বরফঠান্ডা পুরান ঢাকা!
গরমে ত্রাহি অবস্থা সবার৷ কিন্তু এই নগরেই আছে তা থেকে পরিত্রাণের উপায়ও। চলে যান পুরান ঢাকায়। মিহি কুচির বরফ দেওয়া লেবুর শরবত, লাচ্ছি, পেস্তাবাদামের শরবত, দই-চিড়া, ফালুদা কিংবা কুলফি খেয়ে প্রাণ জুড়াবে। চলুন আজ ঘুরে বেড়াইসন ঢাকার কিছু বিখ্যাত ঠান্ডার দোকানে, ঘুরে আসি ঢাকাই বরফমাখা ঠান্ডা থেকে!

নূরানীর ঠান্ডা
বিয়ে-জন্মদিন ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানেও তাদের ডাক পড়ে। দোকানের নাম নূরানী কোল্ডস ড্রিংকস হলেও সবাই এই দোকানকে নূরানী লাচ্ছি নামেই চেনে। এখানে পাওয়া যায় স্পেশাল লাচ্ছি, সাধারণ লাচ্ছি এবং লেবুর শরবত। নূরানীর লাচ্ছি পান করতে হলে আপনাকে যেতে হবে পুরান ঢাকার ১১৮ চকবাজারে।

লাচ্ছি
উপকরণ (আট গ্লাস লাচ্ছির জন্য)
মিষ্টি দই আধা কেজি, চিনির শিরা পরিমাণমতো, গোলাপজল পরিমাণমতো, জাফরান পরিমাণমতো, পানি পরিমাণমতো, বরফের কুচি পরিমাণমতো।
যেভাবে তৈরি করবেন
খাঁটি দুধের হালকা মিষ্টি দই একটি মাঝারি সাইজের পিতলের পাত্রে নিন। তাতে চিনির শিরা, জাফরান, গোলাপজল ও পানি দিয়ে ভালো করে ঘুঁটনি দিয়ে নাড়ুন। তারপর আটটি গ্লাসে সেই মিশ্রণ ঢেলে পরিমাণমতো বরফের কুচি দিয়ে পরিবেশন করুন।
আল-রাজ্জাক
ঢাকাইয়া পরিবারগুলোতে একসময় বিশেষ বিশেষ খাবার রান্নার হতো। প্রচলন ছিল ইরানি আর আর্মেনীয় খাবারের। পুরান ঢাকার সে খাবারের স্বাদ যেন হারিয়ে না যায় সে চেষ্টা অনেকের। এর মধ্যে অন্যতম মালিটোলার বিশিষ্ট ব্যবসায়ী হোসেন মোল্লা। তিনি ১৯৯৩ সালে বংশালের কাছের নর্থসাউথ রোডে তাঁর নিজস্ব জায়গায় ঢাকাই খাবারের ঐতিহ্য ধরে রাখার জন্য শুরু করেন হোটেল ব্যবসা। বাবার নামে নাম রাখেন হোটেল আল-রাজ্জাক। আল-রাজ্জাক হোটেলের গ্লাসির মতোই এখানকার লাচ্ছি ও ফালুদার জনপ্রিয়তা কম না বরং বেশি বলা চলে। হোটেলটির বর্তমান তত্ত্বাবধায়ক আমির হোসেনের মতে, তাঁদের ফালুদা এক কথায় অনন্য!

