বরেন্দ্র এলাকায় পানির জন্য নারীর দিনে যায় সাত ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের বরেন্দ্র এলাকার নারীরা গৃহস্থালি কাজে শুধু পানির জন্য দিনে সোয়া সাত ঘণ্টা ব্যয় করেন। পানি সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার বাবদ তাঁরা এই সময় দেন। অন্যদিকে পুরুষেরা পানির পেছনে সব মিলিয়ে ব্যয় করেন মাত্র ১৯ মিনিট। গোসল ও টয়লেটের কাজে পানি ব্যবহার বাবদ তাঁরা এই সময় ব্যয় করে থাকেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক কে এম রবিউল করিম, সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারিয়া ইমিলিন, থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক একাডেমি পি রেসুরেকশন ও সুইডিশ ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ বিভাগের সারাহ ওয়ামলার এক যৌথ গবেষণায় এই তথ্য বেরিয়ে এসেছে। বরেন্দ্র এলাকার তিনটি গ্রামের ওপর করা ওই গবেষণার ফলাফল গ্লোবাল ওয়াটার ফোরামের অনলাইনে ২০১৪ সালে প্রকাশিত হয়।
গবেষণায় দেখা গেছে, শুষ্ক মৌসুমে বরেন্দ্র অঞ্চলে পানির চাহিদা বেড়ে যায়। তখন নারীরা পানি সংগ্রহ এবং পারিবারিক কাজে পানির
ব্যবহার নিয়ে আরও বেশি সংকটে পড়েন। পানির কারণে নারীরা পারিবারিক নির্যাতনের শিকার হন। পানির সংকট হওয়া এলাকায় সামাজিক সংঘাতও বাড়ে।
গবেষণাটি সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক কে এম রবিউল করিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পানি নিয়ে নারীদের পারিবারিক জীবনের সংকটের অন্যতম কারণ বরেন্দ্র এলাকার পানি সরবরাহ ব্যবস্থা নারীবান্ধব নয়। কেননা, বেশির ভাগ পানির সরবরাহ লাইন কৃষিকাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, যা ঘরবাড়ি থেকে বেশ দূরে। ফলে তার ব্যবহার স্বাভাবিকভাবেই পুরুষেরা বেশি করেন। নারীরা গৃহে অবস্থানের কারণেই ওই পানির সুবিধা পান না।
গবেষণাটিতে আরও দেখা গেছে, শুষ্ক মৌসুমে নারীরা বহু দূরে বরেন্দ্র প্রকল্পের সরবরাহ লাইন থেকে পানি সংগ্রহ করতে যাচ্ছেন। এতে তাঁদের বাড়তি পরিশ্রম হচ্ছে। পরিবারে তাঁদের দেওয়া সময়ের পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে পানি আনতে গিয়ে অন্য নারীদের সঙ্গে তাঁদের সংঘাত তৈরি হচ্ছে। রান্না করতে দেরি হওয়া, গোসল ও টয়লেটের পানি সরবরাহে দেরি হওয়াসহ নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। পরিবারের মধ্যেও পানির এই সংকট নারীর ওপর সহিংসতার পরিমাণ বাড়িয়ে দিচ্ছে।
গবেষণায় বলা হয়েছে, একসময় বরেন্দ্র এলাকার পুকুর ছিল নারীদের পানি সংগ্রহের সবচেয়ে প্রধান স্থান। কিন্তু বর্তমানে বেশির ভাগ পুকুর মাছ চাষে ব্যবহৃত হচ্ছে। ফলে ওই পুকুরের পানি নারীদের হাত থেকে পুরুষের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বরেন্দ্রসহ সব প্রকল্পে ঘরে পানি সরবরাহ ব্যবস্থা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ওয়াসার মতো গ্রামেও ছোট ছোট পানির পাম্পের মাধ্যমে পানি সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে।
এক প্রশ্নের জবাবে গবেষক রবিউল করিম বলেন, বর্তমানে পানির সরবরাহ কিছুটা বেড়েছে, কিন্তু নারীদের জন্য অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি।