রাঙামাটির দুর্গম উপজেলা বরকলের পাঁচ ইউনিয়নে নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। এ জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উপজেলায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ১০৯।জেলা নির্বাচন কার্যালয়সূত্রে জানা গেছে, বরকল উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ৪৫টি কেন্দ্রের মধ্যে ১৫টি খুবই দুর্গম। এর মধ্যে সাতটি কেন্দ্রে হেলিকপ্টরযোগে নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। অপর আটটি কেন্দ্রেও হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কথা থাকলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়েছে। তাই প্রায় দুই দিন আগে ওসব এলাকায় নির্বাচনী কর্মকর্তাদের নির্বাচনী সরঞ্জামসহ যাত্রা করতে হয়েছে। এসব ভোটকেন্দ্রের ১০৪টি কক্ষে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মনোনয়নপত্র গ্রহণের পর থেকে প্রার্থীরা সুষ্ঠুভাবে তাঁদের প্রচারণার কাজ চালিয়েছেন। আচরণবিধি ভঙ্গের তেমন কোনো অভিযোগ নেই কোনো প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচনে সুবলং ইউনিয়ন পরিষদে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে বনলতা চাকমা এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ডে চন্দ্র কুমার চাকমা, ৭ নম্বর ওয়ার্ডে মধু মিলন চাকমা ও ৮ নম্বর ওয়ার্ডে বিমলেন্দু চাকমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাচনে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থীসহ ১৮ জন, ১৪টি সংরক্ষিত নারী আসনে ৪৬ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন বরকল সদর ইউনিয়নের অরুণ বিকাশ চাকমা ও প্রভাত কুমার চাকমা, সুবলং ইউনিয়নের জুরন ধন চাকমা, তরুণ জ্যোতি চাকমা, বিহারী চাকমা, বিহারী রঞ্জন চাকমা, সবীর কুমার চাকমা, শান্তি প্রিয় চাকমা ও সুমতি রঞ্জন চাকমা, আইমাছড়া ইউনিয়নে অমর কুমার চাকমা, মরিয়ম বেগম ও শ্যাম রতন চাকমা, ভূষণছড়া ইউনিয়নে রঞ্জন্যা চাকমা ও দীলিপ কুমার চাকমা এবং বড় হরিণা ইউনিয়নে নতুন মণি চাকমা, বিনয় কৃষ্ণ চাকমা, মায়া শংকর চাকমা ও সঞ্জয় মণি চাকমা।