বর্ণমেলার হাত ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম আলোর উদ্যোগে বর্ণমেলার আয়োজন সবাইকে সচেতন করে তোলে বাংলা সংস্কৃতি, বিশেষ করে বাংলা ভাষার প্রতি। বর্ণমালা নিয়ে যে বর্ণমেলা, এটা সৃষ্টিধর্মী। বর্ণমেলা নিয়ে যে প্রদর্শনীটি হয়, তার আয়োজনটার শুরু বেশ আগে থেকে। শিশু-কিশোরদের কাছে আহ্বান করা হয় নতুন নকশায় নতুন বর্ণ সৃষ্টি, তা যেকোনো মাধ্যমেই তৈরি করা যেতে পারে। শিশু-কিশোরদের উদ্ভাবনী শক্তিকে উসকে দেওয়া আর কি। শুধু বর্ণের নকশার মধ্যে এই সৃজনকর্ম সীমাবদ্ধ নয়, শব্দ তৈরির প্রচেষ্টা লক্ষ করার মতো। বিস্মিত হয়েছি। চাল দিয়ে কিংবা ধান দিয়ে ‘অ’ বর্ণমালাটি তৈরি করে অন্ন শব্দটি বানানো। মার্বেল সাজিয়ে ‘খ’ অক্ষরটি বানিয়ে শব্দ তৈরি করা হলো খেলা। তেমনি বোতাম সাজিয়ে বোতাম শব্দটি বানানোর পরিকল্পনা অভাবনীয়। এসব বর্ণচিত্র দিয়ে সুন্দর প্রদর্শনী সবাইকে অবাক ও মুগ্ধ করে। 
বিস্ময়াভিভূত হয়ে দেখি, মাঠের মাঝখানে লুডু খেলার ছক্কা বড় আকারে ছেলেমেয়েদের খেলার সামগ্রী হিসেবে। মজার ব্যাপার হচ্ছে, ছক্কার ছয়টা দিকেই বাংলা হরফ আঁকা। বাচ্চারা সেই বিরাট ছক্কা চার-পাঁচজনে উল্টেপাল্টে ঠেলেঠুলে নিয়ে শব্দ বানাচ্ছে। এ ছাড়া তো রয়েছে ছবি আঁকা। দুই হাত মেলে, সাত রং ঢেলে যা খুশি, তা-ই আঁকা—কী আনন্দ! শুধু কাগজে কেন? নিজের টি-শার্ট নিজেই নকশা করো। অন্য খেলা তো আছে। ছোট বোনের হাতেখড়ি, কে দিচ্ছেন হাতেখড়ি? নামী লেখক, নামী শিল্পী, তাঁদের সঙ্গে ছবি তোলা, তাঁদের অটোগ্রাফ সংগ্রহ করা—কী বিরাট সঞ্চয়!
শুধু কি তা-ই? এখানে হচ্ছে আবৃত্তি, থাকছে গান। শিশুদের মন ছুঁয়ে যাচ্ছে সেসব। এই আনন্দের মধ্যেই নজর পড়েছে নাগরদোলায়। কয় পাক ঘুরে নিই। গুনে গুনে পাক খাওয়া। আরও অনেক নতুন নতুন খেলা নিশ্চয়ই আবিষ্কার করা যাবে বর্ণমালার হাত ধরে, আগামী দিনের বর্ণমেলাতে।

একনজরে
 মোট আয়োজন: ঢাকায় ৫ (২০১০-২০১৪)
চট্টগ্রামে ৩ (২০১২-২০১৪)
 প্রতিযোগিতা: বর্ণশোভা
ছবি আঁকা
হাতের লেখা
 মোট প্রতিযোগী: ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে ২৪ হাজার
মোট বিজয়ী: ৯৭
আয়োজক: প্রথম আলো

কাইয়ুম চৌধুরী
শিল্পী