
সড়কের ওপর আড়াআড়ি করে রাখা সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। গাড়িগুলো ওই স্থানে এসে গতি হারাচ্ছে। দীর্ঘ যানজটেই দুর্ভোগের শেষ হলে কথা ছিল না; বর্জে্যর উৎকট দুর্গন্ধ যেন নরকযন্ত্রণা টের পাইয়ে দেয় সড়কে চলাচলকারীদের।
নবাব সিরাজউদ্দৌলা সড়কের দিদার মার্কেট এলাকায় বর্জ্যবাহী কনটেইনারের কারণে এভাবে ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। নগরের ৪১টি ওয়ার্ডে এ ধরনের বর্জ্যবাহী ৯৩টি কনটেইনার সড়ক ও ফুটপাতের ওপরেই রাখা হয়েছে। এ তথ্য দিয়েছেন সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। প্রয়োজনীয় জায়গা না পাওয়ায় বাধ্য হয়ে এভাবে কনটেইনার রাখতে হচ্ছে বলে জানান তিনি। আর নগরের অন্তত ১০টি এলাকা ঘুরে এর সত্যতাও পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায়, মেহেদীবাগ এলাকা, সিরাজউদ্দৌলা সড়ক, চকবাজারের প্যারেড ময়দানের পাশের সড়ক, বহদ্দারহাটের হক মার্কেটের সামনের সড়ক, রিয়াজউদ্দিন বাজারের তিন পোল এলাকা, এম এম আলী সড়ক, চট্টেশ্বরী মোড়, কাজীর দেউড়ির আলমাস সিনেমা হলের বিপরীতে সড়কে কনটেইনার রাখা হয়েছে। এ ছাড়া কাজীর দেউড়ি ও জিইসি মোড়ে বর্জ্যবাহী কনটেইনার রাখা হয়েছে ফুটপাতে।
বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট, চট্টগ্রাম চ্যাপ্টারের আহ্বায়ক আলী আশরাফ প্রথম আলোকে বলেন, সড়ক ও ফুটপাতের ওপর খোলা অবস্থায় বর্জ্যবাহী কনটেইনার রাখার বিষয়টি জনস্বাস্থে্যর জন্য হুমকিস্বরূপ। নগরবাসীর চলাচলের পথে এভাবে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়, যা দেখতে বিশ্রী লাগে। উৎকট গন্ধও নাকে এসে লাগে। আর একই কারণে ফুটপাত ও সড়ক পরিপূর্ণভাবে ব্যবহার করা সম্ভব হয় না।
এসব কনটেইনারের ময়লা–আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ পথচারী ও এলাকার লোকজনের। গত সপ্তাহে বিভিন্ন এলাকায় ঘুরে দিনের অধিকাংশ সময় কনটেইনারের আশপাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকতে দেখা গেছে।
শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, এই সমস্যা নিরসনে নগরের ১০টি ওয়ার্ডে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) স্থাপন করা হচ্ছে। এসব স্টেশনের নির্মাণকাজ শেষ হলে সড়কে কনটেইনার রাখার ঝামেলা থাকবে না।
করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এসব স্টেশন নির্মাণ করা হবে। ‘আরবান পাবলিক অ্যান্ড এনভায়রমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামের এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি টাকা। মেসার্স বেলাল অ্যান্ড ব্রাদার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এসব স্টেশন নির্মাণের কার্যাদেশ পেয়েছে। প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা আগামী জুন পর্যন্ত।
নগরের দিদার মার্কেট এলাকার ব্যবসায়ী আবদুল হক বলেন, একে তো কনটেইনার রেখেছে রাস্তার ওপর, নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে থাকে আশপাশে। এতে দুর্গন্ধে হাঁটাচলা দায় হয়ে পড়েছে।
নগরের মেহেদীবাগ সড়ক দিয়ে নিয়মিত গাড়ি নিয়ে যাতায়াত করেন হিউম্যানহলারের চালক আশরাফ আলম। তিনি বলেন, সড়কের প্রশস্ততা এমনিতেই কম। তার ওপর আবার রাখা হয়েছে কনটেইনার। এ কারণে যানজট লেগেই থাকে।
সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বর্জ্য রাখার জন্য টাইগারপাস, চান্দগাঁও এলাকার এফআইডিসি সড়কসহ নগরের ১২টি স্থান বাছাই করা হয়েছে।
করপোরেশন সূত্র জানায়, ইতিমধ্যে চারটি স্টেশনের নির্মাণকাজ প্রায় শেষের পথে। আর তিনটির নির্মাণকাজ শুরু হয়েছে। বাকিগুলোর কাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে।