বমদের ব্যতিক্রমী বাজার
পাড়ায় ঢোকার মুখে মাচাং। তাতে সারিবদ্ধভাবে সাজানো কলা, পেঁপে, কমলাসহ মৌসুমি ফল। ক্রেতারা আসছেন, দরদাম করছেন। এরপর নৌকায় তুলে নিয়ে যাচ্ছেন পণ্য। সদরের বাজারে না গিয়ে পাড়ায় পণ্য বিক্রির এই ব্যতিক্রমী বাজারব্যবস্থা চালু করেছেন বম সম্প্রদায়ের লোকজন। সম্প্রতি জুরাছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের জগনাছড়ির বমপাড়ায় গিয়ে এ চিত্র চোখে পড়ে।
জগনাছড়ির হেডম্যান রিনলম বম জানান, সামাজিক শৃঙ্খলা রক্ষা, পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও সমতা সৃষ্টির লক্ষ্যে বম সম্প্রদায় প্রবর্তন করেছে ব্যতিক্রমী এই বাজারব্যবস্থা। প্রায় ১২ বছর ধরে চলে আসছে এই কার্যক্রম। সপ্তাহের শুক্র, সোম ও বুধবার রেংখ্যং নদী দিয়ে ব্যবসায়ীরা জগনাছড়ি বমপাড়ায় যান। সেখানে ঘাটের পাশে তৈরি মাচাংয়ে গিয়ে পণ্য দেখে দরদাম ঠিক করে কিনে নিয়ে আসেন।
বাজারে না এসে পণ্যের দাম কীভাবে ঠিক করেন? এ প্রশ্নের জবাবে হেডম্যান রিনলম বম বলেন, ‘আমাদের গ্রামেরই তিন ব্যক্তি মাঝি হিসেবে কাজ করেন। গ্রামের লোকজন তাঁদের উৎপাদিত পণ্য বাগান থেকে নিয়ে এসে ওই তিন মাঝির কাছে জমা দিয়ে যান। আর মাঝিরা সব সময় ফারুয়া, বিলাইছড়ি, কাপ্তাই ও রাঙামাটি বাজারের পণ্যের দামের খেঁাজখবর রাখেন। সে হিসাবে উৎপাদিত ফসল বিক্রি করে উৎপাদকদের টাকা দেওয়া হয়। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন না, উৎপাদকেরাও ন্যায্যমূল্য পান।’ এ ছাড়া পণ্যগুলো মাচাং থেকে খালে নামানোর খরচও স্থানীয় লোকজন পান বলে তিনি জানান।
স্থানীয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পারেন বম জানান, একসময় ব্যবসায়ীরা তঁাদের গ্রামে এসে অবাধে বিচরণ করতেন। যঁাকে যেভাবে পারা যায় টাকা দিয়ে ফসলগুলো নিয়ে যেতেন।
এ ছাড়া দেখা দিত নানা সামাজিক সমস্যা। এ সমস্যা সমাধানের চিন্তা থেকে এ বাজারব্যবস্থার সৃষ্টি।
জানা গেছে, জগনাছড়ি বমপাড়ায় একটি কমিটি রয়েছে। সে কমিটির সভাপতি স্থানীয় হেডম্যান। তিনি সামাজিক বিচার–আচারসহ সামাজিক শৃঙ্খলা রক্ষার কাজগুলো করেন। এমনকি মাঝিরা উৎপাদিত ফসলের টাকা বাগানমালিকদের ঠিকমতো দিচ্ছেন কি না তাও তদারক করেন।
হেডম্যান রিনলম বম বলেন, ‘আমাদের একটি লিখিত আইন আছে। এর বাইরে কেউ যেতে পারে না। আর কোনো কিছু লিখিত আইনে না থাকলে তা গ্রামের মুরব্বিসহ বসে ন্যায়ের ভিত্তিতে যুক্তির বিবেচনায় সমাধান করা হয়।’
জগনাছড়ি বমপাড়ার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের গ্রামে বর্তমানে ৮৬ পরিবারের বসবাস। প্রিতটি পরিবারের রয়েছে কলা, পেঁপে, আম, কমলাসহ নানা ফলের বাগান। মাঝিরা বাগানের ফলমূল বিক্রি করার দায়িত্ব নেওয়ায় তঁারা ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন বলে জানান।