বরইছড়িতে কল ঘোরালেই পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার বরইছড়ির বাসিন্দারা দীর্ঘদিন পর পানির কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। এলাকায় ১০টি টিউবওয়েল থাকলেও বর্ষা মৌসুম ছাড়া বছরের অন্য সময়ে পানি থাকত না। এলাকার বাসিন্দারা গোসল, কাপড় ধোয়াসহ প্রয়োজনীয় কাজ সারতেন নদীতে গিয়ে। তবে এখন তাঁরা ঘরেই কলের পানি পাচ্ছেন।বরইছড়ির বাসিন্দাদের পানির কষ্ট দূর করতে এগিয়ে এসেছেন এলাকার উদ্যোগী ব্যক্তি আবুল কালাম। পানির পাম্প বসিয়ে কর্ণফুলী নদী থেকে পানি তুলে নলের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছেন তিনি। এলাকার শতাধিক পরিবার এখন ঘরে বসে কল খুললেই পানি পাচ্ছেন।বরইছড়ির বাসিন্দারা পানির সমস্যা দূর করার জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে অনেকবার আবেদন জানিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি দিলেও সংকট দূর করতে কেউ এগিয়ে আসেননি। অবশেষে স্থানীয় বাসিন্দা আবুল কালাম এই সমস্যা দূর করতে এগিয়ে আসেন। এ জন্য তিনি আগ্রহী পরিবারগুলোর কাছ থেকে চার হাজার করে টাকা নিয়ে সমিতি গড়ে তোলেন। সমিতির টাকা দিয়ে কেনেন পানির পাম্প।ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংলাচিং মারমা জানান, সরকারি সহযোগিতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে কর্ণফুলী নদীতে পানির পাম্প বসানো হয়। প্লাস্টিকের নলের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যায় ওই পানি। এ ব্যাপারে আবুল কালাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা পানির কষ্ট করছি। বরইছড়ি বাজার থেকে মাত্র পাঁচ শ ফুট দূরে কর্ণফুলী নদী। অথচ তার তীরের মানুষজন পানির কষ্টে ভুগবেন, এটা হতে পারে না। তাই আমরা সমিতি করে স্থানীয় ৪০টি পরিবারের কাছ থেকে সংগ্রহ করেছি মোট এক লাখ ৬০ হাজার টাকা। ওই টাকায় মোটর কেনা ও বসানোসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়।’ ঘরে বসে কল ঘোরালেই পানি পড়বে এমনটা ভাবেননি বরইছড়ির বাসিন্দারা। সহজে পানি পেয়ে এখন তাঁরা ভীষণ খুশি।এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন জানান, প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিরা যা করতে পারেনি বরইছড়ির বাসিন্দারা সেটাই করে দেখালেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের জন্য উদাহরণ হয়ে থাকবে।