
‘বয়স হয়েছে, এখন এমন উজ্জ্বল রং পরা উচিত নয়।’ আবার সিনেমা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা। একটা বয়সের পর এসব দেখলে অনেকে বলেন, ‘বুড়া বয়সের ভীমরতি’। কিন্তু বয়স হলেই কি বুড়িয়ে যেতে হবে? ৫০ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়ে অনেক নারী নিজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। পরিবারের অন্যদের জন্য তো ভাববেনই, তবে নিজের প্রতিও বাড়তি যত্ন নিতে হবে।
এই যেমন সাজেদা মাহবুব। বয়স ৫০ পেরোলেও মনের বয়স একদম বাড়তে দেননি। দুই মেয়ের মধ্যে বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। নাতি-নাতনিও আছে। সংসারের হাজারো ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করেন। গান শুনতে খুব ভালোবাসেন। বই তাঁর প্রিয় সঙ্গী। সাজেদা মাহবুব বলেন, সংসারে সমস্যা থাকবে। কিন্তু মনে নেতিবাচক প্রভাব ফেলতে দেওয়া যাবে না। মন ভালো রাখতে সাজসজ্জা করতে পারেন। শরীর সুস্থ রাখতে ব্যায়ামও করা উচিত।

যাঁরা কর্মজীবী ছিলেন, এখন অবসর নিয়েছেন। ব্যস্ত দিনগুলোর কথা ভেবে খানিকটা উদাসীন হন বৈকি। এরও সমাধান আছে। তাহমিনা খাতুন যেমন সরকারি চাকরি থেকে ছয় বছর হলো অবসর নিয়েছেন। বাড়িতেই থাকেন বেশির ভাগ সময়। সময় কাটাতে সেলাই করেন। ব্যস্ততার কারণে যেসব আত্মীয়ের বাড়িতে আগে খুব একটা যাওয়া হতো না, এখন ঘুরতে যান সেসব বাসায়। তাঁদের নিমন্ত্রণ করেন। সব মিলিয়ে তাঁর সময়গুলো বেশ কেটে যায়। বয়স হয়েছে, এটা মনেই থাকে না তাঁর।
তবুও অনেকে একাকিত্বে ভোগেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ঝুনু শামসুন নাহার বলেন, ‘ছেলেমেয়েরা বড় হয়ে গেলে অনেক মা-ই একা হয়ে পড়েন। এ রকম সময় নিজেকে নানা কাজে ব্যস্ত রাখা যেতে পারে। যেসব কাজ করলে মন ভালো থাকে, সেগুলো নিয়ে বড় পরিসরে কাজ শুরু করা যেতে পারে।’ যাঁরা চাকরিজীবী, তাঁরা অফিসের বিভিন্ন বিষয়ে নিজেকে আরও বেশি সম্পৃক্ত করতে চেষ্টা করুন। এভাবে কাজের ক্ষেত্রেও পাবেন সাফল্য, একাকিত্ব থেকেও মিলবে মুক্তি।
সমাজসেবামূলক কাজে অংশ নিতে পারেন, অসহায় মানুষের জন্য কিছু করলে মনেও আসবে প্রশান্তি। ছেলেমেয়েরা বিদেশে থাকলে ঘুরে আসতে পারেন তাঁদের কাছ থেকেও। পুরোনো বন্ধুদের খোঁজ নিয়ে দেখুন না একবার, তাঁদের একদিন ডাকুন না-হয় নিজের বাসায়। এ বয়সেও গল্প-আড্ডায় মেতে উঠতে খারাপ লাগবে না নিশ্চয়ই।
গান গাইতে হয়তো ভালোবাসতেন একসময়, সেই চর্চা শুরু তো করতেই পারেন আবার। বই পড়লেও সময়টা ভালো কাটবে। সাজতে হয়তো ভালোবাসতেন একসময়। এখন ভাবেন, বয়স হয়ে গেছে, আর কি এসব সাজপোশাক মানায়? অনায়াসে সাজতে পারেন এখনো, যেতে পারেন রূপচর্চাকেন্দ্রে। নিজের জন্য মানানসই সেবাগুলোই না-হয় গ্রহণ করলেন সেখান থেকে। পোশাকের ক্ষেত্রে শুধু হালকা রং পরতে হবে, এমন কোনো কথা নেই। গাঢ়-উজ্জ্বল রঙের পোশাক পরতে পারেন।
একটা বয়সের পর এসে হরমনজনিত কিছু সমস্যা হতে পারে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক নূর সাঈদা জানালেন, ‘এ সময় পিঠে ব্যথা, বুকে ব্যথা, মাসিকের বিভিন্ন সমস্যার পাশাপাশি হঠাৎ প্রচণ্ড গরম লেগে ওঠা এবং খুব ঘাম হওয়ার সমস্যা হতে পারে। সমস্যার মাত্রা বাড়তে থাকলে চিকিৎসকের শরণাপন্ন হন। তেমন কোনো সমস্যা মনে না করলেও নিজেই নিয়মিত নিজের স্তন পরীক্ষা করুন, নিয়মিত করান ম্যামোগ্রাফি এবং স্তনের আল্ট্রাসনোগ্রাফি। রক্তের চর্বি এবং শর্করার পরিমাণও জেনে নিন এক বছর অন্তর।’
আসল কথা হলো, শরীরের বয়স বাড়ছে, এটি ভুলে যান। হাসিখুশি সুস্থ থাকলে মন প্রফুল্ল থাকবে। দেখবেন মনটা একদম তরুণই আছে।