কক্সবাজারের বিভিন্ন উপজেলার বন্যাকবলিত এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে। এখন দুর্গত এলাকায় চলছে ভাঙা ঘরবাড়ি মেরামতের মাধ্যমে নতুন জীবন শুরু করার লড়াই। এদিকে এলাকায় ঘর মেরামতের অন্যতম উপকরণ বাঁশ ও গোলপাতার সংকট দেখা দিয়েছে। কোনো জায়গায় উপকরণ পাওয়া গেলেও অনেকে টাকার অভাবে তা কিনতে পারছেন না। এ কারণে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের লোকজন। জানা গেছে, বিভিন্ন বেড়িবাঁধ ও সড়কের ওপর আশ্রয় নেওয়া অন্তত ২০ হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা সাত দিন স্থায়ী বন্যায় জেলা সদর কক্সবাজার, রামু, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, কুতুবদিয়াসহ বিভিন্ন উপজেলায় ১৬ হাজার ১১৮টি ঘরবাড়ি সম্পূর্ণ বিলীন হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে আরও ৫৪ হাজার ২৮০টি ঘরবাড়ির। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। সূত্র জানায়, এখনো গৃহহীন প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বেড়িবাঁধের ওপর মানবেতর জীবন কাটাচ্ছে।জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী জানান, এ পর্যন্ত জেলার বন্যাকবলিত মানুষের মধ্যে ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, অন্তত ৪০টি গ্রাম থেকে বন্যার পানি প্রায় নেমে গেছে।একমাত্র ঘরটি ধসে পড়ায় অসহায় বোধ করছেন গর্জনিয়ার চাষি মকতুল হোসেন (৪৪)। তিনি বলেন, ‘ঘর মেরামতের জন্য বাঁশ ও গোলপাতা পাচ্ছি না। টিন কেনার টাকাও নেই। তাই পলিথিন দিয়ে মেরামত করে কোনোমতে থাকার ব্যবস্থা করছি।’ মানিকপুর ইউনিয়নের আলতাজ মিয়া (৫৫), আবদুল মজিদ (৩৪) ও কেরামত আলী (৫৬) জানান, বন্যায় ঘরবাড়ি বিলীন হয়ে যাওয়ায় তাঁরা সপরিবারে এলাকার স্কুল, মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। এখন পানি নেমে গেলেও তাঁরা ঘরে ফিরতে পারছেন না। কারণ তাঁদের হাতে ঘর তৈরির টাকা নেই।চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম ও রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি-বেসরকারি সহযোগিতা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা দরকার।