বর্ণবাদের অভিযোগে কাঠগড়ায় টিনটিন
খোদ জন্মভূমি বেলজিয়ামেই বেকায়দায় পড়েছে বিশ্ববিখ্যাত কমিক চরিত্র টিনটিন। চিত্রকাহিনিতে বর্ণবাদ ও জাতিবিদ্বেষের অভিযোগে সম্প্রতি আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে কল্পিত এ চরিত্রকে। রায় অতি শিগগিরই।টিনটিন সিরিজের দ্বিতীয় কমিক বই ১৯৩০ ও ১৯৩১ সালের মধ্যে প্রকাশিত টিনটিন ইন দ্য কঙ্গো নিষিদ্ধ করার জন্য আদালতের দারস্থ হয়েছেন বিয়েঁভেনু মবুতু মোনডোনডো নামে কঙ্গোর এক নাগরিক। পেশায় হিসাবরক্ষক মোনডোনডো বেলজিয়ামের একটি দেওয়ানি আদালতে আবেদন করেছেন, বইটি নিষিদ্ধ না করা হলেও অন্তত এতে এ সতর্ক বার্তা সেঁটে দেওয়া হোক যে এর কিছু বিষয়বস্তু পাঠকের মনে আঘাত দিতে পারে। মোনডোনডোর অভিযোগ, কমিক বইটি শ্বেতাঙ্গরা শ্রেষ্ঠ এ ধরনের ঔপনিবেশিক বিশ্বাসকেই পোক্ত করে। বিংশ শতাব্দীতে বেলজিয়ামের সবচেয়ে আলোচিত চরিত্র সম্ভবত কমিক স্ট্রিপের কল্পিত নায়ক টিনটিনই। অদ্ভুত চুলের ছাঁটের এ তরুণ সাংবাদিক তার সঙ্গী ছোট্ট কুকুর স্নোয়ি আর প্রায় সারাক্ষণ মদে চুর জাহাজি বন্ধু ক্যাপ্টেন হ্যাডককে নিয়ে দুনিয়ার এ-মাথা থেকে ও-মাথা, এমনকি চাঁদেও পাড়ি জমায়। জনপ্রিয় এই কার্টুন-চরিত্রের স্রষ্টা জর্জ রেমি, যিনি তাঁর কলম-নাম হার্জে নামেই বেশি পরিচিত।মামলাকারী মোনডোনডোর আইনজীবীর বক্তব্য, বইটিতে অগ্রহণযোগ্য বর্ণবাদী ও জাতিগত ঘৃণার উদ্রেক করে, এমন শব্দ রয়েছে। কালো মানুষেরা নিকৃষ্ট, এ ধারণা প্রকাশ করার জন্যই তা করা হয়েছে।টিনটিন ইন দ্য কঙ্গোতে কয়েকটি দৃশ্য চিত্রিত হয়েছে, যা অনেকের কাছেই আপত্তিকর মনে হতে পারে। যেমন সামান্য খড়ের তৈরি একটা টুপি নিয়ে কঙ্গোর গ্রামবাসীরা মারামারি করছে। দুই আর দুইয়ে কত হয়, তা হিসাবে হিমশিম খাচ্ছে সে দেশের স্কুল-শিক্ষার্থীরা। শ্বেতাঙ্গ শাসকদের মেধার প্রশংসা করছে ভক্তিতে গদগদ কঙ্গোবাসী। আদালত এসব বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখার আদেশ দিয়েছেন।১৯৮৩ সালে প্রয়াত হার্জে অবশ্য অনেক আগেই এ সম্পর্কে দুঃখ প্রকাশ করেছেন। ওই বইয়ের কিছু বিষয়কে তরুণসুলভ অসাবধানতা হিসেবে বর্ণনা করে হার্জে বলেছেন, বইটিতে তৎকালীন প্রচলিত সংস্কার বা ধারণারই প্রতিফলন ঘটেছে কেবল।টিনটিন নিয়ে এ ধরনের কথা এবারই প্রথম নয়। ২০০৭ সালেই যুক্তরাজ্যের বর্ণবৈষম্যবিষয়ক নজরদারি সংস্থা ‘ইউকে কমিশন ফর রেসিয়াল ইক্যুয়ালিটি রায় দেয় টিনটিন ইন দ্য কঙ্গো বইটিতে ‘দৃষ্টিকটু বর্ণবাদী বিশ্বাসের ছাপ’ রয়েছে। বইটি নিষিদ্ধ করারও আহ্বান জানায় কমিশন। এরপর থেকে ব্রিটেনে সতর্কতামূলক স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে কমিকটি। অবশ্য কমিশনের বিবৃতির পর বিক্রি এত