বরফকলটি এক দশকেও চালু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই হ্রদের মহালছড়ি মৎস্য আহরণকেন্দ্রে স্থাপিত সরকারি বরফ কলটি এক দশক পরও চালু করা হয়নি। বরফ সংকটের কারণে চট্টগ্রাম শহর থেকে ট্রাকে করে বরফ আনতে গিয়ে ব্যবসায়ীদের বাড়তি টাকা ও সময়ের অপচয় হচ্ছে। এতে তাঁরা ক্ষোভ প্রকাশ করে বরফকলটি দ্রুত চালু করার দাবি জানিয়েছেন। এদিকে অব্যবহূত অবস্থায় পড়ে থাকায় বরফকলটির বিভিন্ন যন্ত্রাংশে মরিচা ধরেছে। কিছু যন্ত্রাংশ বাইরে পড়ে থাকায় সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নষ্ট হয়ে গেছে বরফকলের জন্য নির্মিত কিছু অবকাঠামো।মহালছড়ি মৎস্য উন্নয়ন করপোরেশনের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বরফকলটি কখন স্থাপন করা হয়েছে তা জানাতে পারেননি। তবে ব্যবসায়ীরা জানান, ২০০২ সালে সংস্থার কার্যালয়ের ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পরপরই বরফকলটি স্থাপন করা হয়। সরেজমিনে দেখা যায় দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় বরফকলের অবকাঠামোসহ বিভিন্ন যন্ত্রাংশে মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। ব্যবহারের অনুপযোগী কিছু যন্ত্রাংশ বাইরে পড়ে আছে।খোঁজ নিয়ে জানা যায়, মহালছড়িতে ব্যক্তিমালিকানাধীন তিনটি ছোট আকারের বরফকল রয়েছে। কিন্তু সেগুেলো বিশেষ করে শীতকাল ছাড়া অন্য সময়ে এলাকায় বরফের চাহিদা মেটাতে পারে না। মহালছড়ি কেন্দ্রের মাছ ব্যবসায়ী উত্তম কুমার চাকমা, ফরিদ মিয়া ও রবিউল আউয়াল জানান, সরকারি মৎস্য আহরণকেন্দ্রে রাতের বেলা মাছ নামানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ এবং মাছ প্যাকেট করা ও মজুদ করার জন্য আড়ত নেই। নেই পানি সরবরাহ সুবিধা। তাঁরা জানান, শীতের শেষে হ্রদের পানি কমে গেলে বড় বড় মাছ ধরা পড়ে। এলাকায় ব্যক্তিমালিকানাধীন ছোট আকারের বরফকলগুলো এ সময়ে পর্যাপ্ত বরফ সরবরাহ দিতে পারে না। তাই চট্টগ্রাম শহর থেকে ট্রাকে করে বরফ আনতে হয়। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের কারণে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সরকারি বরফকলটি চালু হলে এ সংকট দূর হবে বলে তাঁরা মত দেন।বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের রাঙামাটি কার্যালয়ের উপব্যবস্থাপক মাসুদুল আলম জানান, বরফকলটি চালুর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার আগে অগ্রাধিকার ভিত্তিতে মৎস্য আহরণ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। এর মধ্যে রয়েছে ছাউনি, পানি সরবরাহব্যবস্থা, শৌচাগার, ব্যবসায়ীদের জন্য কার্যালয় নির্মাণ ইত্যাদি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এতদিনেও জেলে ও ব্যবসায়ীদের জন্য ছাউনি নির্মাণ করে দিতে না পারা আমাদের বিভাগের ব্যর্থতা।’