মিরসরাইয়ে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে প্রায় ৫০০ একর (২০০ হেক্টর) আমনের বীজতলা। আমনের বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি কার্যালয় সূত্র জানায়, এ ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকার মতো হবে। বীজতলা তৈরি করতে কৃষকদের এখন নতুন করে বিনিয়োগ করতে হবে। কৃষকেরা জানান, চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় আমন রোপার জন্য উপজেলার কৃষকেরা বীজতলা তৈরি করেন। কিন্তু বীজতলা তৈরির এক সপ্তাহের মধ্যে পর পর দুবার বন্যার কারণে বীজতলা নষ্ট হয়ে গেছে। এখন জমিতে আমন ধান লাগাতে হলে নতুন করে বীজতলা তৈরি করতে হবে। এতে তাঁদের সময় ও অর্থ দুই-ই নষ্ট হবে।করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের কৃষক আবুল হোসেন, গেড়ামারা এলাকার হরি ত্রিপুরা, খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া এলাকার নুরনবী, লক্ষণ দাশ ও আবুল কালাম জানান, তাঁদের কাছে রক্ষিত বীজগুলো বসিয়ে ফেলায় এখন বীজ ধানের সংকট দেখা দিয়েছে। বাজারে প্রতিকেজি বীজধান ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় এখন তা-ও পাওয়া যাচ্ছে না। বীজতলার আমন চারাগুলো আগামী আগস্টের শেষ দিকে রোপণ শুরু করার কথা ছিল। কিন্তু বীজতলা নষ্ট হওয়ায় আমন রোপার কাজ আরও পিছিয়ে যাবে। ফলে এর প্রভাব পড়বে বাজারে।মিরসরাইয়ের উপজেলা কৃষি কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, ২০০ হেক্টর বীজতলার চারা দিয়ে প্রায় ২০ হাজার একর জমি আবাদ করা যেত। বীজতলা নষ্ট হওয়ার কারণে কৃষকেরা যেমন ক্ষতির মুখে পড়েছেন, তেমনি আমন আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে।