গত বছর পান উৎপাদন হয়েছিল ৪৩০ কোটি টাকার, এবার অর্ধেকে নেমে আসতে পারে কক্সবাজার
বরজে মড়ক, বিপাকে ৩০ হাজার চাষি
২০১০ সালে কক্সবাজার জেলার চার উপজেলায় দুই হাজার ৫০ হেক্টর জমিতে পানের চাষ হয়েছিল। উৎপাদিত পান বিক্রি করে চাষিরা আয় করেন প্রায় ৪৩০ কোটি টাকা। গত বছর ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে তিন হাজার হেক্টর জমিতে ছোট-বড় প্রায় ১৫ হাজার পানের বরজ তৈরি করা হয়। প্রায় ৬০ হাজার চাষি পান চাষের সঙ্গে জড়িত। কিন্তু রোগবালাই ও মড়কের কারণে প্রায় সাত হাজার পানের বরজে মড়ক দেখা দিয়েছে। উৎপাদন কমে যাওয়ায় বিক্রি অর্ধেকে নেমে আসতে পারে। কৃষি বিভাগ সূত্রে পাওয়া এ তথ্যে উঠে এসেছে কক্সবাজার জেলার পানচাষিদের দুরবস্থা। ফাইট পাখোরা নামের ছত্রাকের আক্রমণে রোগ ছড়িয়ে পড়ছে পানের বরজে। এতে বেকায়দায় পড়েছেন জেলার প্রায় ৩০ হাজার প্রান্তিক চাষি। পাতা নষ্ট হওয়ায় বাজারে সংকট দেখা দিয়েছে, খোলাবাজারে পানের দাম পাঁচ-ছয় গুণ বেড়ে গেছে। বর্তমানে বাজারে এক বিড়া (৮০টি) পান ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০-৮০ টাকা। ১ ফেব্রুয়ারি থেকে দোকানে এক টাকার খিলি পান বিক্রি হচ্ছে তিন টাকায়। টেকনাফের বাহারছড়া গ্রামের চাষি জয়নাল আবেদীন (৫৫) জানান, গত নভেম্বরে জাহাজপুরা এলাকায় তাঁরা তিনজন চাষি দেড় একরের তিনটি বরজ তৈরি করেন। ডিসেম্বরের শেষের দিকে দুটি বরজে মড়ক লাগে। তিনি বলেন, ‘আমরা দুই চাষি বরজ হারিয়ে অর্থসংকটে পড়েছি, কিন্তু অক্ষত বরজের মালিক আবদুল করিমের ভাগ্য খুলে গেছে। তিনি প্রতি বিড়া পান ১৫০-২৫০ টাকায় বিক্রি করছেন। অথচ আমি দেড় লাখ টাকা লোকসান দিয়েছি।’ আবদুল করিম (৩৪) জানান, বরজ থেকে আড়াই লাখ টাকার পান বিক্রির আশা করছেন তিনি। আগে একই বরজ থেকে ৫০-৬০ হাজার টাকার পান বিক্রি সম্ভব হতো। শহরের ঝাউতলায় খিলি পান বিক্রি করেন খোরশেদ আলম। তিনি জানান, ‘তীব্র সংকটের কারণে যে পান আগে ৮০ টাকায় বিক্রি হতো তা এখন ২০০-২৩০ টাকায় কিনতে হচ্ছে। মহেশখালী, হিমছড়ি ও টেকনাফের বড় মিষ্টিপান বিক্রি হচ্ছে সর্বোচ্চ ২৫০ টাকায়। বাজারঘাটার দোকানি সরওয়ার কামাল (৪৫) জানান, খিলি পানের দাম বাড়লেও বিক্রি কমেনি। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাফেজ গোলাম কিবরিয়া বলেন, ‘ফাইটপথোরা ছত্রাকের আক্রমণে বরজে মড়ক লেগেছে। এ ছত্রাকে আক্রান্ত পানের সবুজপাতায় ছোট কালো দাগ পড়ে, পানের লতা ও ডগা শুকিয়ে যায়। এক সপ্তাহের মধ্যে পাতায় পচন ধরে।’তিনি জানান, ‘রোগে আক্রান্ত বরজে এক লিটার পানিতে দুই গ্রাম করে ডাইথেন এম-৪৫ ওষুধ মিশিয়ে ১৫ দিন পরপর ছিটাতে হবে। তাতে বরজ রক্ষা করার সুযোগ থাকে।’ অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাবিরপাড়া, মহেশখালীয়াপাড়া, লেঙ্গুরবিল, লম্বরী, হাতিয়ারঘোনা, রাজারছড়া, বাহারছড়া, শীলখালী, উখিয়ার বালুখালী, কোটবাজার, সোনারপাড়া, ইনানী, কক্সবাজার সদরের কলাতলী, আদর্শ গ্রাম, ঝিলংজা, রামুর ফতেখাঁরকুল, গর্জনিয়াসহ বিভিন্ন গ্রামে পানের বরজে মড়ক লেগেছে। চাষিরা আক্রান্ত পানগাছ কেটে ফেললেও বরজ রক্ষা করতে পারছেন না। টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল গফুর মোল্লা জানান, গত বছর ভালো দাম পাওয়ায় এবার চাষিরা আগেভাগে পানের চাষ শুরু করেন। উপজেলার ছয় ইউনিয়নে অন্তত তিন হাজার পানের বরজে মড়ক দেখা দিয়েছে। তবে বাকি সাত হাজার বরজে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।’পানচাষি মো. হোসেন (৩৮) বলেন, ‘২০ শতক জমি বর্গা নিয়ে পানের বরজ করেছিলাম। কিন্তু মড়ক সব শেষ করে দেয়। ডিসেম্বরে আবার বরজ তৈরি করি। এখন সেটিও রক্ষা করা যাচ্ছে না। গত বছর পান বিক্রি করে প্রায় দুই লাখ টাকা আয় করেছিলাম। এবার লোকসানের বোঝা বইতে হচ্ছে।’ রামুর গর্জনিয়ার চাষি আবদুল মালেক (৫৫) জানান, দু-তিন সপ্তাহ ধরে ঘন কুয়াশা ও শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় পানের পাতা ও গোড়া শুকিয়ে যাচ্ছে। উখিয়ার ইনানী গ্রামের চাষি সিরাজুল ইসলাম (৪৪) জানান, নানা ওষুধ ছিটিয়েও বরজ রক্ষা করা যাচ্ছে না।কৃষি কর্মকর্তারা জানান, তাঁরা এলাকায় গিয়ে চাষিদের নানা পরামর্শ দিচ্ছেন। কনটাফ-৫ ইসি ও বাভিস্টিন ডিএফ-জাতীয় ওষুধ ব্যবহারে তেমন উপকার হচ্ছে না। তাই চাষিদের নতুন করে ডাইথেন এম-৪৫, রিডমিল-গোল্ড ও বর্দো মিক্সচার-জাতীয় ওষুধ ছিটাতে বলা হচ্ছে। এ ছাড়া আক্রান্ত পানের পাতা ও গাছগুলো গর্ত করে পুঁতে রাখা বা আগুনে পুড়িয়ে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।