষতি কাটিয়ে উঠেছেন।