বর্জ্যে ব্যবহারের অযোগ্য হচ্ছে আগ্রাবাদ ডোবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়াবহ দূষণের শিকার হচ্ছে আগ্রাবাদ এলাকার ‘আগ্রাবাদ ডোবা’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী বিশাল দীঘিটি। এর চার পাড়ে গড়ে উঠেছে বাড়িঘরসহ নানা স্থাপনা। এসব স্থাপনা ও বাসা-বাড়ির বর্জ্য ফেলা হয় ডোবায়। এতে ডোবার পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগ্রাবাদ ডোবার আয়তন প্রায় ১৯ দশমিক ৭৮ একর। ব্রিটিশ আমলে চট্টগ্রাম রেলস্টেশন থেকে বন্দর পর্যন্ত রেললাইন স্থাপনের সময় প্রয়োজন পড়ে প্রচুর মাটির। মূলত মাটি সংগ্রহের জন্য আগ্রাবাদ এলাকায় যে জমি খনন করা হয়, তা বিশাল জলাশয়ে পরিণত হয়, যা পরবর্তীকালে আগ্রাবাদ ডোবা হিসেবে পরিচিত পায়।ডোবার পাড়ে রয়েছে রেলওয়ে ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার। এখানে একসময় সুইমিং পুল ছিল। বন্দর ও রেলওয়েতে পানি সরবরাহের জন্য ছিল বড় একটি জলাধারও। বর্তমানে সেই সুইমিং পুলের চিহ্নই নেই। পরিত্যক্ত অবস্থায় রয়েছে জলাধারটি। ডোবার দক্ষিণ পাড়েই গড়ে উঠেছে বেশ কিছু ছোট-বড় ঘরবাড়ি। পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু বস্তিও। এসব বস্তিসহ চার পাড়ের বাসিন্দারাই প্রতিদিন বিভিন্ন বর্জ্য ও আবর্জনা ডেবায় ফেলেন। এতে দূষিত হচ্ছে পানি। ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে ডেবাটি।ডেবার পাড়ের বাসিন্দা ফজলুল হক বলেন, ‘প্রতিদিন ময়লা ফেলার কারণে ধীরে ধীরে ডেবার পানি দূষিত হচ্ছে। ময়লা-আবর্জনায় ভরাট হয়ে এর গভীরতাও কমে যাচ্ছে। সরকারি বেসরকারি কোনো কর্তৃপক্ষই এ ব্যাপারে মাথা ঘামাচ্ছে বলে মনে হয় না। এ অবস্থা চলতে থাকলে একসময় আর এ দীঘির পানি ব্যবহারযোগ্য থাকবে না।’