বর্জ্য অপসারণ ও মশা নিধনে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি: মেয়র
নগরের বিভিন্ন স্থান থেকে আবর্জনা দ্রুত সরিয়ে ফেলা এবং মশানিধনের নতুন উদ্যোগের কথা বলেছেন মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি বলেন, ‘নগরে মানুষ বেড়েছে। তাই আমরাও সেভাবে প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে ৪০ কোটি টাকা ব্যয়ে আবর্জনা পরিষ্কারের জন্য ১৫টি নতুন গাড়ি এবং চারটি আবর্জনাবাহী কনটেইনার মোভার কেনার সিদ্ধান্ত নিয়েছি। এগুলো কেনার কার্যক্রমও শুরু হয়ে গেছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে আরও আধুনিক করা যায় তা নিয়েও বাস্তবভিত্তিক পরিকল্পনা নেওয়া হচ্ছে।’ মেয়র বলেন, ‘নগরের কোনো কোনো এলাকায় মশার উৎপাত কিছুটা বেড়েছে। এজন্য প্রচলিত পদ্ধতির ওষুধ ও তেল ছিটিয়ে মশার উৎপাদন এলাকা ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া আমরা শিগগিরই দরপত্রের মাধ্যমে মশার ডিম ধ্বংসকারী লার্ভিসাইড কেনার উদ্যোগ নিয়েছি।’ তিনি বলেন, ‘নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণেও মশার উপদ্রব বেড়েছে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা খাল ও নালা পরিষ্কার করার পাশাপাশি নতুন খাল খননেরও উদ্যোগ নিয়েছি। এসব কাজ সম্পন্ন হলে মশার উৎপাত একেবারেই কমে যাবে।’