বব ডিলানের প্রদর্শনীতে

‘...কিন্তু আমি কী আঁকব? পরে ভাবলাম, ঠিক আছে, হাতের কাছে যা আছে তা-ই দিয়ে শুরু করি না কেন? পেনসিল আর কাগজ নিয়ে টেবিলে বসেছিলাম। এঁকেছিলাম টাইপরাইটার, ক্রসচিহ্ন, গোলাপ, ছুরি, পিন, খালি সিগারেটের বাক্স—এসব। আঁকতে বসে আমি সময়জ্ঞান হারিয়ে ফেলতাম। ঘণ্টার পর ঘণ্টা চলে যেত। আমার মনে হতো এই তো মাত্র বসলাম। নিজেকে যে আমি মহান কোনো চিত্রশিল্পী ভাবছিলাম তা নয়, কিন্তু মনে হচ্ছিল চারপাশের গন্ডগোলের মাঝে আমি একটা শৃঙ্খলা আনার কাজ করছি।...এটা আমার
দৃষ্টিকে বিশুদ্ধ করেছিল। ভাবছিলাম, সামনের দিনগুলোতেও আমার নিজের মতো আঁকাআঁকি আমি চালিয়ে যাব।’
আত্মজীবনী বব ডিলান ক্রনিকলস বইয়ে নিজের আঁকাআঁকির শুরু সম্পর্কে এভাবেই লিখেছেন সংগীত কিংবদন্তি। লন্ডনের একটা চ্যারিটি শপ থেকে কিনেছিলাম বইটা। মাত্র দুই পাউন্ড দামে। তখন বব ডিলানের সাহিত্যে নোবেলপ্রাপ্তি নিয়ে শোরগোল চলছে। জানতাম না, ডিলানের আত্মজীবনীর এই কথাগুলো আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে কদিন পর।
রংতুলির বব ডিলান
‘বব ডিলান কি আসবেন?’ কেমন বোকা বোকা শোনাল প্রশ্নটা। লন্ডনের হ্যালসিয়ন গ্যালারির অভ্যর্থনাকারী মানুষটা হাসলেন। ‘সে রকম কোনো কথা নেই। তবে আবার শেষ মুহূর্তে যদি চলেও আসেন অবাক হওয়ার তো কিছু নেই, তাই না?’
সিংহদরজার সামনে সাঁটা বব ডিলানের বিশাল মুখচ্ছবির দিকে তাকাই। চোখে কালো চশমা। গম্ভীর, একরোখা, ভারিক্কি চেহারা।
আসলে তো খেয়ালি মানুষ তিনি। যদি হুট করে এসে পড়েন, সেটা অভাবনীয় বলা যাবে না কিছুতেই। নিজের আঁকা ছবির প্রদর্শনী বলে কথা।
১২ নভেম্বর ২০১৬। লন্ডনের মে ফেয়ার এলাকা। দাঁড়িয়ে আছি নিউ বন্ড স্ট্রিটের মাঝামাঝি জায়গায়। বিকেল পাঁচটার মতো বাজে। এখানেই চলছে সংগীত কিংবদন্তির ‘দ্য বিটেন পাথ’ শিরোনামে ছবির প্রদর্শনী। এই প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত।
মাস দুয়েক আগের কথা। নোবেল-কর্তারা থেকে শুরু করে সারা দুনিয়া বব ডিলানকে খুঁজেপেতে হিমশিম খাচ্ছিল। সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার আদৌ নেবেন কি নেবেন না, এই নিয়েও ভয়াবহ জল ঘোলা। এর মধ্যে ডিলান সংবাদমাধ্যমে ধরা দিয়েছিলেন তাঁর ‘দ্য বিটেন পাথ’ শিরোনামের এই প্রদর্শনীর সূত্র ধরেই।
বব ডিলানের বিশাল মুখচ্ছবির সঙ্গে দরজার দুপাশে বড় অক্ষরে লেখা ‘দ্য বিটেন পাথ’। সদর দরজা বেয়ে ভেতরে ঢুকে যাই।

