দ্রোহে-প্রেমে-প্রতিবাদে কবিতা সব সময় থাকে মানুষের পাশে। সাহস জোগায় সামনে এগোনোর। এ কবিতা নিয়েই গত দুদিনব্যাপী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বসে আবৃত্তি উৎসব। ‘কাব্য কৃষ্টি’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করে বর্ণ আবৃত্তি পাঠশালা।
গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান উদ্বোধন করেন মো. মাসুম চৌধুরী। শুরুতেই স্বরচিত কবিতা নিয়ে মঞ্চে আসেন কবি স্বপন দত্ত, ওমর কায়সার ও কামরুল হাসান। এরপর আবৃত্তিশিল্পী মিলি চৌধুরীর পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। তিনি একে একে আবৃত্তি করেন ‘প্রশ্ন’, ‘কাল্লু’, ‘নিজের কাছে স্বীকারোক্তি’সহ আটটি কবিতা।
আবৃত্তির ফাঁকে গিটারে সুর তোলেন ইমরান ফারুকী। তিনি গেয়ে শোনান ‘আমি সারা রাত’, ‘দূর বহুদূর’ ও ‘তুমি কি দেখেছ’ তিনটি গান। রণজিৎ রক্ষিতের ‘কপোতাক্ষ নদ’, ‘ত্রাণ’সহ ১৩টি কবিতা পরিবেশনের মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আয়োজন।
দ্বিতীয় দিনের অনুষ্ঠানের শুরুতে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিশ্বজিৎ চৌধুরী, আকতার হোসাইন ও নাজিমুদ্দীন। এরপর প্রমা আবৃত্তি সংগঠন পরিবেশন করে বৃন্দ আবৃত্তি ‘চিরকালের প্রমিথিউস’। প্যান্টোমাইম মুভমেন্টের সদস্যরা পরিবেশন করেন ‘লিচু চোর’ কবিতা অবলম্বনে মূকাভিনয়।