বরকতের নামেই একুশের স্মৃতি

পলাশী মোড় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পেছনের ফটক। দূর থেকেই হল ফটকে তাকালে চোখে পড়ে যে বাদামি রঙের ভবনটি, দোতলা সেই ভবনের গায়ে স্টিলের তৈরি হরফে লেখা ‘ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা’। ১৯৫২ সালে মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ দেওয়া আবুল বরকতকে শ্রদ্ধাভরে স্মরণ করতেই তাঁর নামে এই জাদুঘর এবং সংগ্রহশালা। শহীদ বরকতের নামের সেই জাদুঘরেই ধরে রাখা হচ্ছে মহান একুশের গ্রন্থাবলি। ৬ ফেব্রুয়ারি সেই জাদুঘর ও সংগ্রহশালা দেখতেই যাওয়া।

বায়ান্নর দিনে
জাদুঘরের নিচতলায় টেবিল পেতে বসে ছিলেন একজন নিরাপত্তাকর্মী। টেবিলের ওপরে রাখা দর্শনার্থীদের অনুভূতি লেখার খাতা। আমরা সেটা পেরিয়ে কাচের দরজা ঠেলে কক্ষে প্রবেশ করি। নিচতলার এই কক্ষ দৃষ্টি কাড়ল অসংখ্য পত্রিকার কাটিং, পোস্টার, স্থিরচিত্রের কারণে। এগিয়ে গিয়ে শোকেস। সেখানেই রাখা শহীদ বরকতের ব্যবহৃত নানা জিনিস। এসবই বহন করছে শহীদের স্মৃতি আর ১৯৫২ সালের ফেব্রুয়ারির উত্তাল দিনগুলো। বিশাল কক্ষের দেয়ালটি মুহূর্তেই নিয়ে গেল ১৯৫২ সালের দিলগুলোতে। নিয়ে গেল বছরের ২১ ফেব্রুয়ারির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এবং আমতলা প্রাঙ্গণেও। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’, ‘বাংলা হবে আমাদের মাতৃভাষা’ ‘বাংলা হবে আমাদের রাষ্ট্রভাষা’, ‘মোদের গরব মোদের আশা আ–মরি বাংলা ভাষা’ এমন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগানমুখর একদল শিক্ষার্থীর মধ্যে যেন নিজেকে খুঁজে ফিরি। আবার চারপাশে মোতায়েন দানবীয় চোখের পুলিশের কাঁদানে গ্যাসের শেল ছোড়ার ছবিতে ছন্নছাড়া ছাত্রদের সঙ্গে নিজেকেও যেন আতঙ্কিত মনে হয়। তারপরই সাহসী তাজা প্রাণ। দেয়ালে রফিক, সালাম, বরকত ভেসে ওঠে মনে। সময় পরিভ্রমণ শেষে বর্তমানে ফিরে আসি। তবু মনের ভেতর ২১ ফেব্রুয়ারির রেশ লেগে থাকে।

বইয়ের রাজ্য
সেই রেশ নিয়ে দোতলায় উঠি। এখানেও একটি কক্ষ। ঢুকেই মনে হলো এ যেন এক বইয়ের রাজ্য। তাকে থরে থরে সাজানো বই। প্রতিটি বই মহান একুশের ওপর লেখা। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যত বই প্রকাশিত হয়েছে, তার অনেক বই এখানে রয়েছে। অল্পসংখ্যক বই বিক্রির জন্যও রেখে দেওয়া হয়েছে।
জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা জানালেন, ‘অনেক মূল্যবান বই সেভাবে বিক্রি না হওয়ায় প্রকাশের ১০ থেকে ২০ বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। ভাষা আন্দোলনের ওপর অনেক পুরোনো বই এখন বাজারে পাওয়া যায় না। আমরা তাই বইগুলো সংগ্রহে রাখছি।’
এ জন্য প্রতিবছর অমর একুশে গ্রন্থমেলায় ভাষা আন্দোলনের ওপর যত বই প্রকাশ পায়, তার একটি তালিকা সংগ্রহ করে জাদুঘর। সেখান থেকে জাদুঘরের ১১ সদস্যের পরিচালনা কমিটি বাজেট এবং বইয়ের গুরুত্ব বিবেচনায় নির্বাচিত কয়েক শ বই কেনার অনুমতি দেয়। বই কেনা হলে সেগুলো নম্বর দিয়ে লাইব্রেরিতে পাঠানো হয়। এখন দেড় হাজার বই শোভা পাচ্ছে গ্রন্থাগারে।
গ্রন্থাগারেই ভেতরেই বই পড়ার ব্যবস্থা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরিচয়পত্র জমা দিয়ে বই নিতে পারেন গ্রন্থাগার থেকে। এ ছাড়া চাইলে যে কেউ জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে বই পড়তে পারে। তথ্যটি জানালেন জাদুঘরের প্রশাসনিক কর্মকর্তা।