বেড়ে যায় যে অ্যামাজন বেস্টসেলার তালিকার পাঁচ নম্বরে উঠে আসে টিনটিন ইন দ্য কঙ্গো। বেলজিয়ামে মোনডোনডোর লড়াই মোটেও সহজ হচ্ছে না। দারুণ প্রতিরোধের মুখে পড়ছেন তিনি। বইটির বিরুদ্ধে মোনডোনডো তিন বছর আগেই প্রথম ফৌজদারি আদালতে যান। কিন্তু এখনো পর্যন্ত অগ্রগতির কোনো লক্ষণ না দেখে গেছেন দেওয়ানি আদালতে। মামলাটির শুনানিতে আগের আদালতের কোনো আগ্রহ ছিল কি না তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। সমালোচকেরা বলেন, টিনটিনের স্রষ্টা জর্জ রেমি নিজে এমন এক সমাজের সৃষ্টি, যা আফ্রিকায় অন্যতম নিষ্ঠুর উপনিবেশ চাপিয়ে দিয়েছিল। বেলজিয়ামের উপনিবেশ ছিল কঙ্গো। ১৯০৮ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত ৮০ লাখ মানুষের হত্যার জন্য ওই ঔপনিবেশিক শক্তিকে দায়ী করা হয়ে থাকে। টিনটিন সিরিজের বইগুলো ইংরেজি, বাংলা, আরবি, ভিয়েতনামি ও হিন্দিসহ ৫০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। সব মিলিয়ে টিনটিন সিরিজের বই বিক্রি হয়েছে ২০ কোটি কপিরও বেশি। জর্জ রেমি নাৎসিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে কেউ কেউ অভিযোগ করেন। টিনটিন সিরিজের অনেকগুলো লেখা তৎকালীন শীর্ষস্থানীয় পত্রিকা লো সোয়াখ-এ প্রকাশিত হয়েছে। ওই সময় পত্রিকাটি ছিল নাৎসিদের নিয়ন্ত্রণে।তবে টিনটিন গবেষক মাইকেল ফার বলেন, তদন্ত করে পাওয়া গেছে রেমি দণ্ডনীয় কিছু করেননি। ইহুদিদের অবমাননার অভিযোগও রয়েছে রেমির বিরুদ্ধে। তাঁর দ্য শুটিং স্টার বইয়ে ব্লুমেনস্টাইন নামের একটি খারাপ লোকের চরিত্র রয়েছে। এ সম্পর্কে ফার বলেন, দেখলেই বোঝা যায় ব্লুমেনস্টেইন একজন ইহুদি। এ জন্য রেমি দুঃখ প্রকাশ করেছেন। পরে চরিত্রটির নামও বদলে দেন তিনি। তবে রেমির ব্যাপারে গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লরেন্স গ্রোভের মনোভাব বেশ কঠোর। তাঁর দাবি, রেমি একজন সুবিধাবাদী। গ্রোভ বলেন, রেমির জনপ্রিয়তার একটি কারণ হলো তিনি সময়ের প্রবণতাকে অনুসরণ করেছেন। যখন নাৎসি হওয়া কেতাদুরস্ত ছিল, তখন ছিলেন নাৎসি। আবার যখন ঔপনিবেশিক বর্ণবাদী হওয়া ছিল ‘বুদ্ধিমানের কাজ’ তখন তা-ই ছিলেন।জর্জ রেমিকে নিয়ে বিতর্ক নিশ্চিতভাবেই আরও কয়েক বছর ধরে চলতে থাকবে। কারণ তাঁর জনপ্রিয় কার্টুন-চরিত্র টিনটিন নিয়ে হলিউডে নির্মিত তিনটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে কয়েক বছরের মধ্যে।নানা সমালোচনা সত্ত্বেও রেমিকে একজন ‘দক্ষ শিল্পী’ হিসেবে বর্ণনা করেছেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের প্রভাষক লরেন্স গ্রোভ। তাঁর মতে, সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন রেমি।সূত্র: বিবিসি ও আইরিশ টাইমস