বরাদ্দ কম, চিকিৎসাসেবা ব্যাহত
প্রয়োজনীয় চিকিৎসক, চিকিৎসা-সরঞ্জাম ও ওষুধের অভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় চাহিদা অনুযায়ী ওষুধ ও সরঞ্জাম কেনা সম্ভব হচ্ছে না। এতে সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না বলে জানা গেছে। সূত্র জানায়, প্রায় ২০ হাজার শিক্ষক-শিক্ষার্থীর চিকিৎসাসেবার জন্য বছরে বরাদ্দ দেওয়া হয় ১৬ লাখ টাকা। এই টাকা থেকে পুরো বছরের ওষুধ ও চিকিৎসা-সরঞ্জাম কিনতে হয়। চিকিৎসাকেন্দ্রে কর্মরত চিকিৎসকেরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর শিক্ষার্থী বাড়ছে, সেই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে বাড়ছে রোগীর সংখ্যা। কিন্তু চিকিৎসা খাতে অর্থ বরাদ্দ বাড়েনি। ফলে প্রয়োজনীয় চিকিৎসা-সরঞ্জাম ও পর্যাপ্ত ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা যায়, দিনে গড়ে ২০০ জন রোগী এই কেন্দ্র থেকে চিকিৎসা নেয়। কিন্তু এখানে রক্তচাপ মাপা, জ্বরের তাপমাত্রা নির্ণয়, রক্ত ও প্রস্রাব পরীক্ষা ছাড়া আর কোনো রোগনির্ণয়ের সুবিধাই নেই। কেন্দ্রের চারটি রোগীর গাড়ির (অ্যাম্বুলেন্স) মধ্যে দুটি অনেক দিন থেকে বিকল হয়ে পড়ে আছে। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘এই চিকিৎসাকেন্দ্র থেকে স্যালাইন, হিস্টাসিন, প্যারাসিটামল ছাড়া আর তেমন কোনো ওষুধ দেওয়া হয় না। অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে বলা হয়।’সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক মাসুদ বলেন, ‘আমি কিছু মানসিক সমস্যা নিয়ে ওই চিকিৎসাকেন্দ্রে গেলে চিকিৎসক আমার কোনো বক্তব্য না শুনে কিছু ঘুমের ওষুধ দিয়ে দেন। পরে আমি শহরের এক মনোরোগ চিকিৎসকের কাছে গেলে তিনি আমাকে ওষুধের বদলে পরামর্শই দেন বেশি।’বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা তফাজ্জল হোসেন বলেন, ‘প্রয়োজনীয় ওষুধ যে দেওয়া হয় না, এ অভিযোগ সত্য নয়। এখান থেকে সাধারণত নিত্যপ্রয়োজনীয় ওষুধগুলোই বেশি পরিমাণে রোগীদের দেওয়া হয়। তবে আমাদের বরাদ্দ সীমিত। ছাত্র-শিক্ষক মিলে ২০ হাজার মানুষের জন্য বছরে বরাদ্দ মাত্র ১৬ লাখ টাকা। বরাদ্দ ২০ লাখ করলে ভালো মানের সেবা দিতে পারব।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। দৈনিক আটজন চিকিৎসক তিন পালায় (শিফট) দায়িত্ব পালন করেন। প্রথম পালায় পাঁচজন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত, দ্বিতীয় পালায় দুজন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং তৃতীয় পালায় একজন রাত নয়টা থেকে সকাল আটটা পর্যন্ত সেবা দেন। তবে কেন্দ্রে নারী চিকিৎসক রয়েছেন মাত্র একজন। কোনো সেবিকা নেই। আয়া আছেন একজন। নারী চিকিৎসক দায়িত্ব পালন করেন সকালের পালায়। কিন্তু সকালে অধিকাংশ ছাত্রী শ্রেণীকক্ষে থাকেন। বিকেলে কোনো নারী চিকিৎসক না থাকায় ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা সমস্যায় পড়েন বলে অভিযোগ করেন তাঁরা।ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন জাহান জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ ছাত্রীর জন্য একজন মাত্র নারী চিকিৎসক। তাঁকেও আবার সব সময় পাওয়া যায় না। মেয়েদের অনেক সমস্যা থাকে। এসব সমস্যা পুরুষ চিকিৎসকের কাছে খোলামেলা বলা সম্ভব হয় না। কেন্দ্রে শিগগিরই একাধিক নারী চিকিৎসক ও একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের নানা সমস্যার কথা স্বীকার করে ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রটির জন্য আধুনিক সরঞ্জাম ও ভালো ওষুধ কেনার জন্য পর্যাপ্ত অর্থের প্রয়োজন। আমাদের সীমিত সামর্থ্যের কারণে চিকিৎসা খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে পারছি না।’মেয়েদের সেবা দেওয়ার জন্য একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্বক্ষণিক সেবিকা থাকার প্রয়োজনের কথা স্বীকার করে তিনি জানান, ‘আমি চেষ্টা করছি। আশা করি, খুব দ্রুতই এ সমস্যার সমাধান করতে পারব।’