বর্জ্য অপসারণে অপর্যাপ্ত ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে বাসা থেকে বের হতেই রাস্তাজুড়ে আবর্জনার স্তূপ দেখে গা গুলিয়ে ওঠে। আবর্জনা মাড়িয়ে প্রাত্যহিক কাজে গেলে সারাদিন অস্বস্তির মধ্যে কাটে।’ বাসার সামনের রাস্তায় আবর্জনা দেখিয়ে এভাবেই বললেন আগ্রাবাদ মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা শুভাশীষ শর্মা। নগরের বিভিন্ন স্থানে প্রাত্যহিক বর্জ্যের কারণে এ রকম নানা অসুবিধায় পড়ছেন নগরবাসী। নগরের বেশির ভাগ ওয়ার্ডের অনেক জায়গায় আবর্জনা ডাস্টবিন উপচে রাস্তায় সয়লাব হয়ে যেতে দেখা যায়।বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরের সরু গলিগুলোর অবস্থা আরও খারাপ। এখানে ডাস্টবিন বসানো সম্ভব হয় না বলে যে যার ইচ্ছেমতো বাড়ির সামনে ময়লা ফেলেন। কিছু আবাসিক এলাকার লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় ময়লা-আবর্জনা সংগ্রহের ব্যবস্থা নিয়েছে। কিন্তু এসব ময়লা-আবর্জনা বড় রাস্তার পাশের ডাস্টবিনে ফেলে আসা হয় বলে অভিযোগ আছে। সময়মতো করপোরেশনের গাড়ি এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে না। ফলে দুর্গন্ধে এসব রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। আমিরবাগ আবাসিক এলাকার বাসিন্দা ফাহ্দ-বিন-আমিন বলেন, ‘আমাদের এলাকায় সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় প্রাত্যহিক বর্জ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হয়। তারপর ভ্যানে করে বড় ডাস্টবিনে ফেলা হয়। ফলে বর্জ্যের কারণে কোনো ভোগান্তিতে পড়তে হয় না।’তবে বহু জায়গায় বিভিন্ন স্থান থেকে সংগৃহীত আবর্জনা পাশের নালায় ফেলার চিত্রও দেখা গেছে। এতে নালার নোংরা পানি উপচে পড়ছে। এ ব্যাপারে ২৪ নম্বর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ‘আমার এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। এত লোকের প্রাত্যহিক বর্জ্য প্রতিদিন অপসারণ করতে যে পরিমাণ জনবল দরকার তা আমার নেই। যার ফলে বর্জ্য অপসারণ করতে একটু সময় লাগে। আশা করি, ভবিষ্যতে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে।’নগরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে অস্থায়ী ডাস্টবিনে ময়লা ফেলার কারণে পথচারীদের সমস্যায় পড়তে হয়। দুর্গন্ধ আর উপচে পড়া ময়লার কারণে ফুটপাত দিয়ে হাঁটা কঠিন হয়ে পড়ে।জানতে চাইলে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর আবদুল মালেক জানান, ‘রাস্তার পাশে যেসব স্থানে ময়লা ফেলা হয় আমরা সেসব স্থান থেকে অতি দ্রুত অপসারণের চেষ্টা করি। তারপরও মাঝেমধ্যে লোকবলের অভাবে দেরি হয়ে যায়।’ ডাস্টবিনের দুর্গন্ধ ছড়ানোর কারণে অধিকাংশ বাড়ির মালিকেরা নিজেদের বাড়ির কাছাকাছি ডাস্টবিন স্থাপনে বাধা দেন। ফলে বিশাল এলাকাজুড়ে বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে। করপোরেশন সূত্র জানায়, প্রাত্যহিক বর্জ্য অপসারণের জন্য নগরে প্রায় ৭০টি ট্রাক এবং ৬০টি রিকশাভ্যান আছে। ট্রাকগুলো বড় রাস্তার ডাস্টবিন এবং রিকশাভ্যান গলির ভেতরের ডাস্টবিনের ময়লা নিয়ে আসে। করপোরেশন এসব বর্জ্য পুনর্ব্যবহারের উপযোগী করতে নগরের সাগরিকা এলাকায় একটি বর্জ্য শোধনাগার (ট্রিটমেন্ট প্লান্ট) বসিয়েছে। এখানে বর্জ্য পৃথক করার মাধ্যমে আংশিক ব্যবহার করে জৈব সার উৎপাদন করা হয়। কিছু আবর্জনা থেকে দিনে আধাটন করে সার পাওয়া যায়। বাকি আবর্জনা রউফাবাদ ও হালিশহর এলাকায় নিয়ে ফেলা হচ্ছে। এ বর্জ্য ঝড়-বৃষ্টির কারণে শেষ পর্যন্ত নালা নর্দমা গড়িয়ে কর্ণফুলী নদী ও বঙ্গোসাগরে গিয়ে পড়ে বলে জানা যায়। জানতে চাইলে করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘বর্জ্য অপসারণে আরও গতি আনতে আমরা ইতিমধ্যে বেশ কিছু নতুন কনটেইনার (ডাস্টবিন) স্থাপন করেছি। আরও ডাস্টবিন স্থাপনের কাজ চলছে।’ তিনি বলেন, করপোরেশনের পাশাপাশি জনসাধারণ উদ্যোগী হলে বর্জ্য নিয়ে নগরবাসীর দুর্ভোগ কমবে।