বরিশালসভার চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৫ মার্চ বেলা তিনটায় ৩২ বন্ধু কীর্তনখোলা নদী পার হয়ে বাসে উঠে পড়লাম। কিছুক্ষণ বাস, নৌকা, ভটভটি, হাঁটাপথ পাড়ি দিয়ে বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছালাম নদী ও সবুজে ঘেরা পাটকাঠি গ্রামে।
এই গ্রামেই অনুষ্ঠিত হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং বিনা মূল্যে চিকিত্সাসেবা। ফিরোজা বেগম ট্রাস্ট এবং বন্ধুসভা যৌথভাবে উদ্যোগ নেয় এই চিকিৎসাসেবার। সহযোগিতা দেয় ডিডব্লিউএফ ম্যাটস ও নার্সিং ইনস্টিটিউট। ওষুধ সংগ্রহে নামলেন বন্ধু সুদীপ কুমার নাথ এবং প্রথম আলো প্রতিনিধি। সহযোগিতাও পাওয়া গেল।
এসকেএফ, অপসোনিন বাংলাদেশ, বরিশাল সিটি করপোরেশন, ডা. নজরুল ইসলাম, ডা. শিখা সাহা, মানষী বৈদ্য সামর্থ্য অনুযায়ী ওষুধ দিলেন। সব মিলে প্রায় ৫০ হাজার টাকার ওষুধ। বিনা পারিশ্রমিকে চিকিত্সা দিতে রাজি হলেন ডা. মানষী বৈদ্য, রামেন্দ্র, আমিনুল ইসলাম। প্যাথোলজি সেবার জন্য সঙ্গী হন নাদিরা আক্তার, রোকসানা, উত্তম বায়েন, মিলন রায়, শাহীন মিয়া।
বন্ধু সুদীপের ইচ্ছা গ্রামের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। বিনা মূল্যে চিকিত্সাসেবা নিয়ে যেতে হবে। একই সঙ্গে গ্রামেই ২৬ মার্চ উদ্যাপন করব।
সন্ধ্যা সাতটায় পাটকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হলো স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এই আয়োজনটি ফিরোজা বেগম ট্রাস্ট এবং বন্ধুসভা যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠান শুরু হতেই মানুষের ঢল নামে মাঠে। অনুষ্ঠান শুরু হয় কোরিওগ্রাফি দিয়ে। এরপর বন্ধু মুনিয়া রহমান রচি ও শামরি রহমান শুচির নৃত্য; সঞ্জয়, সাগর, অমিত হাসান অভির সংগীতের সঙ্গে যুক্ত হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ফাঁকে ফাঁকে স্বাধীনতা দিবস উপলক্ষে কথামালায় অংশ নেন অনেকে। কোরিওগ্রাফির মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেন বন্ধুরা। সবশেষে পরিবেশিত হয় মৈমনসিংহ গীতিকা অবলম্বনে গীতিনৃত্য নাটক সোনাই মাধব।
রাত পার করে সকাল হতেই বিদ্যালয়ের মাঠে মানুষের ভিড়। সকাল থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একটানা চলে চিকিৎসাসেবা। প্যাথোলজি পরীক্ষার অংশ হিসেবে ডায়াবেটিস এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।