বন্যায় ম্লান পাঁচ হাজার পরিবারের ঈদ-আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন বন্যার কারণে ফটিকছড়ি উপজেলার প্রায় পাঁচ হাজার পরিবারের ঈদ-আনন্দ ম্লান হয়ে গেছে। ঈদের আগের দিন রাত থেকে মুষলধারে বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন খাল ও হালদা নদীর ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। এতে এসব এলাকার পরিবারের সদস্যরা ঈদে বেড়ানোর আনন্দ থেকে বঞ্চিত হয়।জানা গেছে, ঈদের আগের রাত থেকে টানা বৃষ্টির কারণে উপজেলার ধুরুং, লেলাং, তেলপারই খাল ও হালদা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘর নষ্ট হয়ে যায়। ভেসে যায় দুই শতাধিক পুকুরের মাছ। ভেঙে পড়ে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা।এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের দিন সোমবার ও পরদিন মঙ্গলবার নাজিরহাট-কাজীরহাট, নারায়ণহাট-মীর্জারহাট, চৌমুহনী-বিবিরহাট, মাইজভান্ডার-বিনাজুরী, নানুপুর-সমিতিরহাট, ছাড়ালিয়াহাট-লেলাং সড়কসহ শতাধিক অভ্যন্তরীণ সড়ক পানিতে ডুবে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেউ কেউ নৌকায় চলাচল করে। এ অবস্থায় এসব অঞ্চলের লোকজন বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের ঈদে বেড়ানোর আনন্দই যেন মাটি হয়ে যায়। বৃষ্টি বন্ধ হলে গত বুধবার থেকে পানি কমতে শুরু করে এবং যোগাযোগব্যবস্থা সচল হয়।সুয়াবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু তালেব চৌধুরী জানান, পূর্ব সুয়াবিল, পশ্চিম সুয়াবিল, ভাঙা দিঘিরপাড় ও মন্দাকিনী গ্রামের বহু পরিবার এবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। অনেকের কাঁচা ঘর ধসে পড়েছে। বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, মসজিদ, কালভার্ট ও রাস্তাঘাট কোমর সমান পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা একপ্রকার বন্ধ হয়ে যায়।মাইজভান্ডার গ্রামের ইউপি সদস্য মো. দিদারুল আলম বলেন, ঈদের দিন বন্যা দেখা দেওয়ায় এলাকার পাঁচ শতাধিক পরিবার উঁচু স্থানে আশ্রয় নেয়। ফিরনি, সেমাই, পায়েস খাওয়া তো দূরের কথা, ঈদের দিনটি তাদের কেটেছে অর্ধাহারে।রোসাংগিরী ইউপির চেয়ারম্যান মো. শফিউল আলম জানান, তাঁর এলাকার শতাধিক পরিবার ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়েছে। এসব পরিবারকে ব্যক্তিভাবে সহায়তা দিয়েছেন তিনি।নারায়ণহাট ইউপির চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, ইউনিয়নের অনেক জায়গা এখনো পানির নিচে। এ ছাড়া শতাধিক পুকুরের মাছ ভেসে গিয়ে কোটি টাকার ক্ষতি হয়েছে লোকজনের। এ কারণে এখনো অনেকের মুখে হাসি নেই।২২ আগস্ট লেলাং ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে দেখা গেছে, বন্যার কারণে বিভিন্ন পরিবারের শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের চোখে-মুখে বিষাদের ছায়া। পরিবারগুলোয় ঈদের দিন ভালো খাবার তো দূরের কথা, অনেকের ঘরে চুলাও জ্বলেনি বলে জানান ভুক্তভোগী ব্যক্তিরা। এলাকার ক্ষতিগ্রস্ত মো. হানিফ জানান, এ পর্যন্ত তিনবার বন্যার শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন তিনি। একই অবস্থা এলাকার জোনায়েদ হোসেন, আবু জাবেরসহ অনেক পরিবারের।কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী জানান, ঈদের দিন রাতে দক্ষিণ কাঞ্চননগর গ্রামের ওস্তাদপাড়া, হামিদপাড়া, শেয়ানপাড়া, ফকিরপাড়া ও বুলবুলিপাড়ায় টর্নেডোর আঘাতে সেমিপাকা, কাঁচা ও মাটির ২৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। প্রাকৃতিক দুর্যোগ, বন্যা মনিটরিং সেলের প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানি বিভিন্ন খাল ও হালদা নদীর ভাঙা অংশ দিয়ে লোকালয়ে ঢোকায় অন্তত পাঁচ হাজার পরিবার ঈদ আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। এ ছাড়া কিছু ঘর ও কাঁচা-পাকা রাস্তা বিধ্বস্ত হয়েছে। দুর্গত ব্যক্তিদের সহায়তার বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।’ফটিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ জানান, বন্যার পানি এখন কমেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১০ কেজি করে চাল এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্ষয়-ক্ষতির বিবরণ সংগ্রহ করে জেলা প্রশাসনে পাঠানো হয়েছে।