বরফ হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমত্কার শীত পড়েছে।কয়েক দিন আগেও স্টকহোমের তাপমাত্রা ছিল মাইনাস ২২।অবশ্য সুইডেনের উত্তরে তাপমাত্রা কোথাও কোথাও মাইনাস ৩৫ থেকে ৪০-এ নেমে গেছে। ১০ বছরের মধ্যে এমন চমত্কার শীত আর আসেনি। মাঠঘাট, বাড়িঘর, গাছপালা, পাহাড়-পর্বত, সবুজ প্রান্তর সাদা বরফের আবরণে ঢেকে গেছে। শীতের প্রারম্ভে গাছের পাতা ঝরে গেছে, এখন শাখা-প্রশাখাগুলো শুভ্র তুষার গায়ে নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির কাছের লেকের পানি জমে বরফ হয়ে গেছে। লেকের ওপর নৌকা নয়, স্কি ছুটছে। যেদিকে তাকানো যায়, শুধু শুভ্র তুষার আর তুষার। এ হেন তুষারের ওপর রাতে যখন চাঁদের আলো এসে পড়ে তখন মনে হয় চারদিকে হাজার তারার জোনাক। চমত্কার বৈকি!উত্তরে শীতের মাত্রা অত্যধিক হলেও জীবনযাত্রা থেমে নেই।এ সময় উত্তরের আকর্ষণ আইস মানে বরফ হোটেল। বরফ হোটেল গড়ে ওঠে সাময়িক সময়ের জন্য। ডিসেম্বর থেকে এপ্রিল, মাত্র চার মাস। আইস হোটেলের সম্পূর্ণ কাঠামো তৈরি হয় মোটা মোটা শক্ত আইসবার দিয়ে। আইসবারগুলো কাচের মতো স্বচ্ছ আবার হেজিও হয়। হোটেলের প্রতিটি কক্ষ, বিছানা, দেয়াল, আসবাবপত্র, ঝাড়বাতি, শিল্পকর্ম—সবই তৈরি হয় বরফ দিয়ে। হোটেলের খাদ্যসামগ্রী, ব্যবহারিক বস্তুগুলোও তৈরি হয় বরফ থেকে। বিশ্বের সর্বপ্রথম আইস হোটেল তৈরি হয়েছিল সুইডেনের উত্তরের বৃহত্ শহর কিরুনার জুকাসার্ভি নামের গ্রামে। কিরুনা থেকে জুকাসার্ভির দূরত্ব ১৭ কিলোমিটার, ১৯৮৯ সালে জনৈক জাপানি আইস ভার্স্কযশিল্পী ওই গ্রামে আইস শিল্পকর্মের এক প্রদর্শনী মিলনায়তন স্থাপন করেছিলেন। এর পরের বছর ১৯৯০ সালে ফরাসি শিল্পী জেনট ডেরিস ওই গ্রামেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। প্রদর্শনীতে দর্শক-সমাগম হয় প্রচুর। এক রাতে নিকটবর্তী হোটেলে স্থান সংকুলান না হওয়ায় আগত অতিথিরা প্রদর্শনী হলটিকে রাত্রি যাপনের জন্য আবেদন করেন। প্রদর্শনী হলটি ছিল বরফ দিয়ে তৈরি। অতিথিরা স্লিপিং ব্যাগ ও সম্বরের চামড়া গায়ে জড়িয়ে রাত্রি যাপন করেন। সেই থেকে শুরু হয় আইস হোটেলের যাত্রা।সুইডেন ও ফিনল্যান্ডের সীমান্ত দিয়ে বয়ে যাওয়া থর্ন নদী থেকে নিয়ে আসা বিরাট বিরাট বরফের চাঁই কেটে তৈরি হয় বরফের ইট। ওই ইট দিয়ে তৈরি হয় বিশাল আইস হোটেল। প্রদর্শনী মিলনায়তনসহ হোটেলকক্ষগুলো তৈরি করতে প্রয়োজন হয় ১০ হাজার টন আইস ও ৩০ হাজার টন তুষার। আইস হোটেলে রাত্রি যাপন করা যায় বৈকি। ডবল রুমের ভাড়া জনপ্রতি প্রতিরাত এক হাজার ৪০০ ক্রোনার, সিঙ্গেলরুম দুই হাজার ৬০০ ক্রোনার। আপনি ডিলুক্স রুমেও থাকতে পারেন। ডবল রুমের প্রতিরাতের জনপ্রতি ভাড়া তিন হাজার ৫০০ ক্রোনার আর সিঙ্গেল রুম সাত হাজার ক্রোনার। এক ক্রোনারকে প্রায় ১০ দিয়ে গুণ করলেই টাকার মান পাওয়া যাবে। তবে অতিথিদের কিরুনা বিমানবন্দর থেকে হোটেল অবধি হোটেলের স্নোস্কুটারে যাতায়াতের ব্যবস্থা আছে। এর জন্য অবশ্য অতিরিক্ত ভাড়া গুনতে হবে। তবে হ্যাঁ, আপনি যদি এক বছর আগে থেকে হোটেল বুকিং না দিয়ে থাকেন, তবে রুম পাওয়া কষ্টকর। জেমস বন্ডের ‘ডাই অ্যানাদার ডে’ ফিল্মটা বোধ হয় অনেকেই দেখেছেন। আইস হোটেলে চিত্রগ্রহণ করা হয়েছিল ছবিটির। আপনি কি আইস হোটেলে একবারের জন্য হলেও আসবেন? খরচটা একটু বেশি হলেও এমন শিল্পকর্ম থেকে নিজেকে দূরে রাখা কি ঠিক?—লিয়াকত হোসেন