প্রদর্শনীর ছবির একটি বড় অংশই মূলত আমেরিকার ল্যান্ডস্কেপ। গলির মোড়ের দোকান, নিয়ন সাইনবোর্ড থেকে শুরু করে ল্যাম্পপোস্ট, আকাশচুম্বী অট্টালিকা, নির্জন মোটেল, নানা কিছু ধরা দিয়েছে সংগীত কিংবদন্তির ক্যানভাসে। ড্রয়িং, জলরং আর অ্যাক্রিলিক তাঁর চিত্রকর্মের মাধ্যম।
ছবিগুলো প্রথমবারের মতো জনসমক্ষে নিয়ে এসেছে লন্ডনের হ্যালসিয়ন গ্যালারি। স্বাভাবিকভাবেই এই প্রদর্শনীর আয়োজন করতে পেরে উচ্ছ্বসিত তারা। জেসিকা পার্কার দাঁড়িয়ে ছিলেন গ্যালারির নিচতলায়। হ্যালসিয়ন গ্যালারির শিল্প পরামর্শক তিনি। বাংলাদেশ থেকে এসেছি শুনে প্রথমে তাঁর চোখ সরু, তারপর উজ্জ্বল হয়ে উঠল।
জেসিকাকে মনে করিয়ে দিলাম ডিলান বাংলাদেশিদের কাছে শুধু একজন শিল্পী নন। তারও চেয়ে অনেক বেশি কিছু। জেসিকা শুনে মাথা নাড়লেন, ‘বুঝতে পেরেছি। সত্যিই তাই। ডিলানের একদম নতুন সব ছবি এখানে। এই প্রদর্শনী আসলে আমাদের জন্যও গর্বের ব্যাপার।’
ডিলানের নিজের হাতে আঁকা ছবি। দরদাম জিজ্ঞেস করতে একটু ভয়ই লাগে। তবু জেসিকাকে জিজ্ঞেস করেই ফেললাম কথাটা।
‘এখানে বড় ছবিগুলোর দাম ২০ হাজার পাউন্ড থেকে শুরু বলা যেতে পারে। শৌখিন সংগ্রাহকদের জন্যও আমরা একটা সুযোগ রেখেছি। ডিলানের নিজের সই করা ছবিগুলোর কপি। খুবই সীমিত সংস্করণ। সেগুলোর দাম ২ থেকে ৩ হাজার পাউন্ডের মধ্যে। এই রাখো আমার কার্ড। যদি চাও এই বিষয়ে আমরা পরে আরও আলাপ করতে পারি।’ সহযোগিতার ইচ্ছার কোনো কমতি নেই জেসিকার। আগেই অবশ্য খেয়াল করেছি বেশির ভাগ ছবির নামের পাশে লাল ফোঁটা বসে গেছে। তার মানে সেগুলো বিক্রি হয়ে গেছে আগেই।
পৃথিবী বব ডিলানকে সংগীতের মানুষ হিসেবে চিনেছে বেশি। কিন্তু রংতুলির শিল্পী হিসেবেও বব ডিলানকে চাইলে মনে রাখা যায়। ইউরোপ-আমেরিকা মিলে এর আগে ডজনখানেকের বেশি ছবির প্রদর্শনী হয়েছে বব ডিলানের। ২০১৩ সালে লন্ডনেই সাড়া ফেলেছিল তাঁর ‘মুড সুইং’ শিরোনামের প্রদর্শনী। চিত্রশিল্পী হিসেবে বব ডিলানের অন্যতম অনুপ্রেরণা তাঁর নিজের জীবন। ‘ইতিহাস, মিথ আর মানুষের বৈচিত্র্য আমাকে শিল্পী হিসেবে দারুণ আকর্ষণ করে।’ বলেছেন বব ডিলান।
এক প্রবীণ জুটি অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলেন ডিলানের আঁকা নগরদৃশ্য। নীল আকাশ ছুঁয়েছে আকাশচুম্বী ভবন। মাঝামাঝি একটা ল্যাম্পপোস্ট, পাশেই সিনেমা হল। সামনে দুজন গুণমুগ্ধ দর্শক। ছবি দেখা শেষে প্রবীণ দম্পতি গেলেন প্রদর্শনীর ক্যাটালগ কিনতে।

গ্যালারির একদম শেষ মাথায় গিয়ে দেখা গেল ডিলানের সংক্ষিপ্ত জীবনী দেয়ালে উৎকীর্ণ। না নোবেল বিজয় নিয়ে কোনো লুকোছাপা নেই সেখানে। দুনিয়াজুড়ে ডিলানের ১১ কোটির বেশি রেকর্ড বিক্রির মতো তথ্যের সঙ্গে বড়সড়ভাবে আছে ২০১৬ সালে নোবেল বিজয়ের তথ্যও।
সন্ধ্যা নামছে। হ্যালসিয়ন গ্যালারির ভিড় বাড়তে শুরু করেছে। শীতলতর হচ্ছে লন্ডন। কিন্তু গ্যালারির ভেতরটা দারুণ উষ্ণ আর চনমনে। সম্ভবত এ সময়ের অন্যতম মহান এক শিল্পীর সৃষ্টির উষ্ণতায়।