বর্ণিল অনুষঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পোশাক অনেকেরই কেনা শেষ। এবার চাই তার সঙ্গে মিলিয়ে জুতা ও ব্যাগ। হালফ্যাশনের জুতা আর ব্যাগ নিয়ে বলেছেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান।‘উৎ সব মানেই রঙিন ক্ষণ। তাই সেই ক্ষণের অনুষঙ্গটিও হয় রঙিন। সে দিকটি মাথায় রেখে এবারের জুতা-ব্যাগের রঙিন রাজত্ব। লাল, নীল, গোলাপি, সবুজ—সব ধরনের রঙিন ব্যাগ-জুতার ফ্যাশন চলছে এখন। পোশাকের রঙের সঙ্গে সেগুলো মানিয়ে যাবে খুব সহজে। ব্যাগের মধ্যে ক্লাচ ব্যাগ আর জুতার মধ্যে চটি জুতা দেখতে যেমন ফ্যাশনেবল, পরতেও আরামদায়ক।’ এভাবেই বললেন মাহিন খান।আড়ংয়ের বিপণন কর্মকর্তা তাসনিম হোসেন বলেন, পোশাকে যেমন দেশীয় চেতনার বিকাশ ঘটেছে, তেমনি জুতা আর ব্যাগের ক্ষেত্রেও। এবারের ঈদে চামড়া, কাঠ, পুঁতি, হাতে তৈরি জুতা আর ব্যাগ চলছে বেশি। ক্লাচ, ঝোলা আর হাতব্যাগে করা হয়েছে পানের বাটা, বোতল, বাক্সসহ বিভিন্ন আকৃতি। তার সঙ্গে যোগ করা হয়েছে এমব্রয়ডারি, পাথর আর ডুপিয়ান কাপড়ের ঝিলিক।ক্লাচ ব্যাগ ও হাতলসহ ছোট গোছের ব্যাগগুলো চলছে বেশি। পাশাপাশি তরুণ বয়সীদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ঝোলা ব্যাগও। ‘জুতার মধ্যে অল্প হিলের ফুল, পাথর কিংবা বড় বোতামসহ জুতাগুলো বিক্রি হচ্ছে ভালো। আর আরামদায়ক বলে চটি জুতা পছন্দ করছে সব বয়সী মেয়েরাই।’ বললেন ঢাকার বসুন্ধরা সিটির জুতার দোকান সাজানার বিক্রেতা আবদুল করিম।যাঁরা এখনো ঈদের নতুন জুতা-ব্যাগ কিনতে বেরিয়ে পড়েননি, তাঁদের জন্য মাহিন খানের পরামর্শ হচ্ছে পোশাকের সঙ্গে মেলানোর পাশাপাশি আপনার ব্যক্তিত্বের সঙ্গে সেটি কতটুকু মানানসই, তা বিবেচনা করার।তরুণীরা ফতুয়া, টপস, স্কার্ট কিংবা জিনসের সঙ্গে পরতে পারেন চটি ও ফিতাসহ জুতা আর কাঁধে ঝুলিয়ে নিতে পারেন ঝোলা ব্যাগ। বাজারে বিভিন্ন নকশার রঙিন ক্লাচ ব্যাগ পাওয়া যাচ্ছে। কিনতে পারেন সেগুলো। শাড়ি ও সালোয়ার-কামিজের সঙ্গে রং মিলিয়ে নির্বাচন করতে পারেন সেগুলো। এর সঙ্গে চটি কিংবা কম হিলের জুতাও হবে মানানসই। যাঁরা পেনসিল হিল পছন্দ করেন, তাঁরা আগে পরে দেখে নিন সেটা আরামদায়ক কি না।জুতার সঙ্গে ব্যাগের সামঞ্জস্যতার দিকে একটু নজর রাখার পরামর্শ দেন মাহিন খান। জুতা ও ব্যাগ এক রঙের হতে হবে তা নয়, তবে জুতার নকশা ও ব্যাগের নকশার একটু মিল রাখতে পারেন। অথবা ব্যাগের কারুকাজের থেকে যেকোনো একটি রং বেছে নিয়ে সেই রঙের জুতা পরতে পারেন।জানিয়ে দেওয়া হলো ব্যাগ-জুতার দরদাম।আড়ংয়ে পাবেন জয়পুরি, কোলাপুরি ধাঁচের জুতাসহ হালকা বা কম হিলের কাঠ ও চামড়ার তৈরি কারুকাজ করা জুতা। দাম ৪০০-১,৫০০ টাকায়। ডুপিয়ানের ওপর রঙিন ক্লাচ ব্যাগ, চামড়ার হাতব্যাগও মিলবে আড়ংয়ে, ৪০০-২,০০০ টাকায়।মায়াসিরে পাবেন জমকালো এমব্রয়ডারি আর পাথরের চটি জুতা ৮০০-২,৪০০ টাকায়। রঙিন কারুকাজ করা ক্লাচ ব্যাগ পাবেন ১,২০০-২,২০০ টাকায়। ফরচুনার রাপা প্লাজা, রাইফেলস স্কয়ার, নিউমার্কেট, গুলিস্তান, মিরপুরের সব শাখায় পাবেন আবহাওয়া উপযোগী স্যান্ডেল। এনা লা মোডে সব বয়সী মেয়েদের নকশা জুতা ও ব্যাগ মিলবে। এ ছাড়া বসুন্ধরা শপিং মল, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, পিংক সিটি, নিউমার্কেটসহ নগরের বিভিন্ন শপিং মলেই মিলবে হালফ্যাশনের জুতা ও ব্যাগ। সেখান থেকে বেছে নিন আপনারটি।দামদর ক্লাচ ব্যাগ ৮০০-১,৬৫০ টাকা, পার্টি ব্যাগ ৬০০-২,০০০ টাকা, চটি জুতা ১৫০-৫৫০ টাকা, জমকালো পার্টি স্যান্ডেল ৭৫০-২,২০০ টাকা।