বর্ণবৈষম্য বিলোপ দিবসে 'আমরা'

বাংলাদেশের নানা জনপদে গত দুই বছরের বিভিন্ন সাম্প্রদায়িক হামলা নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডিতে অলিয়ঁস ফ্রঁসেস ঢাকার লা গ্যালারিতে। ‘ইন দ্য নেইম অব...’ শিরোনামে এই প্রদর্শনীর আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা’ (অ্যালায়েন্স ফর মিটিগেটিং রেসিজম অলটুগেদার)। বাংলাদেশ সহ দুনিয়ার দেশে দেশে বর্ণবৈষম্যের প্রতি সবার নজর ফেরাতেই ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবসকে ঘিরে গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন হয়। প্রদর্শনী চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।
সাদা আর কালোতে, জাতি আর ধর্মের নানা বর্ণবাদী বৈষম্যে নিপীড়িত হয়েছেন, সহিংসতায় প্রাণ দিয়েছেন অগণিত মানুষ। আবার এই বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রামেও প্রাণ দিতে হয়েছে অগণিত মানুষকে। দক্ষিণ আফ্রিকার শার্পভিলে রাষ্ট্রের বর্ণবাদী আইন পাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে নিহত হলেন ৬৯ জন মানুষ। সেও অর্ধশতাব্দী পার হয়ে গেল। ১৯৬০ সালের ২১ মার্চ ওই বর্বর হত্যাকাণ্ডের দিনটিকেই ১৯৬৬ সালে আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। কিন্তু দুনিয়া থেকে এখনও বর্ণবৈষম্য দূর হয়ে যায়নি। বরং দিন দিন রাজনৈতিক সংঘাতের হাতিয়ারে পরিণত হচ্ছে সাম্প্রদায়িক নিপীড়ন-সংঘাত-হামলা। বাংলাদেশও যে তার ব্যতিক্রম নয় সেই চিত্রই উঠে এসেছে এই আলোকচিত্র প্রদর্শনীর ছবিগুলোতে।

গত দুই বছর ‘আমরা’ সদস্য একদল উদ্যমী তরুণ-তরুণী ছুটে গেছেন দেশের নানা জনপদে। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে, তাঁদের আর্থিক ও নৈতিক সমর্থন দিতে। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো স্বেচ্ছাসেবীদের সেসব সফরের সময় তোলা। উদ্যমী এই তরুণ-তরুণীরা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের খবরাখবর সংগ্রহ করে, তাঁদের জন্য জরুরি সহযোগিতার হিসেব করে তাৎক্ষণিকভাবেই সেগুলো জানিয়ে দিচ্ছিলেন ‘আমরা’-এর ফেসবুক পেইজের মাধ্যমে। সংগঠনটির সেই উদ্যোগে সেসময় বিপুল সাড়াও পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে ওঠা এই পুরো প্রক্রিয়াটিই শুরু হয়েছিল ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা শাহবাগ আন্দোলন চলাকালে দেশের নানা জনপদে একের পর এক সাম্প্রদায়িক হামলার পরিপ্রেক্ষিতে।

শুক্রবার বিকেলে এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি সনজীদা খাতুন, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি ও প্রতিষ্ঠাতা পরিচালক আক্কু চৌধুরী।
২০ মার্চ থেকে শুরু হওয়া ‘ইন দ্য নেইম অব...’ শিরোনামে এই প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত। রবিবার ও সরকারি ছুটির দিন ছাড়া গ্যালারি খেলা থাকবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার গ্যালারি খোলা থাকবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।