বন্যার্তদের পাশে যশোরসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো যশোর বন্ধুসভার দেওয়া ​ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন বন্যার্ত লোকজন
প্রথম আলো যশোর বন্ধুসভার দেওয়া ​ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছেন বন্যার্ত লোকজন

বন্যার পানিতে ভেসে গেছে যশোরের ভবদহ পাড়ের গ্রামের পর গ্রাম। ঘর-বাড়ি ছেড়ে উঁচু রাস্তায় দুধারে আশ্রয় নিয়েছে অসংখ্য পরিবার। নারী ও শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ।

 ১৯ আগস্ট যশোর বন্ধুসভার বন্ধুরা ২০০ পরিবারের জন্য ত্রাণসামগ্রী নিয়ে ছুটে গেছেন দুর্গত এলাকায়। পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন ত্রাণের প্যাকেট।

যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের মনিরামপুরের চিনাটোলা বাজার থেকে কেশবপুরের মধ্যকুল পর্যন্ত রাস্তার ওপরে আশ্রয় নেওয়া বানে ভাসা মানুষ ত্রাণসামগ্রী পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

কেশবপুরের হাবাসপোল গ্রামের সেলিনা বেগম ত্রাণের প্যাকেট হাতে পেয়ে বলেন, ‘ছোট্ট এট্টা টঙঘরে তিন মাইয়ে (মেয়ে) নিয়ে আমরা পাঁচজন থাকি। বর্ষার পানি ঠেকানোর জন্যে চালের উপরে যে পলিথিন দেওয়া আছে, তা ছিঁড়া গেছে। কেনার টাকাও নেই। আপনাদের ত্রাণের প্যাকেটে থাকা পলিথিনডা খুউব কাজ লাগবেনে। বর্ষা হলে আর রাত জাগে বসে থাকতে হবে না। শুকনো খাবারগুলো পাইয়ে মাইয়েরা খুব খুশি হয়েছে।’

ত্রাণসামগ্রীর প্যাকেটে ছিল চাল, চিড়া, চিনি, মসুরডাল, বিস্কুট, খাওয়ার স্যালাইন, মোমবাতি, দেশলাই এবং বর্ষার পানি ঠেকাতে টংঘরের চালের ওপরে দেওয়ার জন্য ৯৬ বর্গফুটের একটি করে পলিথিন।