বন্যায় পটিয়ায় সাড়ে পাঁচ শ হেক্টর আমনের বীজতলা নষ্ট
টানা বর্ষণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার অনেক স্থানে আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজ বপন করে দ্রুত বীজতলা তৈরি করতে না পারলে এ মৌসুমে অনেক কৃষক আর আমন চাষ করতে পারবেন না বলে আশঙ্কা করছেন। তবে স্বল্প সময়ে চারা গজায়—এমন বীজ ইতিমধ্যে কৃষকদের মাঝে বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, এবার পৌরসভাসহ উপজেলার ২২ ইউনিয়নে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আমন আবাদের জন্য ৭০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। কিন্তু এর মধ্যে ৪০০ হেক্টর জমির বীজতলা বন্যায় পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ১৫০ হেক্টর জমির বীজতলা। তবে ভারী বৃষ্টি না হলে কৃষকেরা আবারও বীজতলা তৈরি করতে পারবেন বলে তিনি জানান।
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা তরুণ কুমার চৌধুরী বলেন, আর বৃষ্টি না হলে চলতি মাস পর্যন্ত বীজতলা তৈরি করা যাবে। কৃষকদের মাঝে ইতিমধ্যে বীজ বিতরণ করা হয়েছে। এসব বীজ থেকে অল্প সময়ে চারা গজায়। এ ছাড়া চাষের বিষয়েও কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
কুসুমপুরা ইউনিয়নের কুসুমপুরা গ্রামের কৃষক নুরুল আলম দেড় মাস আগে ২২ শতক জমিতে বীজতলা তৈরি করেছেন বলে জানান। চারাগুলো খেতে রোপণ করার প্রস্তুতি নিচ্ছিলেন যখন, তখনই বন্যায় বীজতলা নষ্ট হয়ে যায়। ফলে এ মৌসুমে আমনের চাষ নিয়েই শঙ্কা দেখা দিয়েছে বলে জানান এই কৃষক। তিনি বলেন, এখন অল্প দিনের মধ্যে ফলন হবে, এ ধরনের বীজ জমিতে রোপণ করতে না পারলে এ মৌসুমে আর আমন চাষ করতে পারব না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে জন প্রতি ৫ কেজি করে ৯৫০ কেজি বীজ বিতরণ করা হয়েছে। বিতরণ করা ব্রি-২৯ জাতের এই আমন বীজ পানিতে নষ্ট হয় না। এক সপ্তাহ আগে বিতরণ করা এসব বীজ থেকেই সপ্তাহ দুয়েক পরেই চারা জন্মাবে। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মধ্যে চারা বিতরণের জন্য বীজতলাও তৈরি করা হচ্ছে বলে তিনি জানান।