ইতিহাসের সন্ধানে
গ্রন্থাগার থেকে বের হয়ে দেখা মিলল একদল খুদে শিক্ষার্থীর। ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালায় তারা এসেছে আজিমপুরের একটি বিদ্যালয় থেকে। দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থীদের সঙ্গে এনেছিলেন বিদ্যালয়টির শিক্ষক রাফিয়া নুসরাত। তিনি জানালেন, জাদুঘরটির স্থিরচিত্র, ভাষা আন্দোলনের সময়কার পত্রিকা, পোস্টার দেখিয়ে ইতিহাস বললে শিশুরা মনোযোগ দিয়ে শোনে। ইতিহাসের সঙ্গে পরিচিত করাতেই খুদে শিক্ষার্থীদের নিয়ে তিনি এখানে এসেছেন। আর জাদুঘর কর্তৃপক্ষ জানাল, এভাবে প্রায় আসে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
পলাশী এল জাদুঘর
প্রদর্শনী আর গ্রন্থাগার ঘুরে প্রবেশ করি ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালার পরিচালক অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের কক্ষে। তিনি শোনালেন জাদুঘর ও সংগ্রহশালার গোড়াপত্তনের কথা।
২০০২ সালে বাংলাদেশ সরকার ভাষাশহীদের স্মৃতি ধরে রাখার জন্য সব ভাষাশহীদের নিজ জেলায় একটি করে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয়। ভাষাশহীদ বরকত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা জেলায় হওয়ায় সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মৃতি জাদুঘরটি নির্মিত হবে। একই সঙ্গে ভাষাশহীদ বরকতের মামাবাড়ি ছিল ঢাকায়। সেটাও বিবেচনায় রাখে ঢাকা জেলা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের কোথায় নির্মিত হবে, সেটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তখন সিদ্ধান্ত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন শহীদ বরকত। তাই ‘ভাষাশহীদ বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা’ প্রভাতফেরিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশের একমাত্র গেট পলাশীর প্রান্তে হবে। ২০০৯ সালে ভবনের নির্মাণকাজ শেষ হয়। ২০১৪ সালে জেলা প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জাদুঘরটি বুঝিয়ে দেয়।

বর্তমান পরিচালক জাদুঘর উদ্বোধনের সময় ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট। এখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের ডিন। শুরু থেকে এখনো জাদুঘরটির পরিচালক হিসেবে আগ্রহের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। ভাষা আন্দোলনের প্রকাশিত সব বই তিনি এই জাদুঘরে সংগ্রহ করতে চান। আবু দেলোয়ার হোসেন বলেন, ‘ভাষা আন্দোলনের ওপর এটি একমাত্র বিশেষায়িত জাদুঘর। ভাষাশহীদ বরকতের রক্তমাখা জামাকাপড়, বরকতের নিজ হাতে বাবাকে লেখা চিঠি, খেলনা, ডিগ্রির সনদ, বরকতের ব্যবহৃত কাপ–পিরিচ, হাতঘড়ি আমরা সংগ্রহ করে জাদুঘরে রেখেছি। ভাষাশহীদের ওপর যত প্রকাশনা রয়েছে, সবই সংগ্রহ করবে এই জাদুঘর।’
প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ভাষাশহীদের ওপর আলোকচিত্র প্রদর্শনী, শিশুদের ভাষা আন্দোলনের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা আন্দোলনভিত্তিক ছবি, তথ্যচিত্র এবং নাটক দেখানো হয়। দুই দিন ধরে চলা উৎসব ভাষাশহীদের ওপর আলোচনা করে শেষ হয়।
ফিরে আসার সময় জেনে নিলাম জরুরি তথ্যটি, ভাষাশহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন বেলা ১টা থেকে ২টা পর্যন্ত পরিচ্ছন্নতাকাজের জন্য বিরতি থাকে।