বর্ণাঢ্য আয়োজনে খেলাঘরের ৬০ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাঙ্গণজুড়ে সহস্র প্রাণের মেলা, কল-কাকলি। একপাশে চলছে বাবুল জলদাসের ঢোলবাদন। আর মঞ্চে শিশু-কিশোরদের কণ্ঠে সমবেত সংগীত। আনন্দ-উচ্ছ্বাসে ডিসি হিলের মুক্তমঞ্চে গত শুক্রবার ৬০ বছর পূর্তি উদ্যাপন করল খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখা। এ উপলক্ষে আয়োজন করা হয় শিশু-উৎসব।‘আনন্দ উৎসবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রদীপ্ত প্রজন্ম গড়ে তোলো’ স্লোগানে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমণ্ডলীর সদস্য শিল্পী লায়লা হাসান। উদ্বোধনের পর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে খেলাঘর চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন পদার্থবিদ ও বিজ্ঞান লেখক অধ্যাপক মুহাম্মদ ইব্রাহিম। অতিথি ছিলেন সাংবাদিক জসীম চৌধুরী, খোরশেদ আলম, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জিয়াউদ্দিন আহম্মদ, রথীন সেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রোজী সেন।প্রধান অতিথি ড. মুহাম্মদ ইব্রাহিম তাঁর বক্তব্যে বলেন, ‘একটি সুন্দর দেশ গড়তে হলে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সব ক্ষেত্রে শিশুদের কাজ করার স্বাধীনতা দিয়ে বিজ্ঞানকে জনপ্রিয় করতে হবে। শিশুদের কিছু চাপিয়ে দেওয়া যাবে না।’শিল্পী লায়লা হাসান বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলনের সময়ে গড়ে ওঠা খেলাঘর সেই সুন্দর সমাজ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। এই সংগঠন শুধু সংস্কৃতিচর্চার ক্ষেত্র নয়, দেশ ও জাতির বিভিন্ন ক্রান্তিকালেও সবার আগে এগিয়ে এসেছে।’আলোচনা অনুষ্ঠান শেষে খেলাঘর আয়োজিত গণিত উৎসব এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। সুকুমার রায় রচিত হযবরল নাটকটি পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শেষ হয়।