বর্জ্য অপসারণ করবে ২০০ গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার কোরবানি ঈদে চট্টগ্রাম শহরের ময়লা-আবর্জনা ও কোরবানি পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব ১০০ ট্রাক ও পে লোডার ছাড়াও অতিরিক্ত ১০০ ট্রাক ভাড়া করছে। পশুর বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত থাকবে তিন হাজার পরিচ্ছন্ন কর্মী। সার্বক্ষণিক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকের জন্য ২০টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।গতকাল বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনে আসন্ন কোরবানি পশুর বর্জ্য পরিষ্কারসংক্রান্ত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর এম এ মালেককে সমন্বয় কমিটির প্রধান করা হয়েছে। তবে পুরো কার্যক্রম মেয়র মোহাম্মদ মন্জুর আলম নিজেই তদারক করবেন বলে জানান।মেয়র প্রথম আলোকে বলেন, ‘এবারের কোরবানি পশুর বর্জ্য অপসারণে আমরা মাইলফলক স্থাপন করতে চাই। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবারের পরিচ্ছন্নতার কাজ দ্রুত ও সুচারুভাবে হবে। বর্জ্য অপসারণের কাজে নিজস্ব ১০০টি গাড়ির পাশাপাশি আরও ১০০টি ট্রাক ভাড়া করা হবে।’ তিনি বলেন, ‘সঠিকভাবে পরিচ্ছন্ন-কাজ চালাতে আমরা জনগণের সহযোগিতা চাই।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম শহরে চার লাখ পরিবার বসবাস করে। এদের মধ্যে অন্তত দুলাখ পরিবার কোরবানি দেবে—এমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই আমরা বর্জ্য অপসারণ কাজের প্রস্তুতি নিচ্ছি।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কোরবানি পশুর বর্জ্য অপসারণের জন্য তিন দিন ধরে করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কাজ করবেন। চট্টগ্রাম মহানগরকে দুভাগে ভাগ করে পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হবে। একাধিক ওয়ার্ড কাউন্সিলর বলেন, কোরবানি পশুর বর্জ্য অলিগলিতে ফেলে রাখলে পরিচ্ছন্ন কর্মীদের সমস্যা হয়। তা ছাড়া বেশিক্ষণ জমে থাকলে তাতে পরিবেশও দূষিত হয়। এজন্য অপেক্ষাকৃত খোলা এলাকায় পশু জবাই করতে জনগণকে উদ্বুদ্ধ করছেন তাঁরা। ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশনের বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা কাছের ডাস্টবিনে পশুর আবর্জনা ফেলার জন্য প্রতিটি মানুষের কাছে আবেদন জানাচ্ছি। এতে বর্জ্য অপসারণ কাজের গতি দ্রুত হয়। যেখানে সেখানে পশুর বর্জ্য ফেলে রাখলে তা অপসারণ করতে দেরি হয়, তাতে পরিবেশও দূষিত হয়।’ তিনি বলেন, যদি ডাস্টবিনের আশপাশের খোলা জায়গায় একসঙ্গে একটি এলাকার গরু-ছাগল জবাই করে সেগুলোর বর্জ্য ওই ডাস্টবিনে ফেলা যায় তাহলে খুব ভালো হয়। তাতে করপোরেশনের লোকজন জবাই করা পশুর রক্ত পরিষ্কার করার পর সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেবে। সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান বলেন, ‘আমরা কোরবানি ঈদের আগের দিন নগরের প্রতিটি অলিগলি পরিচ্ছন্ন করে দেব যাতে পশু জবাই করতে কোনো সমস্যা না হয়। কোরবানির দিন ও পরের দিন চলবে পুরোমাত্রায় পরিচ্ছন্নতার কাজ। এজন্য লোকবলের পাশাপাশি পানি এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার সংগ্রহ করা হয়েছে।’