বর্ণাঢ্য আয়োজনে শিশুবরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে লাল গোলাপ, মাথায় কাগজের মুকুট—খুশিতে আত্মহারা খুদে শিক্ষার্থীরা। দীঘিনালার দুর্গম ইন্দুমনি কার্বারিপাড়ার পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যরকম আয়োজনে বরণ করা হলো প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের। এ উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিশুর ক্ষমতায়ন প্রকল্প আয়োজন করে শিশুবরণ অনুষ্ঠানের। প্রাক-প্রাথমিক শিক্ষা শেষে প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ৩২ জন খুদে শিক্ষার্থীকে বরণ করা হয়। পরিচালনা কমিটির সভাপতি জ্ঞান রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম। তিনি লাল গোলাপ ও মাথায় কাগজের মুকুট পরিয়ে শিশুদের বরণ করে নেন।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিশু ক্ষমতায়ন প্রকল্পের সমন্বয়ক বিনোদন ত্রিপুরা, চাকমা ভাষা কমিটির সদস্য আনন্দ মোহন চাকমা, অভিভাবক সন্তোষ চাকমা, শিশুর ক্ষমতায়নের বিদ্যুৎ জ্যোতি চাকমা প্রমুখ। বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশু মিনা চাকমা, ধন গুল চাকমা, ও পিয়াসী চাকমা ও বলে, ‘খুব খুশি লাগছে। প্রতিদিন বিদ্যালয়ে আসব। দুষ্টুমি করব না, পড়ালেখা করব।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর ত্রিপুরা জানান, শিশুদের বিদ্যালয়মুখী করতে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন করা হচ্ছে। বিদ্যালয়ের জরিপ এলাকার মধ্যে শতভাগ শিশু বিদ্যালয়ে ভর্তি হয়েছে।