বরণের উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ নববর্ষ ১৪১৯! ভাবছেন, বৈশাখের এই শেষ প্রহরে এ কোন মতিভ্রম! মতিভ্রম নয়, বরং ঘটনা হচ্ছে এই, যখন ক্যালেন্ডারে বৈশাখের ‘বিদায় ধ্বনি’, তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বৈশাখের ‘প্রত্যাবর্তন’! ঠিক যেন দিন বিশেক আগের টুকরো টুকরো দৃশ্যগুলোর পুনর্মঞ্চায়ন। সেই ঢাক, ঢোল, তবলা, বাঁশি, মুখোশ, আলপনা, নাচ, গান, মঙ্গলপ্রদীপ, ধুতি, পাঞ্জাবির পাশাপাশি শাড়ি, চুড়ি, টিপ...। যেন ২০ বৈশাখ ১৪১৯ দিনটি এক লহমায় ফিরে গিয়েছিল পয়লা বৈশাখ ১৪১৯-এ।৩ মে ২০১২ তারিখে এই ‘যাই-যাই’ করা বৈশাখকে ফিরে এনেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। সঙ্গে ছিল নবীনবরণ ও সম্মান-উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া। আর সভাপতি ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ফরিদা আখতার খানম।শুরুতেই মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন। উপস্থাপক আশালতা ঘোষ ও আরিফ হোসেনের আহ্বানে মঞ্চে এসে প্রদীপ জ্বাললেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি মহোদয়। তার পরই ‘বৈশাখ মাসে আইসো বন্ধু’ সমবেত গানের সঙ্গে নৃত্য। গাইলেন লিপি, অনন্যা, মিনাক্ষী আর নাচলেন রাহেলা ও আইরিন। তাঁদের নৃত্যগীতের মাঝখানে দর্শকদের তালে তালে করতালি প্রমাণ করল কেমন ছিল পরিবেশনাটির অসাধারণত্ব্ব!এই অসাধারণ নৃত্যগীতের রেশ কাটতে না-কাটতেই পুঁথিপাঠের পরিবেশনা নিয়ে মঞ্চে এলেন তৃতীয় বর্ষের সুজন। সে এক অভিনব পুঁথিপাঠ! মুহুর্মুহু করতালিতে সিক্ত হয়ে সুজনও বুঝিয়ে দিলেন তিনিও কম যান না।যাঁরা একক গান গাইলেন তাঁরাও কি কম! আফরোজা আখতার ও মোস্তফা কামালের দরাজ কণ্ঠের পল্লিগীতিতে যেন পুরো মিলনায়তন ফিরে পেয়েছিল পল্লি মায়ের কোল। আর ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ গেয়ে আবদুর রহমান দিলেন লালনের আধ্যাত্মিকতার স্বাদ। এ ছাড়া নজরুলসংগীতের স্বাদ পাওয়া গেছে অনন্যার কণ্ঠ থেকে আর রবীন্দ্রসংগীতের স্বাদ পাওয়া গেছে রিফাত ইশতিয়াকের কণ্ঠ থেকে।এই নাচগানের মাঝখানে স্বরচিত কবিতা আবৃত্তি করে বেশ শোরগোল ফেলে দিলেন তরুণ কবি সাজিদ হোসেন। নিতান্ত কবিতাবিমুখ যেজন, সেজনও সেদিন হাততালি না দিয়ে পারেননি। এক নিন্দুক তো বলেই বসলেন, ‘এ ছেলের ওপর নিশ্চয় কাব্যদেবীর সুনজর আছে!’তবে মুক্তা, শামীমা ও আইরিনের ওপর যে নৃত্যদেবীর সুনজর ছিল পুরো মাত্রায়, সে কথা হলফ করেই বলা যায়। এমন নয়ন সুখকর নৃত্য দর্শক যে বহু দিন বাদে উপভোগ করছে, তা তাদের নিরঙ্কুশ হাততালি দেখেই বোঝা গেল।সবশেষে নাটক। সে-ও এক পরিবেশনা বটে! স্বীকার না করে উপায় নেই, মুহম্মদ রিয়াজ চিত্রনাট্য রচনা ও পরিচালনায় দেখিয়েছেন অসাধারণ মুনশিয়ানা আর ছোটন, মৌসুমি ও শান্তরা দেখিয়েছেন ‘অভিনয়’ কাকে বলে।আর এসব মনোজ্ঞ পরিবেশনার ফাঁকে ফাঁকে সদ্য সম্মান শেষ করা সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের কৃতীরা উপাচার্যের হাত থেকে নিলেন সম্মাননার ক্রেস্ট। এই ব্যাচে সর্বোচ্চ গ্রেড পেয়ে প্রথম হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল, দ্বিতীয় হয়েছেন সাবরিনা জাহান ও তৃতীয় হয়েছেন আজহার হোসেন।