বরকলে খাওয়ার পানি দুর্লভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার ভারতীয় সীমান্তবর্তী তেগামুখ বাজার এলাকায় প্রায় হাজার খানেক মানুষের বসবাস। দুর্গম এই এলাকায় কয়েকটি নলকূপ থাকলেও সেগুলো সচল নয়। এখানকার লোকজনের ভরসা পাহাড়ি ঝরনা ও কুয়ার পানি। ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে রীতিমতো যুদ্ধ করতে হয় গ্রামবাসীকে।কেবল তোগামুখ বাজারের লোকজন নয় বরকল উপজেলার বেশির ভাগ মানুষই নিরাপদ পানি থেকে বঞ্চিত। সম্প্রতি বরকলের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সাধারণ লোকজনের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।আইমাছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য তপন বিকাশ চাকমা ও নারী সদস্য চম্পা রানী চাকমা নলকূপ স্থাপনে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁরা জানান, সঠিক গভীরতায় নলকূপ স্থাপন না করার কারণে কয়েক দিনের মধ্যে সেগুলো অকেজো হয়ে যায়। ফলে সরকারি-বেসরকারিভাবে বসানো কোনো নলকূপই স্থানীয় লোকজনের কাজে আসে না।স্থানীয় স্বাস্থ্যকর্মী রিনা চাকমা জানান, নিরাপদ পানির অভাবে বর্ষা মৌসুমে লোকজনের মধ্যে নানা পানিবাহিত রোগ দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা চর্মরোগ আর ম্যালেরিয়া দেখা দেয়।শুধু দুর্গম তেগামুখ নয়, বরকল সদরসহ উপজেলার সর্বত্র নিরাপদ পানির সংকট রয়েছে বলে জানা গেছে।বরকল উপজেলা সদরে পাঁচ হাজারের বেশি মানুষ পান করেন পাহাড় থেকে নেমে আসা পানি। বরকল সদরের গৃহিণী সুবিকা চাকমা জানান, তাঁদের পরিবারে দৈনিক চার থেকে পাঁচ কলস খাওয়ার পানির প্রয়োজন। পাহাড় থেকে নেমে আসা পানি সংগ্রহে তাঁদের প্রচুর সময়ের অপচয় হয়। অনেকে গভীর রাত পর্যন্ত পানি সংগ্রহে ব্যস্ত থাকেন।রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা নুরুন্নবী বিভিন্ন এলাকায় পানি সমস্যার কথা স্বীকার করে জানান, রাঙামাটি জেলায় নিরাপদ পানির সুবিধা পাচ্ছে মাত্র ৩৫ ভাগ মানুষ। আর সবচেয়ে খারাপ অবস্থা বরকল উপজেলায়। সেখানকার পাথুরে মাটি আর দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে নিরাপদ পানির ব্যবস্থা করা সম্ভব হয় না। তিনি জানান, নিরাপদ পানি নিশ্চিত করার কাজে নিয়োজিত সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা, ভৌগোলিক অবস্থা, দুর্গমতা ও শুষ্ক মৌসুমে নলকূপ বসানোর কাজ করতে না পারায় নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যমাত্রা থেকে অনেক পিছিয়ে আছে রাঙামাটি জেলা। শুষ্ক মৌসুমে নলকূপ স্থাপন না হওয়ার বিষয়টি স্বীকার করে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, অর্থবছরের শুরুতে টাকা বরাদ্দ দেওয়া হলেও নানা প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতার কারণে অর্থ ছাড় হতে বর্ষা মৌসুম এসে যায়। এ ছাড়া শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানি কমে গেলে নলকূপের সরঞ্জাম পরিবহনেও সমস্যার সৃষ্টি হয়।