ঘটনা বলা চলে অলৌকিক! ৬১ দিন হিমতুষার বরফের নিচে চাপা পড়ে থাকা আশ্চর্য কিছু নয়, তবে জীবিত থাকাটাই অলৌকিক। আর এই অলৌকিক ঘটনাই ঘটেছে পিটার শেলবরির জীবনে। গত ১৯ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির ১৭ অবধি পিটার শেলবরি গাড়িসহ বরফের নিচে চাপা পড়ে ছিলেন সুইডেনের উত্তরাঞ্চলের এক বনভূমিতে। সুইডেনের উত্তরাঞ্চল তুলনামূলকভাবে বেশি হিমশীতল। শীতের প্রকোপ বেশি, তুষারপাতে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর তাপমাত্রা সচরাচর হিমাঙ্কের ৩০-৪০ ডিগ্রি নিচে অবস্থান করে বলে শীত যেমন দীর্ঘ, গ্রীষ্ম তেমনি ছোট। পিটার শেলবরি জনবিচ্ছিন্ন মানুষ নন, তবে জনবিচ্ছিন্নতা তাঁকে বেছে নিতে হয়েছিল। অন্য সাধারণ মানুষের মতোই ৪৪ বছর বয়সী পিটার শেলবরির জীবন। ছিল সাজানো-গোছানো ফ্ল্যাট আর ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান। হঠাৎ করেই আর্থিক মন্দায় ঋণের জালে ফ্ল্যাট ও ব্যবসা দুটিই হারাতে হয়। প্রকৃতিপ্রেমী বলে পরিচিতি ছিল পিটারের। তাই সবকিছু হারিয়ে পরিচিত ভুবন ছেড়ে ছোট গাড়িটি নিয়ে বাসস্থান ও কর্মস্থল থেকে এক হাজার ১০০ কিলোমিটার দূরে বনভূমিতে আশ্রয় নিয়েছিলেন। দিন ও রাত কেটে যেত গাড়িতেই। বনভূমির কাছেই ছোট এক মুদির দোকান।প্রয়োজনীয় হালকা খাবার ওই দোকান থেকেই কিনতেন পিটার। দোকানির সঙ্গেও পরিচয় হয়ে গিয়েছিল, তবে তেমন নয়। আর গাড়ির ভেতর বসবাসে গুরুত্ব দেয়নি দোকানি। এক রাতে হঠাৎ মাত্রাতিরিক্ত তুষারপাতে ঘুমন্ত পিটার ভোরে আর গাড়ি থেকে বের হতে পারেননি। গাড়ি ততক্ষণে বরফের নিচে চাপা পড়ে গেছে। টেনেহিঁচড়ে গাড়ির একটি দরজা শুধু কয়েক ইঞ্চি ফাঁক করা গেলেও বেরিয়ে আসতে পারেননি পিটার। এভাবেই কেটে গেছে ৬১ দিন। আবদ্ধ দিনগুলোতে দরজার ফাঁক দিয়ে আসা তুষার ছাড়া আর কিছু খাননি পিটার। ৬১ দিন পর তুষার সরানোর সময় গাড়িটির সন্ধান পাওয়া যায়। গাড়ির জানালার কাচে জমে থাকা তুষার সরানোর সময় কর্মীরা গাড়ির ভেতর কিছু একটা নড়াচড়া করতে দেখেন। বরফ কেটে গাড়ির পেছনের আসনে একটি স্লিপিং ব্যাগের ভেতর জড়সড় অবস্থায় পিটারকে উদ্ধার করা হয়।ফ্রিজিং পয়েন্ট থেকে অভাবনীয়ভাবে বেঁচে যাওয়া মানুষ পিটার।কীভাবে এটি সম্ভব হলো তা নিয়ে গবেষকদের গবেষণার অন্ত নেই। গবেষকেরা বলছেন, দুই মাস না খেয়েও মানুষ বাঁচতে পারে। পিটারের দেহের তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি, গাড়ির বাইরে ছিল মাইনাস ৩০ ডিগ্রি। কোনো কোনো গবেষক বলছেন, পিটারের বেঁচে যাওয়ার পেছনে ছিল ‘ইগলু এফেক্ট’। শীতের সময় উত্তরের এসকিমোরা বরফের ঘর ইগলুতে বাস করে। ঘরের ভেতরটা কিছুটা গরম আর স্লিপিং ব্যাগ থাকায় পিটারের দেহের তাপমাত্রা বের হয়ে যায়নি। উপরন্তু বরফে ঢেকে যাওয়া গাড়িটা ‘ইগলু এফেক্ট’ এনে দিয়েছিল।গবেষকেরা হয়তো অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনাটির আরও বিশ্লেষণ করবেন, তবে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে প্রকৃতিপ্রেমী পিটার আশ্রয় নিয়েছিলেন প্রকৃতির কাছে। আদতে প্রকৃতিই তাঁকে বাঁচিয়ে রেখেছিল। সুইডেন, স্টকহোম থেকে[email protected]