বরাদ্দ নেই, তাই উন্নয়নও কম
চট্টগ্রামের উন্নয়নে সরকারের কাছ থেকে প্রত্যাশিত অর্থ পাওয়া যাচ্ছে না। ফলে অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেও বাস্তবায়ন করতে পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। গত অর্থবছরে করপোরেশনের প্রস্তাবিত উন্নয়ন বাজেটের মাত্র এক-তৃতীয়াংশ অর্থ খরচ করা হয়েছে। অবশিষ্ট অর্থ সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। গত মঙ্গলবার ঘোষিত সিটি করপোরেশনের সংশোধিত বাজেট বিশ্লেষণে এ তথ্য জানা যায়।সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১০-২০১১ অর্থবছরে উন্নয়ন খাতে বরাদ্দ ছিল ৩৫৯ কোটি ১৯ লাখ টাকা। কিন্তু বছর শেষে সরকার থেকে পাওয়া যায় মাত্র ১১২ কোটি ৩৭ লাখ টাকা।এ টাকার পুরোটাই গত অর্থবছরে উন্নয়নকাজে ব্যয় করা হয়। বিশ্বকাপ উপলক্ষে নগরের সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন, খাল সংস্কার, সড়ক মেরামত ইত্যাদি খাতে এ ব্যয় হয় বলে জানা গেছে। একই খাতে আগের অর্থবছরে (২০০৯-২০১০) অর্থপ্রাপ্তির প্রস্তাব ছিল দুই হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু সরকারি বরাদ্দ মিলেছে মাত্র ৯০ কোটি টাকার। তখন করপোরেশনের মেয়র ছিলেন আওয়ামী লীগের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, গত অর্থবছরে উন্নয়ন খাতে প্রস্তাবিত অর্থ পাওয়া গেলে দেওয়ানহাট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৪ কিলোমিটার দীর্ঘ তিনটি উড়াল সড়কের (ফ্লাইওভার) কাজ শুরুর পরিকল্পনা ছিল।পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে ১০০ একর জায়গা অধিগ্রহণ করে বিশেষ পর্যটন এলাকা গড়ার কাজে হাত দেওয়া যেত। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সড়ক, নালা নির্মাণ ও সংস্কার, আবর্জনা অপসারণ-পদ্ধতির আধুনিকায়ন প্রভৃতি করার কর্মপরিকল্পনা নেওয়া হয়েছিল। অর্থ স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা সরকারি অনুদানের ওপর ভিত্তি করে উন্নয়ন বাজেট প্রণয়ন করে থাকি। যে পরিমাণ টাকা উন্নয়ন বাজেটে বরাদ্দ দেওয়া হয়, সেটা আমরা সরকারের কাছ থেকে পাব বলে ধরে নিয়ে বাজেট করি। কিন্তু চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখা যায়, প্রত্যাশার চেয়ে অনেক কম টাকা পাওয়া যায়। অথচ সরকার বলে অনেক কথা।’করপোরেশনের কর্মকর্তারা জানান, ‘আগামী অর্থবছরের জন্য ৪৪৬ কোটি টাকা উন্নয়ন বাজেট ধরা হয়েছে। শহরের সময়োপযোগী উন্নয়ন নিশ্চিত করতে ওই অর্থ আমাদের প্রয়োজন। সরকার বাজেটের পুরো টাকা না দিলে উন্নয়নকাজও কম হতে বাধ্য।’জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মোট অর্থসংস্থানের উৎস তিনটি। এগুলো হচ্ছে—নিজস্ব উৎস থেকে প্রাপ্তি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থোক বরাদ্দ এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া অর্থ। আগামী অর্থবছরের জন্য নিজস্ব উৎসে অর্থপ্রাপ্তি দেখানো হয়েছে ৬৪০ কোটি টাকা। কিন্তু বাস্তবে বছর শেষে এ প্রাপ্তির পুরোটাই আসবে কি না, তা নিয়ে এবারও সংশয় রয়েছে।সূত্রমতে, করপোরেশনের নিজস্ব উৎস থেকে আয় বছরে কম-বেশি ১৫০ কোটি টাকা। শুধু করপোরেশনে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় খরচ হয় প্রায় সোয়া শ কোটি টাকা। বিভিন্ন বিদ্যালয় ও কলেজে ভর্তুকি, বিদ্যুৎ বিল, কলকারখানায় মেরামত ও সংস্কার খাতে বাদবাকি ২৫ কোটি টাকার পুরোটাই খরচ হয়ে যায়। এ কারণে উন্নয়ন খাতে সরকার থেকে যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায়, মূলত সে অর্থেই উন্নয়ন কর্মকাণ্ড চলে। দেখা যায়, অভ্যন্তরীণ খাতে যে অর্থপ্রাপ্তি দেখানো হয়েছে সেগুলোর মধ্যে প্রধান উৎস গৃহকর। বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে এ খাতে বকেয়ার পরিমাণ ৪৮৮ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বকেয়ার পরিমাণ প্রায় ৪০৭ কোটি ৫০ লাখ টাকা। এ অর্থ বাদ দিলে সিটি করপোরেশন বিভিন্ন দোকানভাড়া, গৃহকর, জরিমানা, ব্যাংকের সুদ, বিভিন্ন ফি ইত্যাদি খাত থেকে আয় দেখিয়েছে ১৫২ কোটি টাকা।উন্নয়ন ব্যয়ের বাইরে সিটি করপোরেশনে প্রধান ব্যয়ের খাত হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পারিশ্রমিক। চট্টগ্রাম সিটি করপোরেশনে বর্তমানে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা সাড়ে তিন হাজারেরও বেশি। আগামী অর্থবছরে তাঁদের বেতন-ভাতা ধরা হয়েছে ১২৬ কোটি টাকা।গত অর্থবছরে এ ব্যয় ধরা হয়েছিল ৯৭ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত তাতে ব্যয় হয় ৮৮ কোটি টাকা। বকেয়া বেতন-ভাতার পুরো টাকাই সিটি করপোরেশনের নিজস্ব খাতের আয় থেকে পরিশোধ করা হয়।