বরাদ্দ নেই, দুটি ফায়ার স্টেশন নির্মাণকাজ বন্ধ
খাগড়াছড়িতে প্রতিবছর ছোট-বড় বহু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সামাল দেওয়ার সামর্থ্য নেই জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের। মাত্র দুটি ফায়ার স্টেশন দিয়ে চলছে জেলার অগ্নিনির্বাপণের কাজ। জেলার মাটিরাঙ্গা ও দীঘিনালা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণকাজ শুরু হলেও বরাদ্দের অভাবে বন্ধ হয়ে গেছে মাঝপথে। লক্ষ্মীছড়ি উপজেলায় জমি অধিগ্রহণ করা হলেও নির্মাণকাজ শুরু হয়নি এখনো।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস কার্যালয় সূত্র জানায়, এই বিভাগের আওতায় জেলার আট উপজেলার পাশাপাশি রাঙামাটির বাঘাইছড়ির মতো দুর্গম এলাকাও রয়েছে; অথচ ফায়ার স্টেশন আছে মাত্র দুটি। একটি জেলা সদরে এবং অন্যটি রামগড় উপজেলায়। গত সাত মাসে জেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ৪৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জেলার গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণের কাজ এক বছর ধরে টাকার অভাবে বন্ধ আছে। দরপত্রের মাধ্যমে এই ফায়ার স্টেশন নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার এস অনন্ত ত্রিপুরা। তিনি জানান, ২০১১-১২ অর্থবছরে এক কোটি ৫৩ লাখ টাকা বাজেটের এই ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হলেও এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ৬৩ লাখ টাকা। এর মধ্যে ৮০ শতাংশ নির্মাণকাজও শেষ হয়েছে। তবে টাকা ছাড় না হওয়ায় এক বছর ধরে কাজ বন্ধ আছে।
এক কোটি ৩৭ লাখ টাকা বাজেটের দীঘিনালা ফায়ার স্টেশন নির্মাণের কাজ পেয়েছেন ঠিকাদার মো. কাশেম। তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরে ফায়ার স্টেশন নির্মাণের কাজ শুরু হওয়ার পর গণপূর্ত বিভাগ থেকে এ পর্যন্ত পাওয়া গেছে ৬৩ লাখ টাকা। এর মধ্যে ২৩ লাখ টাকা খরচ হয়েছে জমি অধিগ্রহণের কাজে। বাকি টাকায় ভবনের মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন করা গেছে। টাকা ছাড় না হওয়ায় গত ছয়-সাত মাস বন্ধ আছে ভবন নির্মাণের কাজ।
এ ছাড়া লক্ষ্মীছড়ি উপজেলায় ফায়ার স্টেশনের জন্য জায়গা অধিগ্রহণ করা হয়েছে। বরাদ্দ না থাকায় এখানে এখনো নির্মাণকাজই শুরু হয়নি।
গণপূর্ত বিভাগ খাগড়াছড়ির নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন জানান, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় মাটিরাঙ্গা ও দীঘিনালা উপজেলায় ফায়ার স্টেশনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলার ফায়ার স্টেশনের জন্য জমি অধিগ্রহণ করা হলেও এখনো কোনো বরাদ্দ দেওয়া হয়নি।
খাগড়াছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইদ্রিস জানান, জেলায় ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার স্টেশনের সংখ্যা বাড়েনি। তিনি বলেন, ‘সর্বশেষ গত ২৩ জুলাই পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটে। খাগড়াছড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের সময় লাগে ৪১ মিনিট। দেরিতে পৌঁছানোয় ক্ষয়-ক্ষতি অনেক বেশি হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাটে আগুন লাগে। আমরা ঘটনাস্থলে পৌঁছালেও কোনো কিছুই করতে পারিনি। কারণ, ওই এলাকায় তখন পানি ছিল না।’