পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নের অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অধিকাংশ গ্রামীণ কাঁচা সড়ক বর্ষাকালে হাঁটু পানিতে ডুবে যায়। বর্ষাশেষে পানি সরে গেলেও কাদামাটি শুকিয়ে সড়কগুলো উঁচু-নিচু খানাখন্দে পরিণত হয়েছে। এ ছাড়া একাধিক পাকা সড়কের ইট ও কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষকসহ হাজার হাজার মানুষকে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে ইউনিয়নের বাড়ৈকাড়া-কর্তালা-বেলখাইন সড়ক, শীলপাড়া সড়ক, মেলঘর সরকারবাড়ি সড়ক, সাবেক মদনগাজী (অর্ধেক) সড়ক ও পূর্ব বরলিয়া সড়কসহ ১৭টি গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বাড়ৈকাড়া-কর্তালা-বেলখাইন সড়ক ও শীলপাড়া সড়কের। এলাকাবাসী জানান, কর্তালা-বেলখাইন মহাবোধি উচ্চবিদ্যালয় থেকে বরলিয়া আবদুস ছালাম আউলিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ বাড়ৈকাড়া-কর্তালা-বেলখাইন সড়কটির কার্পেটিং দুই বছর আগে থেকে উঠে গেছে। বর্তমানে এটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গেছে। গত সাড়ে তিন বছরে ইউনিয়নের দুই একটি সড়কের কিছু কিছু অংশে সামান্য সংস্কারকাজ হলেও অধিকাংশ সড়ক খারাপ হওয়ায় এসব সড়ক দিয়ে চালকেরা যানবাহন নিয়ে যাতায়াত করতে চান না। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।এলাকার বাসিন্দা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম জানান, বাড়ৈকাড়া-কর্তালা-বেলখাইন সড়ক দিয়ে এলাকার বিপুলসংখ্যক মানুষ পূর্ব দিকে পটিয়া সদর এবং দক্ষিণ পশ্চিম দিকে কাশিয়াইশ, কুসুমপুরা, শান্তিরহাট হয়ে চট্টগ্রাম শহর ও আনোয়ারা উপজেলায় যাতায়াত করেন। প্রায় ১০ বছর আগে কার্পেটিং করা সড়কটি পরবর্তী সময়ে সংস্কার না করায় দুই বছর আগে থেকে তা যানবাহন ও পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুল ইসলাম বলেন, ‘এলাকার রাস্তাঘাটের অনুন্নত অবস্থা দেখে মনে হবে আমরা চাঁদের দেশে বাস করছি। এলাকার ১৭টি সড়কের বেহাল দশার কারণে জনগণের দুর্ভোগের বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে লিখিতভাবে জানিয়েছি।’ তিনি জানান, বর্তমান সরকারের সময়ে বরলিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান বাড়ৈকাড়া-কর্তালা-বেলখাইন সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। কিন্তু স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি) থেকে এক কিলোমিটার পর্যন্ত ডাবল ব্রিকসলিন করার জন্য দরপত্র আহ্বান করা হয়। গত জানুয়ারি মাসে সংস্কারকাজের উদ্বোধনের পর উজিরপুর সংযোগ সড়ক থেকে যুগীপাড়া পর্যন্ত মাত্র আধা কিলোমিটার সড়কের সংস্কারকাজ করা হয়। এ ছাড়া আমজুর হাট থেকে উজিরপুর পর্যন্ত দেড় কিলোমিটার সড়কে কার্পেটিং করা হয়েছে। মৌলভীহাট থেকে বিকেবি ও মকবুল আলী সড়ক সংস্কারের জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হলেও এখনো কাজ শুরু হয়নি। বরলিয়া গ্রামে অধিবাসী জাফর আহমদ অভিযোগ করেন, সাবেক মদনগাজী সড়কটি (বর্তমানে আ ক ম শামসুজ্জামান সড়ক) যেদিকে বেশি খারাপ সেদিকে সংস্কার না করে শামসুজ্জামানের নিজের বাড়ির দিকে অপেক্ষাকৃত ভালো অংশে কিছুটা কাজ করে ফেলে রাখা হয়েছে। খলিল মীর ডিগ্রি কলেজের ছাত্র শীলপাড়া গ্রামের বাসিন্দা জয় মজুমদার জানান, শীলপাড়া কাঁচা সড়কটিতে বর্ষা মৌসুম ছাড়াও প্রায় সময় কাদা জমে থাকলেও এটি মেরামতের উদ্যোগ নেই। পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান জানান, তাঁর নামে সড়কটির সংস্কারকাজ বৃষ্টির কারণে যথাসময়ে করা হয়নি। কয়েক দিনের মধ্যে নতুন ইট এলে কাজ শুরু হবে। তিনি আরও জানান, বর্তমান সরকারের সময়ে এই ইউনিয়নের প্রধান সড়ক আমজুর হাট থেকে উজিরপুর সড়কসহ বরলিয়া-ওকন্যারা সড়ক, মেলঘর বাংলাবাজার সড়ক, হরিণখাইন থেকে কর্তালার অভ্যন্তরের সড়কগুলোর সংস্কার হয়েছে।