ফালুদা
উপকরণ (চার বাটি ফালুদার জন্য)
নুডলস ৪০০ গ্রাম, ৩০০ গ্রাম মালাই, সাগুদানা আধা কেজি, চিনির শিরা ২৫০ গ্রাম, কিশমিশ পরিমাণমতো, আনার পরিমাণমতো, খোরমা পরিমাণমতো, আপেল পরিমাণমতো, কলা পরিমাণমতো, ডালিম ও অন্যান্য পছন্দের ফল পরিমাণমতো।
প্রণালি: খাঁটি দুধের মালাই বানিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। সেদ্ধ নুডলস পানিতে ভিজিয়ে রাখতে হবে, সাগুদানা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর ফালুদা পরিবেশনের বাটিতে চিনির শিরা, নুডলস, মালাই, সাগুদানাসহ সব ধরনের ফল ও খোরমা-কিশমিশ মিশিয়ে বরফের কুচি দিয়ে পরিবেশন।
রয়েলের পেস্তাবাদামের শরবত
উপকরণ
পেস্তাবাদাম পরিমাণমতো, মালাই পরিমাণমতো, দই পরিমাণমতো, খাঁটি জাফরান পরিমাণমতো, চিনি পরিমাণমতো, দুধ পরিমাণমতো।
প্রণালি
দই, মালাই, দুধ ও চিনি ঘুঁটনি দিয়ে ঘুঁটে গ্লাসে ঢেলে পেস্তাবাদাম ও জাফরান মিশিয়ে ডিপ ফ্রিজে রাখুন। খাওয়ার ঠিক আধা ঘণ্টা আগে বের করে ফ্রিজের নরমালে রেখে দিন, তারপর পরিবেশন করুন। মনে রাখবেন, একবার এ শরবত তৈরি করলে তা ডিপ ফ্রিজে তিন দিন রেখে খাওয়া যাবে। আর একবার মুখ বা বোতলের ছিপি খুললে পুরো শরবত সে সময়ই খেয়ে ফেলতে হবে।

রয়েল
লালবাগের কেল্লায় যান আর না যান, রয়েল হোটেলে একবার হলেও আসুন। লালবাগ এলাকার ৪৪ হরনাথ ঘোষ রোডে অবস্থিত রয়েল হোটেলের কোথাও কোনো শাখা নেই। ১২ বছর ধরে তাঁরা ভোজনরসিকদের মনমতো খাবারের চাহিদা পূরণ করে চলেছেন। এখানে কোনো বাসি খাবার বিক্রি হয় না, এমনিক একবার তেল পুড়লে সেটা দ্বিতীয়বার ব্যবহার হয় না। অন্যান্য খাবারের সঙ্গে এখানে ঠান্ডা-জাতীয় খাবারের মধ্যে পাবেন লাবাং, বোরহানি, মালাই কুলফি, ফালুদা, লাচ্ছি, পাঞ্জাবি লাচ্ছি, দইবড়া এবং পেস্তাবাদামের শরবত। রয়েল হোটেলের বর্তমান তত্ত্বাবধায়ক আবদুল মালেকের মতে, তাঁদের পেস্তাবাদামের শরবতের জুড়ি মেলা ভার। এখানে এক লিটার পেস্তাবাদামের শরবতের দাম হলো ২২০ টাকা।

বিউটি
পুরান ঢাকার জজ কোর্ট এলাকায় যেতে রায়সাহেব বাজারে বিউটি লাচ্ছির অবস্থান। স্বাদে অতুলনীয় বিউটি তিন ধরনের ঠান্ডা বিক্রি করে থাকে। লেবুর শরবত, মিষ্টি দই দিয়ে তৈরি বিউটির লাচ্ছি ও ফালুদা। মিষ্টি দইয়ের লাচ্ছি বিট লবণ দিয়ে পান করতে পারেন।
বিউটির লেবুর শরবতের চাহিদা খুব। বানানোর পদ্ধতিটাও বলে দিলেন এখানকার কারিগর মোহাম্মদ আলাউদ্দিন। ‘মানুষজন আয়াই কয় একটা লেম্বুর শরবত দেন। আমিও রেডি রাখি গ্লাসে ভরা লেম্বুর শরবত। এইবার আপনে আট গ্লাস লেম্বুর শরবতের রেসিপি লেইখা লন বাতিজা!’
লেবুর শরবত
উপকরণ
পানি পরিমাণমতো, লেবু চারটা, চিনির শিরা ৪০০ গ্রাম এবং বরফকুচি পরিমাণমতো!
প্রণালি
পানির সঙ্গে চিনির শিরা আর লেবুর রস মেশালেই হয়ে যাবে শরবত। আট গ্লাস শরবতের জন্য ৪০০ গ্রাম চিনির শিরা তৈরি করে নিতে হবে। এবার আটটি গ্লাসে পানির সঙ্গে শিরা মিশিয়ে নিন। প্রতি গ্লাসে অর্ধেকটা করে লেবুর রস চিপে দিন। তবে যেকোনো লেবু হলে হবে না, বিউটির শরবতের মতো স্বাদ পেতে চাইলে কিনতে হবে কলম্বো লেবু। প্রতি গ্লাসে পরিমাণমতো বরফের কুচি দিয়ে পরিবেশন করুন।